গর্দভ
আজ আমি তিনজন গর্দভের কাহিনি বলব, যারা আরেকজনকে ভয় দেখাতে গিয়ে নিজেরাই মাঘ মাসের শীতে গভীর রাতে পুকুরে নেমেছে। বলা বাহুল্য, সেই তিনজনের একজন আমি!২০০৮ বা ২০০৯ সাল। সেবার প্রচণ্ড শীত পড়েছিল। এর মধ্যে আমি শীতের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছি। সঙ্গে বিখ্যাত শিশির ভাই, রাজীব আর শুভ। গ্রামের বাড়ি উত্তরবঙ্গে। সেখানে শীত আরও বেশি। সব মিলিয়ে চারদিকে ফ্রিজের মতো ঠান্ডা। শিশির ভাই কোন কুক্ষণে একবার নেপাল গিয়েছিলেন, সেই সুবাদে বাড়িতে পৌঁছানোর পর থেকেই আমাদের ওপর সমানে ছড়ি ঘোরাচ্ছেন। আমরা কেউ ‘উউইহ শীত!’ বা এ-জাতীয় কিছু মুখ থেকে বের করলেই হয়, শুরু হয় যায় তার লেকচার, ‘এ আর এমন কী শীত? শীত কী জানতে হলে যা নেপালে। পানি পর্যন্ত বরফ হয়ে আছে!’ অথচ নিজে কিন্তু ঠিকই এই ‘এমন কী শীতে’ও ডাবল সোয়েটার পরে ঠকঠক করে কাঁপছেন। প্রথম দিন কোনো রকমে সহ্য করলেও দ্বিতীয় দিন আমরা চরম বিরক্ত হয়ে উঠলাম। আরে বাবা, শীতের দিনের মজাটাই তো ‘হু উ উ উ’ করে ঠান্ডায় কাঁপার মধ্যে। সেটাই করতে না পারলে চলবে কীভাবে? তাই বাধ্য হয়ে আমি, শুভ আর রাজীব সিদ্ধান্ত নিলাম, শিশির ভাইকে একটা শিক্ষা দেব। আমার দাদুবাড়িতে দুটো পোষা কুকুর ছিল। প্ল্যান করলাম, ওগুলো দিয়েই ওনাকে ভয় দেখাব। কিন্তু সমস্যায় ফেলল কুয়াশা। রাতের বেলায় যে রকম কুয়াশা পড়ে, তাতে একেবারে গায়ের ওপর উঠে না পড়লে কালো কুকুর দুটোর চেহারাও দেখা যাবে না। এই সমস্যার সমাধান করল মিতুয়া, আমার স্থানীয় এক বন্ধু। ওর বাসায় পাওয়া গেল ফসফরাস। কেন কিনেছিল খোদাই মালুম! তবে ওটা আমাদের বেশ কাজে লাগল। রাতের বেলা কুকুর দুটোর গায়ে ভালোমতো ফসফরাস লাগাতেই ওগুলো যেন একেবারে জ্বলতে লাগল! এদিকে আমি শিশির ভাইকে পুকুরপাড়ে নিয়ে গিয়ে ফালতু আলাপ জুড়ে দিলাম। ঠান্ডায় একেবারে মাথা থেকে পা পর্যন্ত জমে যাচ্ছে। আশপাশে নরখাদকেরা থাকলে হয়তো আইসক্রিম হিসেবেই খেয়ে ফেলত! কথা বলতে বলতে দেখি মিতুয়া আমাদের সামনে দিয়ে হেঁটে গেল। এটা একটা সংকেত। এর মানে শুভ আর রাজীব কুকুর দুটোকে আমাদের ঠিক পেছনে রেখে গেছে। আমি শিশির ভাইকে বললাম, ‘চলেন, ঘরে যাই।’ শিশির ভাই ঘরে ফেরার জন্য পেছন ফিরলেন এবং জ্বলজ্বলে কুকুরগুলোকে দেখে তার আত্মা উড়ে গেল। উনি গগনবিদারী এক চিৎকার দিয়ে উল্টো দিকে দৌড় দিলেন। ভয়ে তার মাথা গুলিয়ে গেছে। সামনেই যে পুকুর সেটা আর মনে নেই। ফলাফল ‘ঝপাং’ করে শব্দ এবং আমাদের অট্টহাসি। কিন্তু আমাদের হাসি ম্লান করে শিশির ভাইয়ের গলা ভেসে এল, ‘আমি সাঁতার জানি না...আমাকে বাঁচাও... আমাকে বাঁচাও!’পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কী কারণে আমাদের তিনজনকে সে রাতে পুকুরে নামতে হয়েছিল। ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট।