গর্বের অর্জনের জাদুঘর

মধ্যদুপুরে গিয়েছিলাম রাজধানীর আগারগাঁওয়ে। ঠা ঠা রোদে সরকারি দপ্তরে আসা মানুষের আনাগোনায় এলাকা সরগরম। সেখানে আইডিবি ভবনের সামনে থেকে পঙ্গু হাসপাতালের সামনে আসতেই ডানে স্বাগত জানাল মুক্তিযুদ্ধ জাদুঘর। আমাদের মুক্তিযুদ্ধের বাতিঘর। ৩ মে দুপুরে এগিয়ে যাই জাদুঘরের দিকে।

রাস্তার পাশ থেকে সিঁড়ি ভেঙে দ্বিতীয় তলায় উঠেই সামনে পড়ল প্রজ্বলিত শিখা। ডানে মুক্তমঞ্চ। বাঁ দিকে উন্মুক্ত জায়গায় সাতটি স্তম্ভ। অগ্নিশিখার কাছে যাই। দেখতে অনেকটা অতিকায় মোমবাতি। গা বেয়ে অবিরত পানি পড়ছে। অগ্নিশিখার ওপরের দিকে মাথা তুললে মুক্ত আকাশ। একদল দর্শনার্থী সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন।

চারপাশটা খোলামেলা। বাঁ দিকে টিকিট কাউন্টার। সেখানে যেতে যেতে চোখে পড়ল ওপরে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত একটি বিমান, বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় চার নেতার ভাস্কর্য। এক পাশে কাচে লেখা ভবন নির্মাণে সহায়তা করা মানুষদের নাম, এমন আরও অনেক কিছুই। এই ভবন শুধু ইট-সিমেন্ট-কংক্রিটের আধুনিক স্থাপত্য নয়, তার চেয়ে বেশি কিছু।

গন্তব্য গ্যালারি

২০ টাকায় টিকিট কেটে র্যাম্পে হেঁটে যেতে হলো চতুর্থ তলায়। জাদুঘরের চারটি গ্যালারির দুটি এই তলায়। সিঁড়ি বা লিফটে পঞ্চম তলায় গিয়ে দেখা যাবে বাকি দুটি। একেকটি গ্যালারিতে ঢোকার মুখে গ্যালারি নম্বরের সঙ্গে লেখা আছে ছোট একটি করে বাক্য। ‘আমাদের ঐতিহ্য, আমাদের সংগ্রাম’, ‘আমাদের অধিকার, আমাদের ত্যাগ’, ‘আমাদের যুদ্ধ, আমাদের মিত্র’, ‘আমাদের জয়, আমাদের মূল্যবোধ’—যা প্রতিনিধিত্ব করে গ্যালারির চরিত্র।
প্রথম গ্যালারিতে তুলে ধরা হয়েছে বাংলার প্রাচীন সভ্যতার নানা নিদর্শন—জীবাশ্ম, পোড়ামাটির শিল্প, খুঁজে পাওয়া প্রাচীন দুর্গ ও বিহারের আলোকচিত্র। কালের পরিক্রমায় এভাবেই একসময় চলে আসে ইংরেজ শাসনামল। জানা হয়, মাস্টারদা সূর্য সেনের মতো ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবীদের বীরত্বগাথা। বিপ্লব আর বিরোধের হাত ধরে আসে দেশভাগ। জন্ম হয় পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের। প্রদর্শনীর আলোকচিত্র হাজির করেছে পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়। শেষ হয় ১ নম্বর গ্যালারি।

১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। সেই শপথ গ্রহণের আলোকচিত্র ২ নম্বর গ্যালারির প্রদর্শনীতে। আলোকচিত্র দেখে এগোতে থাকলে চোখে পড়ে স্বাধীনতাকামী ছাত্রদের তুঙ্গস্পর্শী আন্দোলন, সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, উত্তাল মার্চে মুক্তিকামী মানুষের আরও নানা উদ্যোগ।
২৫ মার্চ, কালরাত—সময় যেন থমকে দাঁড়ায়। শুরু হয় মুক্তিযুদ্ধ। পাকিস্তানি বাহিনীর নৃশংসতা। উদ্বাস্তু মানুষ ছুটতে থাকে আশ্রয়ের আশায়।
৩ নম্বর গ্যালারি শুরু হয়েছে ভারতের শরণার্থীশিবিরের আলোকচিত্র দিয়ে। ছবিগুলো যেন মানবেতর জীবনের এক উপাখ্যান। নির্দেশনা ধরে এগিয়ে গেলে আলোকচিত্র, পোস্টার আর স্মারকে মূর্ত হয়ে ওঠে মুক্তিযুদ্ধের বাকি দিনগুলো। সেক্টর কমান্ডারদের নেতৃত্বে সংগঠিত মুক্তিবাহিনী, গণবাহিনীর তৎপরতা, পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা, নারীদের ওপর বর্বরতা, আন্তর্জাতিক মহলের তৎপরতা, জনযুদ্ধের নায়কদের সফল অভিযান এবং যৌথ বাহিনীর অভিযান।
ঠাৎ থামকে দাঁড়াতে হয় শহীদ বুদ্ধিজীবীদের স্মারক দেখে। আর্দ্র মন নিয়ে আরও সামনে এগোলে দেখা যায় পোড়া কাঠ। পাকিস্তানি বাহিনী আদিম উল্লাসে পুড়িয়েছিল কেরানীগঞ্জের বাড়িটি। সে পোড়া বাড়ির কাঠ এগুলো। অন্য পাশে স্বাধীন বাংলাদেশের সংবিধান। মধ্যে বসার জায়গা। গ্যালারি থেকে বেরোনোর সময় চোখ আটকায় পত্রিকার কালজয়ী সেই শিরোনামে—‘জয় বাংলার জয়’।
চারটি গ্যালারি ঘুরতে ঘুরতে মনে দাগ কাটে শত শত আলোকচিত্র, দলিল, মুক্তিযুদ্ধের স্মারক। একমনে দাঁড়িয়ে যা শুধু অনুভব করা যায়। এই অনুভূতি কখনো প্রিয়জন হারানোর কষ্টের, কখনো বীরত্বের।

১৬ শহীদের স্মারক
২৫ থেকে ২৭ মার্চ বা সে সময় অপহৃত হওয়ার পর শহীদ হওয়া ১৬ জনের ব্যবহৃত স্মারক জায়গা পেয়েছে এখানে। এটি ২ নম্বর গ্যালারির অংশ। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবের লেখা দর্শনশাস্ত্রের বই, ১৯৭১ সালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মামুন মাহমুদের ইউনিফর্ম, কবি মেহেরুন্নেসার কবিতার পাণ্ডুলিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতার নোটবই, সৈয়দপুরের ডাক্তার জিকরুল হকের কোট, চিকিৎসার যন্ত্রপাতিসহ শহীদের ব্যবহৃত নানা স্মারক।
আট ট্রাস্টির অদম্য চেষ্টা
‘আমরা মুক্তিযুদ্ধ প্রজন্মের আটজন—সাত ভাই চম্পা, এক বোন পারুল। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমাদের কিছু স্বপ্ন ছিল। এরই ফসল ১৯৯৬ সালে সেগুনবাগিচায় ভাড়া বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা।’ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী প্রথম আলোয় লেখা ‘স্বপ্নপূরণের কাহিনি’ শিরোনামে একটি নিবন্ধে জাদুঘর শুরুর উদ্যোগের কথা এভাবেই বর্ণনা করেছেন। তাঁর লেখায় সাত ভাই চম্পা হলেন সারওয়ার আলী নিজে, আক্কু চৌধুরী, মফিদুল হক, আসাদুজ্জামান নূর, আলী যাকের, জিয়াউদ্দিন তারিক আলী, রবিউল হুসাইন ও সারা যাকের।
এই আটজন ট্রাস্টির অদম্য চেষ্টাতেই শুরু হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। ‘তখন যাত্রা শুরুটাই বড় বিষয় ছিল। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করতে হবে এবং মানুষের কাছে মেলে ধরতে হবে—এই ধারণা নিয়েই আমাদের যাত্রা। সে যাত্রাকে সবাই বরণ করে নিল। এটাই মুক্তিযুদ্ধ জাদুঘরের শক্তি। এই শক্তিতেই নানাভাবে জাদুঘর সমৃদ্ধ হতে থাকল।’ বলেন মফিদুল হক। ৩ মে শেষ বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে বসে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। কথায় কথায় তিনি জাদুঘরের শুরুর অভিযাত্রা যেমন বিস্তৃত করলেন, তেমনি বললেন জাদুঘরের নবযাত্রার গল্প।
গত দুই দশকে তাঁদের উদ্যোগে অংশী হয়েছেন দেশের লাখো মানুষ। সাধারণ মানুষ তাঁদের আগলে রাখা স্মৃতিময় সংগ্রহ যেমন দিয়েছেন, তেমনি যুক্ত হয়েছেন সহায়তা করে। এভাবেই সমৃদ্ধ হয় জাদুঘরের আর্কাইভ। একসময় সংগ্রহের সংখ্যা দাঁড়ায় ১৫ হাজারে। তবে সেগুনবাগিচার স্বল্প পরিসরে প্রদর্শিত হতো মাত্র ১ হাজার ৩০০ স্মারক।
ট্রাস্টিদের স্বপ্ন ছিল স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের। সে পথেও অনেকটা এগোনো তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আগারগাঁওয়ে প্রায় এক একর জমি সরকারি বাজারমূল্যে বরাদ্দ পায় মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জমিটি চূড়ান্তভাবে হস্তান্তর করে। মফিদুল হক বলেন, ‘জায়গা পাওয়া গেল। ভবন নির্মাণের জন্য নকশা প্রতিযোগিতা আহ্বান করা হলো। ৭০টি নকশা জমা পড়েছিল। তরুণ স্থপতি তানজিম হাসান ও নাহিদ ফারজানার নকশা নির্বাচিত হলো।’
শুরু হলো জাদুঘর নির্মাণের কাজ। সরকারি অনুদান, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সহায়তায় এগোতে থাকল জাদুঘরের কাজ। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন নতুন ভবন। সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রদর্শনী শুরু হয় জাদুঘরের। তার আগে ১২ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়েছে সেগুনবাগিচায় অবস্থিত পুরোনো জাদুঘর।
মফিদুল হক বলেন, ‘আমরা একটি স্থায়ী জাদুঘর চেয়েছি। কিন্তু এটি স্বপ্নেরও বাইরে। এই স্বপ্নের বাইরের একটা ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সমাজের আলোর বাইরের মানুষ, নতুন প্রজন্ম সবার অংশগ্রহণেই।’

কালরাতের নৃশংসতা
পর্দা সরিয়ে ভেতরে ঢুকতেই আঁতকে উঠতে হলো। দেয়াল ভেঙে একটি মিলিটারি জিপ যেন ছুটে আসছে এদিকেই। তার পাশে পর্দায় ভেসে উঠছে অপারেশন সার্চলাইট নামে নিরীহ মানুষ হত্যার মিলিটারি অভিযান। সামনে আরেকটি কালো পর্দা সরালে তারকাঁটায় ঘেরা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের দুই পাশে ধ্বংসস্তূপের মধ্যে আধভাঙা দেয়াল। সেখানে রয়েছে আলোকচিত্র। এগুলো কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার প্রতিচ্ছবি।

রেহানার জামা
বিষাদময় করে তোলে রেহানার জামা। খুলনার সেনাহাটির চার মাস বয়সী রেহানার জামা যেন পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় নৃশংসতার প্রতীক। রেহানার বাবা আবদুস ছালাম খান একদল মুক্তিযোদ্ধার দলনেতা ছিলেন। স্থানীয় দালালদের সহায়তায় পাকিস্তানি বাহিনী আসে রেহানার বাবাকে ধরতে। তাঁকে না পেয়ে বুট দিয়ে পিষে হত্যা করে ছোট্ট রেহানাকে।

ঐতিহ্য ও শ্রদ্ধার স্তম্ভ
জাদুঘরের প্রবেশপথের বাঁ পাশে চোখে পড়ে সাতটি স্তম্ভ। সবুজ ঘাসের জমিতে এক সারিতে সটান দাঁড়ানো স্তম্ভগুলো। প্রতিটি স্তম্ভের মাথায় জুড়ে দেওয়া হয়েছে ধাতব শিখা। যেন সদা প্রজ্বলিত। মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এটির নির্মাণ। তবে স্তম্ভগুলো সাত বীরশ্রেষ্ঠর চেয়েও বেশি কিছু, বললেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এই স্তম্ভ আমাদের প্রাচীন বিদ্রোহের প্রতীক। তিনি বললেন, ‘এই স্তম্ভের নকশাটা আমরা নিয়েছি প্রায় ১ হাজার বছর আগের বিজয়স্তম্ভ থেকে। ১০৭০ সালে শাসক দেবপালের বিরুদ্ধে বাংলায় এক বিদ্রোহ হয়েছিল। এটি কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের স্মৃতিবাহী স্তম্ভ নওগাঁয় রয়েছে। তারই আদলে এসব স্তম্ভ।’

গেরিলা ক্যাম্প ও হাইড আউট
একটি টিনের তৈরি ঘরের আদলে তৈরি করা হয়েছে ‘গেরিলা ক্যাম্প ও হাইড আউট’। ৩ নম্বর গ্যালারির একটি অংশে গেরিলাযোদ্ধাদের ব্যবহৃত হাঁড়ি-পাতিলসহ ব্যবহৃত নানা স্মারক নিয়ে এটি তৈরি করা হয়েছে। স্মারকের সঙ্গে রয়েছে গেরিলাযোদ্ধাদের ঝোপঝাড়ে লুকিয়ে থাকার ছবি, অভিযান প্রস্তুতি ও স্থানীয় মানুষের এগিয়ে আসার আলোকচিত্র।
আরও পড়ুন...