গর্ভকালীন দাঁতের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভকালীন সময়ে নারীদের দাঁতের যত্ন বিষয়টি মা ও অনাগত শিশুর দাঁতের সুস্থতার জন্য জরুরি৷ এই সময়টাতে নারীরা দাঁত ও মাড়ি নিয়ে অনেক ভুগে থাকেন৷ এ নিয়ে আছে অনেক ভুল ধারণাও৷
কেন প্রদাহ?
গর্ভবতী নারীদের প্রায়ই দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত ঝরে৷ গর্ভাবস্থায় দেহে কিছু হরমোনের প্রতিক্রিয়ায় এসব সমস্যা হয়৷ মাড়ি বেশি সংবেদী থাকে এবং সহজেই রক্তপাত হয়৷ এসব সমস্যা এড়াতে নিয়মিত দাঁত পরিষ্কার রাখা, প্রয়োজনে দন্তমল পরিষ্কার করার জন্য স্কেলিং করা উচিত৷
দাঁত কি ক্যালসিয়াম হারাচ্ছে?
অনেকের ধারণা, গর্ভকালীন ও স্তন্যপান করানোর সময় দেহ থেকে ক্যালসিয়াম ক্ষয় হয় এবং এর প্রভাব দাঁতেও পড়ে৷ কিন্তু আসলে ব্যাপারটা তা নয়৷ গর্ভবতী মায়ের দাঁতের ক্যালসিয়াম কখনোই গর্ভস্থ শিশুর দাঁতে চলে যায় না৷ কিন্তু গর্ভস্থ শিশুর সুস্থ ও শক্ত দাঁত গড়ে তোলার জন্য মাকে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে৷
চিনি, মিষ্টি বেশি নয়
গর্ভকালীন সময়ে মিষ্টি, চকলেট বা আইসক্রিম-জাতীয় খাবারের প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে৷ কিন্তু মূল আহারের মধ্যবর্তী সময়গুলোতে খুব মিষ্টি বা শর্করাজাতীয় খাদ্য গ্রহণ বন্ধ রাখা প্রয়োজন৷ তা ছাড়া, মিষ্টি বা চকলেটজাতীয় দ্রব্য খেয়ে দাঁত ব্রাশ করার অভ্যাস দরকার৷
বুকের দুধই যথেষ্ট
বুকের দুধে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ও পুষ্টিকর উপাদান রয়েছে, যা শিশুর মজবুত দাঁত গড়তে সাহায্য করবে৷ শিশুদের ছয় মাস বয়সে ওঠা দুধ দাঁতেও ক্যারিজ হওয়ার সম্ভাবনা থাকে৷ ফিডার বা বোতলে খাওয়ালে এই ঝুঁকি বেড়ে যায়৷ l দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল|