গর্ভবতী নারীর সকালে সুস্থতা
সকালে ঘুম থেকে উঠেই অস্বস্তি শুরু। বমি বমি ভাব ও মাথাটা দু-একবার চক্কর দেওয়া। খাবারের গন্ধে তীব্র অরুচি। তারপর দৌড়ে বাথরুমে। ক্রমাগত বমি। তারপর অবসন্নতা আর দুর্বলতা। গর্ভবতী মায়েদের প্রথম তিন মাসের প্রতিদিনের এ সমস্যার নাম মর্নিং সিকনেস। গর্ভাবস্থায় রক্তে কিছু বিশেষ হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় এটি হয়।অধিকাংশ গর্ভবতী নারীর এই সমস্যায় মা বা গর্ভস্থ শিশুর স্বাস্থ্যে তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া না পড়লেও একেবারেই খেতে না পারলে বা প্রচণ্ড বমি হলে ওজন হ্রাস, পানিশূন্যতা, শরীরে লবণের অভাব দেখা দিতে পারে। বমির সঙ্গে রক্ত গেলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। খাদ্যাভ্যাস বা জীবনাচরণে কিছু ছোটখাটো পরিবর্তন মর্নিং সিকনেসের উপসর্গ অনেকটাই কমাতে পারে।—খালি পেটে এই উপসর্গগুলো বেশি হয়। তাই সারা দিনে অল্প অল্প করে বারবার খেতে হবে। —সকালে বিছানা ছাড়ার আগেই কিছু শুকনো খাবার, যেমন টোস্ট, ক্র্যাকার্স, মুড়ি চিবিয়ে নিন।—খাদ্যগ্রহণের আধঘণ্টা পর্যন্ত পানি বা তরল খাবেন না। কিন্তু দুই খাবারের মধ্যবর্তী সময়ে প্রচুর পানি বা তরল পান করবেন।—খাওয়ার পরপরই শুয়ে না পড়ে খানিকটা হাঁটাহাঁটি করুন বা সোজা হয়ে বসে বই পড়ুন।—পর্যাপ্ত বিশ্রাম নিন।—পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। যা খেতে ভালো লাগছে তাই গ্রহণ করুন। জোর করে কিছু খাবেন না। স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল।