গর্ভবতীর জন্য আয়োডিন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভকালীন খাদ্যতালিকায় যথেষ্ট পরিমাণে আয়োডিন না থাকলে আসন্ন শিশুর আইকিউ কমে যেতে পারে, বিজ্ঞানীরা সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন। আয়োডিন একটি গুরুত্বপূর্ণ খনিজ, যা আমাদের থাইরয়েড গ্রন্থির হরমোন তৈরিতে বিশেষ ভূমিকা রাখে এবং গর্ভস্থ শিশুর মস্তিষ্ক গঠনের জন্য এটি খুবই জরুরি। সাধারণত দুধ, দুগ্ধজাত দ্রব্য ও মাছে রয়েছে প্রচুর আয়োডিন।এক সমীক্ষায় দেখা গেছে, অন্তত দুই-তৃতীয়াংশ গর্ভবতী নারী আয়োডিনের অভাবে ভুগছেন। তাঁদের অনেকেই পরবর্তী সময়ে কম বুদ্ধিসম্পন্ন শিশু জন্ম দিতে পারেন। সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে বিজ্ঞানীরা এই দিকটি তুলে ধরে বলেন, প্রতিটি গর্ভবতী নারীর উচিত আয়োডিনযুক্ত খাদ্য যেমন দুধ, দুগ্ধজাত দ্রব্য ও মাছ বেশি করে গ্রহণ করা। তবে আয়োডিন সম্পূরক বা কিছু সামুদ্রিক আগাছা, যাতে প্রচুর আয়োডিন রয়েছে, সেগুলো সরাসরি গ্রহণ না করতেই পরামর্শ দিয়েছেন তাঁরা। কেননা এগুলোতে হয়তো প্রয়োজনের অতিরিক্ত আয়োডিন আছে। এর আগে জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছিল, নয় বছর বয়সী শিশুদের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, যেসব শিশুর মায়েরা জন্মের আগে কম আয়োডিনযুক্ত খাবার খেয়েছেন, তারা এই সময় এসে স্কুলে অন্যদের তুলনায় খারাপ করছে। সূত্র: টেলিগ্রাফ।