গর্ভস্থ সন্তানের ভবিষ্যৎ সুস্বাস্থ্যের জন্য করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গর্ভাবস্থার শেষ ভাগে স্ফীত উদর এবং গর্ভের শিশুর নড়াচড়া, লাথি ইত্যাদিসহ নানা জটিলতার কারণেও অনেক নারীর ঘুমের সমস্যা হতে পারে। ছবিটি প্রতীকী।
গর্ভাবস্থার শেষ ভাগে স্ফীত উদর এবং গর্ভের শিশুর নড়াচড়া, লাথি ইত্যাদিসহ নানা জটিলতার কারণেও অনেক নারীর ঘুমের সমস্যা হতে পারে। ছবিটি প্রতীকী।

গর্ভাবস্থার শেষ দিকে অনেক হবু মায়েরই ঘুমের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এ নিয়ে মোটেই হেলাফেলা করা যাবে না। গবেষকেরা বলছেন, যে মায়েরা গর্ভাবস্থার তৃতীয় ভাগে (২৭ থেকে ৪০ সপ্তাহ) ভালোভাবে ঘুমাতে পারেন না, তাঁদের সন্তানের বড় হয়ে মুটিয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের এ বিষয়ক গবেষণা প্রতিবেদনটি ‘ডায়াবেটিস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গর্ভাবস্থার শেষ ভাগে স্ফীত উদর এবং গর্ভের শিশুর নড়াচড়া, লাথি ইত্যাদিসহ নানা জটিলতার কারণেও অনেক নারীর ঘুমের সমস্যা হতে পারে। কিন্তু দেশটির ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন গর্ভবতী নারীদের এ সময়ে ভালো ঘুমের জন্য কিছু পরামর্শ দিয়েছে। এখানে সেগুলো তুলে ধরা হলো—

১. গর্ভের ভ্রূণে এবং জরায়ু ও কিডনিতে যথাযথ রক্ত সঞ্চালনের জন্য বাঁ দিকে কাত হয়ে শোয়ার চেষ্টা করুন। দীর্ঘ সময় ধরে চিত্ হয়ে শুয়ে থাকা এড়িয়ে চলুন।

২. সারা দিন প্রচুর পানি খেলেও শোয়ার আগে বেশি পানি না খাওয়াই ভালো।

৩. স্বাস্থ্য ঠিকঠাক রাখতে নিয়মিত হালকা ব্যায়াম করুন। এতে রক্ত সঞ্চালন ঠিক থাকবে এবং পায়ে জড়তার সমস্যা হবে না।

৪. সারা দিন ধরেই হালকা খাবারদাবার খান। এতে পাকস্থলী সব সময়ই কিছুটা ভরা থাকবে এবং বমি ভাব কম হবে।

৫. গর্ভাবস্থার উপযোগী বিশেষ বিছানা ও বালিশ ব্যবহার করতে পারেন। তা না পারলে সাধারণ বালিশ তোশকই শরীরকে আরামদায়ক করে ঘুমানো ও বিশ্রামের ব্যবস্থা করুন।

৬. দিনে অল্প সময়ের জন্য হলেও ঘুমানোর অভ্যাস করা যেতে পারে। সপ্তাহে অন্তত দু-তিন দিন অল্প করে ঘুমালেও উপকার পেতে পারেন।

৭. শরীরকে ভারমুক্ত করে শ্বাস-প্রশ্বাস নেওয়ার অভ্যাস শুরু করুন গর্ভাবস্থার শুরু থেকেই। এতে শরীরে প্রচুর অক্সিজেন সঞ্চালন ঘটবে এবং শরীর সুস্থ থাকবে।