গলফ মাঠেই হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের পাশে পর্যটন করপোরেশনের বিশাল গলফ মাঠ। আর এই মাঠেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গলফ মাঠে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য জমি বরাদ্দের অনুমোদন দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালে বাংলাদেশে আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে ১৬টি দেশ অংশ নেবে। একই সময় আটটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টি-২০ মহিলা বিশ্বকাপ ক্রিকেট। তখন কক্সবাজারের এই স্টেডিয়ামে কম করে হলেও আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২২ এপ্রিল আইসিসি ও বিসিবির ১১ সদস্যের একটি পরিদর্শক দল গলফ মাঠ পরিদর্শন করেন। আইসিসি দলের প্রধান ক্লাইভ হিচকটের নেতৃত্বে ওই দলে ছিলেন, ইভেন্ট ডিরেক্টর ক্রিস টেটলি, ব্রডকাস্ট ডিরেক্টর পল ঘোষ, টুর্নামেন্ট ডিরেক্টর ধীরাজ মালহোত্রা, ফিকার সেক্রেটারি ইয়ান স্মিথ ও উডহ্যাম টুলস, বিসিবির কর্মকর্তা ডা. আই এইচ মলিক, লোকমান হোসেন ভুঁইয়া, মাহাবুব আনাম ও আ জ ম নাছির উদ্দিন।বিসিবি গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান লোকমান হোসেন ভুঁইয়া বলেন, আইসিসি পরিদর্শক দল গলফ মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন এবং ২০১৪ সালের টি-২০ বিশ্ব প্রমিলা ক্রিকেট টুর্নামেন্টের ভেন্যু হিসেবে এটিকে চূড়ান্ত করেছেন। বিসিবির আর্থিক সহযোগিতায় গলফ মাঠের ৫ দশমিক ৬৬ একর জমির ওপর তৈরি করা হবে আন্তর্জাতিক মানের ওই ক্রিকেট কমপ্লেক্স। এখন জমিটি ঘিরে মাঠের উন্নয়নকাজ চলছে। সিজেকেস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ২০১৪ সালে বাংলাদেশসহ আটটি দেশের অংশগ্রহণে মহিলা টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কক্সবাজারে এর আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন। কিন্তু জমি নিয়ে জটিলতায় এত দিন স্টেডিয়াম তৈরি সম্ভব হয়নি। এখন শেখ হাসিনার আগ্রহে গলফ মাঠে সেই স্টেডিয়াম তৈরি হচ্ছে। এতে জেলার ২৪ লাখ মানুষ খুশি। সমুদ্রতীরের এই স্টেডিয়াম এখানকার পর্যটনশিল্পের উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও ব্যাপক প্রসার ঘটাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের বদৌলতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতের সৌন্দর্য ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। তখন বিদেশি পর্যটকের আগমনও বেড়ে যাবে।