গলফের নেশায় দাবানল উপেক্ষা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার নেশায় অনেকেই অনেক ঘটনা ঘটিয়েছেন। প্রিয় দল খেলায় হেরে যাওয়ায় টেলিভিশন ভাঙচুর কিংবা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ার ঘটনা তো অনেক সময়ই সংবাদ শিরোনাম হয়। খেলোয়াড়েরাও কম যান না। তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন গলফারের একটি ছবি অনেককেই হতবাক করেছে। ছবিটি দেখে মনে হবে, গলফে মেতে থাকা ওই খেলোয়াড়েরা যেন পেছন থেকে ধেয়ে আসা দাবানলকে গুরুত্বই দিচ্ছেন না।

যুক্তরাষ্ট্রে গলফ অন্যতম একটি জনপ্রিয় খেলা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর পূর্বসূরিদের ছুটির সময়টায় প্রায়ই এই খেলা বেশ আলোচলায় থাকে। এই তো গত আগস্ট মাসেই ১৭ দিনের ছুটিতে ট্রাম্প গিয়েছিলেন নিউ জার্সির বেডমিনস্টারে। সেখানে ব্যক্তিগত গলফ ক্লাব ছিল তাঁর ছুটি কাটানোর অন্যতম জায়গা।

ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়া ছবিটি ওরেগন অঙ্গরাজ্যের বিকন রক গলফ কোর্সের। গত বৃহস্পতিবার থেকে এটি নিয়ে আলোচনা চলছে। এতে দেখা যায়, একদল গলফার খেলায় মেতে আছেন। পেছনে যে দাবানল ধেয়ে আসছে, সেদিকে খেয়ালই নেই তাঁদের। শুধু টুইটারেই ছবিটিতে লাইক পড়েছে ২ লাখ ২০ হাজার। রিটুইট হয়েছে ১ লাখ ১০ হাজারবার।

প্রথমদিকে অনেকেই ভেবেছিলেন, ছবিটি হয়তো ভুয়া। ফটোশপের মাধ্যমে সম্পাদনা করে ছেড়ে দেওয়া হয়েছে অনলাইনে। কিন্তু বিকন রক গলফ কোর্স নিজেদের অফিশিয়াল পেজে ছবিটি শেয়ার করার পর সবার ভুল ভাঙে।

অরেগনলাইভ ডটকম নামের একটি সংবাদমাধ্যম জানায়, ছবিটি তুলেছিলেন ক্রিস্টি ম্যাকক্লুয়ার নামের একজন। তিনি দাবি করেছেন, ছবিটি ভুয়া নয়। গত ২ সেপ্টেম্বর স্কাই ডাইভিংয়ের সময় দাবানলের আগুন তাঁর চোখে পড়ে। এর কয়েক দিন পর ক্যামেরা হাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। বিকন রক গলফ কোর্সে পৌঁছে ছবিটি তোলেন তিনি। তবে সে সময় তিনি এবং গলফাররা কেউ বিপদের ঝুঁকিতে ছিলেন না বলে জানান ক্রিস্টি।

এই দাবানল এরই মধ্যে ৩৩ হাজার একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়েছে। এর কারণে বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হয়েছে।