গলফের প্রেমে ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস
ফেরদৌস

ইদানীং গলফ খেলার প্রেমে পড়েছেন ফেরদৌস। এ প্রেম তাঁকে বেশ ভালোভাবেই আসক্ত করেছে। তাই নাকি ছুটির দিনের চার-পাঁচ ঘণ্টা এখন গলফ মাঠেই কাটে তাঁর।
ফেরদৌস বললেন, ‘আগে ছুটির দিনে সময় কাটাতাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। মাস তিনেক হলো, আমি গলফ খেলা শুরু করেছি। শুরুতে এটা শুধুই শখ ছিল। এখন তো নেশা হয়ে গেছে। খুবই উপভোগ করছি। কুর্মিটোলা গলফ ক্লাবের সবাই আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। তাঁরা এও বলেছেন, চলচ্চিত্রে আমি যেমন নায়ক, গলফ মাঠে যেন নায়ক হয়ে দেখাই। তাঁদের সবার আন্তরিকতায় আমার উৎসাহ ও ভালো লাগা কয়েক গুণ বেড়ে গেছে।’
কুর্মিটোলা গলফ ক্লাব এবং আর্মি গলফ ক্লাব—দুটোরই সদস্য ফেরদৌস। তবে ফেরদৌস নিয়মিত গলফ খেলছেন কুর্মিটোলায়। বললেন, ‘এই তো গত বুধবার দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের সঙ্গে দেখা হলো। তাঁকে দেখে তো আমার হাত-পা কাঁপা শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা। তাঁকে দেখে আমি যতটা না ভীত, তাঁর চেয়ে বেশি উৎসাহ নিয়ে তিনি আমার কাছে এলেন। গলফ খেলার বেশ কিছু টিপস শিখিয়ে দিলেন। যা আমাকে সত্যি মুগ্ধ করেছে।’
চিত্রনায়ক ফেরদৌসের জন্ম ঢাকা সেনানিবাসে। বেড়ে ওঠা সেখানেই। সেই সুবাদে ছোটবেলা থেকেই গলফ খেলার প্রতি আলাদা একটা ভালো লাগা ছিল। ইচ্ছেও ছিল নিয়মিত গলফ খেলার। কিন্তু নানা কারণে গলফ খেলা তখন হয়ে ওঠেনি। তবে ফেরদৌসের মন থেকে গলফের অনুরাগ মুছে যায়নি।
ইদানীং ফেরদৌস তাঁর চলচ্চিত্রের পরিকল্পনায় নিয়েছেন বেশ কিছু পরিবর্তন। তাই গলফ খেলায় ভালোভাবেই মনোনিবেশ করতে পারছেন বলে জানান ফেরদৌস।
ফেরদৌসের সঙ্গে তাঁর বড় মেয়ে নুজহাতও গলফ খেলতে যায়। ছোট মেয়ে নামিরার গলফ খেলার বয়স না হলেও বাবা এবং বোনের সঙ্গী হিসেবে মায়ের সঙ্গে থাকেন মাঠে। ফেরদৌস বললেন, ‘গলফ খেলতে যাওয়ার সময় দুই মেয়ে ও তাদের মাও সঙ্গে থাকে। খেলাও হলো, পরিবারকেও সময় দেওয়া হলো। চলচ্চিত্রের ব্যস্ততায় দুই মেয়েকে নিয়ে খুব একটা বের হওয়া সম্ভব হতো না। কিন্তু গলফ সে সুযোগটা করে দিয়েছে। খেলা শেষে ফেরার পথে মায়ের সঙ্গে দেখা এবং একসঙ্গে খাওয়াদাওয়া করেও আসছি। কখনো তা দুপুরে আবার কখনো রাতে।’
জানতে চাইলাম ভবিষ্যতে আবার কোনো গলফ টুর্নামেন্টে আপনাকে দেখা যাবে না তো? ‘অসম্ভব কিছু দেখছি না। গলফারও হয়ে যেতে পারি কিন্তু—হাসতে হাসতে বললেন ফেরদৌস।
সিনেমার শুটিংয়ের কারণে নানা জায়গায় যেতে হয়। আর স্ত্রী তানিয়া রেজা পাইলট হওয়ার কারণে তাঁকেও বেশ ব্যস্ত সময় পার করতে হয়। পরিবারের সবাইকে সময় দেওয়ার জন্য ফেরদৌসের একমাত্র ভরসা ফোন। আর তাই স্ত্রীর সঙ্গে মিলিয়ে ছুটির দিনে বিকেলে দুই মেয়েকে নিয়ে বের হন। ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়াদাওয়া আর ঘোরাফেরা শেষে বাসায় ফিরেন। খাবারের মধ্যে দুই মেয়েরই পছন্দ কেএফসি আর পিৎজা হাটের খাবার বলে জানান ফেরদৌস।
সিনেমার মানুষ ফেরদৌস নিজেও সিনেমার পোকা। আগে যখন-তখন ছবি দেখলেও ইদানীং গলফ খেলা আর মেয়েদের নিয়ে ঘোরাফেরা শেষে বাসায় ফিরে সময় নিয়ে ছবি দেখতে বসেন বলে জানান ফেরদৌস। বললেন, ‘টিভিতে ট্রেলার দেখেই ছবির তালিকাও তৈরি করেন। এরপর মার্কেট থেকে একসঙ্গে আট-দশটা ছবি বাসায় নিয়ে আসি। সেগুলো দেখি। সর্বশেষ দেখেছি ব্র্যাড পিটের ফিউরি।’
গত বছরের শেষ দিকে ফেরদৌস অভিনীত এক কাপ চা ছবিটি মুক্তি পায়। এটি ছিল প্রযোজক ফেরদৌসের প্রথম ছবি।