গলিত লোহা ছিটকে পড়ে আহত ৫ শ্রমিক
রাত জেগে লোহার রড উৎপাদনের কাজ করছিলেন তাঁরা। ক্রেন থেকে গলিত লোহার একটি বালতি ছিঁড়ে পড়ে গেল নিচে। মেঝেতে দাঁড়ানো পাঁচ শ্রমিকের গায়ে পড়ল গলিত তরল উত্তপ্ত লোহা। মুহূর্তে ঝলসে গেল তাঁদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে নগরের বেবি সুপার মার্কেট-সংলগ্ন ইসলাম স্টিল মিলে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।আহত শ্রমিকেরা হলেন মো. ইলিয়াস (৩০), মো. ফালু মিয়া (৪৫), হাসান মিয়া (২৫) ও জাহাঙ্গীর আলম (২২)। এর মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হন নোয়াখালীর চৌমুহনী এলাকার মো. ইসমাইল। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। এঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার সময় ওপর থেকে লাফ দিয়ে মেঝেতে পড়ে জাহাঙ্গীর আলম পায়ে আঘাত পান। তাঁকে হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়। বাকি শ্রমিকদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।বার্ন ইউনিটের চিকিৎসক মো. শাহাবুদ্দিন খালেদ বলেন, ইসমাইলের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁর ৯০ শতাংশ পুড়ে গেছে। বাকি তিনজনের পোড়া প্রায় ১০ শতাংশ।জানা গেছে, প্রায় ২৫ জন শ্রমিক রাতের পালায় কারখানাটিতে কাজ করছিলেন। দুর্ঘটনায় আহত শ্রমিকদের আর্তচিৎকার শুনে অন্যান্য বিভাগের শ্রমিকেরা সেখানে জড়ো হন। আহত শ্রমিকদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় যন্ত্রণায় ছটফট করতে থাকেন তাঁরা।আহত হাসান মিয়া জানান, ‘হঠাৎ করে চেইন থেকে একটি বালতি খুলে গিয়ে দুর্ঘটনা ঘটে। ইসমাইলের গায়ে বেশি পড়ে। সে খুব কাছাকাছি ছিল।’এ প্রসঙ্গে খুলশী থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ‘দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে। আহত পাঁচ শ্রমিকের মধ্যে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক। আমরা এখনো এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারিনি।’