ঘুমিয়েছিস?—হুম্।—আমার ঘুম আসছে না রে!—হুম্।—উফ্! কারেন্ট কি আর আসবে না?—হুম্।—উফ্ মশা রে, জ্বালিয়ে মারল।—হুম্।—আজকের দিনটাই তো কেবল হারামজাদাদের সঙ্গে কুস্তি লড়া। কাল বাড়িতে গিয়েই...আহ্! শান্তির ঘুম!—হুম্।—কি হুম্ হুম্ করছিস? ঠিকমতো কথা বল!—বলছি তো।—আচ্ছা চল, এক কাজ করি !—এত রাতে আমি কোনো কাজটাজ করতে পারব না।—আরে শোন না! চল, একটা গল্প বানাই!—কিসের গল্প? তোর আর তোর পরানের কুহু কুহু কোকিলা নীলুর গল্প?—আরে নাহ্। এমনিই, তুই আর আমি শুয়ে শুয়ে মুখে মুখে একটা গল্প বানাই চল। গল্পের শুরুটা কী হতে পারে, বল তো?—সে বহুকাল আগের কথা, তখন এ দেশে বিদ্যুত ছিল।—আরে নাহ্। রূপকথা টাইপ না। মনে কর, গল্পের শুরুটা হলো এমন, এই ধর আমাদের মতোই দুই বন্ধু, শুয়ে শুয়ে কথা বলছে...—হুম্।—তারপর কী হতে পারে?—তারপর তারাও আমাদের মতো গল্প তৈরির খেলা খেলছে।—হা হা হা ! হুম্। এটা ভালো বলেছিস! তারপর তাদের একজন ঠিক আমার মতো করেই বলল, হুম্। এটা ভালো বলেছিস! হা হা হা! —হুম্।—আমাদের মতোই ধর তাদের পরীক্ষা শেষ হয়েছে। ঈদের ছুটি। পরদিন তারা বাড়ি যাবে। গভীর রাত। বাইরে ঝোড়ো বাতাস বইছে ! ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে...!—এসব আবার কই পাইলি? বাইরে তো দূরের কথা, ঘরের ভেতরেও তো বিদ্যুৎ নেই! গাছের একটা পাতাও নড়ে না, আর...—আরে তাতে কী, ব্যাটা? কল্পনা কর!আচ্ছা, তারপর কী হবে বল তো? এভাবে না হয় ওরা অনেকক্ষণ গল্প করল, হাসি-তামাশা করল, তারপর?? আচ্ছা, গল্পের শেষটা কী হতে পারে, তাই বল!—গল্পের শেষে এক বন্ধু আরেক বন্ধুকে খুন করে ফেলবে!—আরে আজব! খুন করবে কেন?!—ধর কোনো পুরোনো ক্ষোভ আছে।—তাই বলে খুন ?! এতক্ষণ এত হাসি-তামাশা করে শেষে খুন এল কোথায় থেকে?—আরে তুইই তো বললি, কল্পনা করতে!—আরে ধুর! মজাটাই নষ্ট করে দিলি। তোর মাথায় কি ভালো কিছু আসে না?—আচ্ছা যা, গল্পের শেষে তারা নীলু বেগমের সঙ্গে সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল।—তারা মানে কী? তুইও কি নীলুর সঙ্গে সংসার করবি নাকি? নীলুর সঙ্গে তো তোর সম্পর্ক কবেই শেষ! তুই নিজেই তো শেষ করেছিস!—উফ্। কী সব হাবিজাবি শুরু করেছিস? ঘুমা!রাত গভীর হয়ে আসে। দুই বন্ধুর একজনের চোখে গভীর ঘুম। অন্যজন বিছানায় সোজা হয়ে বসে। তার মুখের মাংসপেশি শক্ত হয়ে আসে। চোখ দুটো জ্বলজ্বল করে...!মো. সাইফুল্লাহ [email protected]