গল্প কেনা
মৌরী আমার ছাত্রী। তৃতীয় শ্রেণীতে পড়ে। আমি ওর গৃহশিক্ষক। তবে ওকে এখন আমার ছাত্রী ভাবতে কষ্ট হয়। নিজের ছোট বোনের মতো ভাবতেই ভালো লাগে। প্রতিদিন পড়া শেষে মৌরী আমার কাছে গল্প শুনতে চাইত। আমিও বিভিন্ন শিক্ষামূলক গল্প ওকে শোনাতাম। একদিন পড়া শেষ করার পর ও আমার কাছে গল্প শুনতে চাইল। কিন্তু সেদিন আমার কোনো গল্পই মনে পড়ল না। ওদিকে মৌরীও নাছোড়বান্দা। ও গল্প শুনবেই। পরের দিন শোনাব বলে অনেক বুঝিয়ে ওকে শান্ত করলাম। ও বলল, ‘কালকে গল্প কিনে হলেও আমাকে গোপাল ভাঁড়ের গল্প শোনাতে হবে।’ আমি বাড়িতে এসে দেখি, আমার কাছে গোপাল ভাঁড়ের কোনো বই নেই। তাই বইয়ের দোকানে গিয়ে গোপাল ভাঁড়ের একটি বই কিনে আনলাম। সেই বই থেকে অপ্রচলিত কয়েকটি গল্প ভালোভাবে পড়ে নিলাম। পরের দিন মৌরীকে পড়া শেষ করে গোপাল ভাঁড়ের একটি গল্প শোনালাম। গল্প শোনা শেষ হলে ও জানতে চাইল, এই গল্প আমি কোথায় পেয়েছি। আমি তখন বললাম, ‘কিনে এনেছি।’ আমার কথা শুনে ও চোখ বড় বড় করে বলল, ‘গল্প কিনতে পাওয়া যায়! তাহলে আমিও সুন্দর সুন্দর গল্প কিনব।’ আমি বললাম, ‘কিনতে পাওয়া যায়, তবে বই আকারে।’ আমার এ কথার অর্থ বুঝতে না পেরে ও বোকার মতো চেয়ে থাকল। মেডিকেল পূর্ব গেট, রংপুর।