আশির দশকের গল্পকার প্রয়াত আলী শাহকে স্মরণ করতে তার ৫৩তম জন্মদিনে গত ৩১ মে অঙ্গন থিয়েটার ইউনিট ও রাদিয়া প্রকাশন এক স্মরণসভার আয়োজন করে। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্মৃতিতে, অক্ষরে আলীশাহ্’ শিরোনামের এই অনুষ্ঠানে তাঁর গল্পগ্রন্থ মহাপ্রলয়ের দিন–এর পাঠ উন্মোচনও হয়ে গেল। নাট্যজন চন্দন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে আশির দশকের সাহিত্যাঙ্গনের সবার প্রিয় মুখটির পরিচিতি পাঠ করা হয় এবং তাঁকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
শারদ মাযহারের উপস্থাপনায় অনুষ্ঠানে আলী শাহর জীবন ও লেখালেখি নিয়ে আলোচনা করেন নাট্যজন সনজীব বড়ুয়া, অধ্যাপক মহীবুল আজীজ, কবি রাশেদ রউফ, কবি এজাজ ইউসুফী, কবি জিললুর রহমান, কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, নাট্যজন মুনীর হেলাল, সালাউদ্দিন মো.মারুফ, মাহবুবুর রহমান, শতদল বিশ্বাস, শফিকুল হাসান , আব্দুল্লাহ ফারুক ও আলী শাহর বইয়ের প্রকাশক গোফরান উদ্দীন টিটু।
সভায় বক্তারা বলেন, ক্ষণজন্মা গল্পকার আলী শাহ্ ছিলেন অসাম্প্রদায়িক, মানবতাবাদী, বন্ধুবৎসল একজন মানুষ। তাকে ভোলার নয়। চিরতরুণ, চিরসবুজ আলী শাহ্ বেঁচে থাকলে বাংলা গল্প তাঁর অবদানে সমৃদ্ধ হতো।