গল্পগুলো ডালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ‘টেল অব পালসেস’ দেখছেন অতিথিরা
আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ‘টেল অব পালসেস’ দেখছেন অতিথিরা

দূর থেকে দেখলে মনে হয় মোজাইকে কেউ রংধনুর ছবি ফুটিয়ে তুলেছে। হালকা হলুদ, হলুদ, কমলা, গাঢ় সবুজ, হালকা সবুজ ও বেগুনি রঙের ধারা পর পর যেন গড়িয়ে পড়ছে। কিন্তু কাছে বোঝা যায় বিভিন্ন ধরনের ডাল-বীজ পাশাপাশি রেখে এই ছবি তোলা হয়েছে।

এই ছবিসহ খেসারি, ফেলন, মুগ, মসুর, বুট, অড়হরসহ প্রায় ১৪ ধরনের ডাল, শিম, বরবটি ও মটরের ছবি তুলেছেন নাজির উদ্দিন মাহমুদ। নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ১৯ ডিসেম্বর শেষ হয় তাঁর প্রথম আলোকচিত্র প্রদর্শনী ‘টেল অব পালসেস’। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)। আয়োজনে সহযোগিতা করেছে পিএইচপি শিল্প গ্রুপ ও আলিয়ঁস ফ্রঁসেজ।

২০১৬ সালকে ডাল–বর্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। মাংসের বিকল্প হিসেবে সস্তা আমিষ হিসেবে বিশ্বব্যাপী ডাল জনপ্রিয় করে তুলতেই এমন উদ্যোগ। ডাল চাষে কৃষকের তেমন পরিশ্রমের প্রয়োজন হয় না। সার ও সেচও লাগে না খুব বেশি। উৎপাদন খরচ কম বলে ডাল এখনো সাধারণ দরিদ্র মানুষের হাতের নাগালে আছে। তাই আমিষের ঘাটতি মেটাতে এই খাবারের গুরুত্ব অপরিসীম। ডালের এই মাহাত্ম্য প্রচার করতেই বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ডাল–বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছে জাতিসংঘ।

১৪ ডিসেম্বর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত, পিএইচপি পরিবারের চেয়ারম্যান নাজির উদ্দিন মাহমুদ, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার এবং উপপরিচালক গুরুপদ চক্রবর্তী।

প্রদর্শনীতে গাছ থেকে রান্নাঘর পর্যন্ত ডালের নানা বিবর্তনের ছবি ফুটিয়ে তুলেছেন নাজির উদ্দিন। কারখানায় মশুর ডালের খোসা ছাড়ানোর দৃশ্য থেকে শুরু করে শিমগাছের নতুন কুঁড়িও ছবির বিষয় হয়ে এসেছে। নাজির জানালেন, এক বছর ধরে চট্টগ্রামের সাতকানিয়া ও দোহাজির এলাকায় ঘুরে ডালের ছবি তুলেছেন। বাদ যায়নি ডালপুরি ভাজা ও ডাল রান্নার ছবিও।