গল্পগুলো চাঁদ সওদাগরের দিঘির

মনসামঙ্গল কাব্যর প্রধান চরিত্র চাঁদ সওদাগর স্থানীয় বাসিন্দাদের পানির সমস্যা মেটাতে খনন করেছিলেন দিঘিটি। এমন জনশ্রুতি আছে আনোয়ারার উত্তর বন্দর গ্রামের চাঁদ সওদাগরের দিঘি ঘিরে। প্রায় চার একর জায়গাজুড়ে বিস্তৃত এই দিঘি কবে খনন করা হয়েছিল তা জানেন না স্থানীয় বাসিন্দারাও।
চতুষ্কোণ দিঘিটির চারপাশে মেহগনি, আমসহ নানা জাতের গাছগাছালি। স্বচ্ছ জলে রোদ-ছায়ার খেলা চলে দিনভর। পাড়ে বসলে যে কারও মন জুড়িয়ে যায়। কেবল তা-ই নয়, যুগ যুগ ধরে গ্রামের বাসিন্দাদের পানির প্রয়োজনও মিটিয়েছে এই দিঘি।
বর্তমানে কোরিয়া রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) সীমানার মধ্যে পড়েছে বলে দিঘিটি দেখভালের দায়িত্বও ইপিজেড কর্তৃপক্ষের। তবে দর্শনার্থীদের জন্য এখনো উন্মুক্ত রাখা হয়েছে এটি। বহু লোককথা ও পৌরাণিক কাহিনি জড়িয়ে আছে এই দিঘিকে ঘিরে।
চাঁদ সওদাগরের দিঘির পাশে অবস্থিত বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সিদ্দিকী জানান দিঘিটি নিয়ে প্রচলিত কিছু উপকথা। তার একটি এমন—এলাকার দরিদ্র লোকজন আত্মীয়স্বজনের বিয়েশাদি অথবা সামাজিক অনুষ্ঠানের সময় দিঘির পাড়ে গিয়ে মানত করতেন। এর ফলে দিঘি থেকে অনুষ্ঠানের সরঞ্জামসহ সাম্পান ভেসে উঠত। অনুষ্ঠান শেষে ব্যবহারকারী আবার সেসব দিঘির জলে ডুবিয়ে দিতেন। তবে একবার একজন সরঞ্জাম নিয়ে আর ফেরত না দেওয়ায় এখন আর কিছু ভেসে ওঠে না।
সম্প্রতি দিঘিটি দেখতে গেলে চোখে পড়ে, কেইপিজেড কর্তৃপক্ষ দিঘির পরিচিতিফলক লাগিয়েছে। তবে, বর্তমানে দিঘির দক্ষিণ ও পূর্ব পাড়ের মাটি সরে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. মামুন বলেন, ‘দিঘিটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসেন, আমরা চাই এটির রক্ষণাবেক্ষণ করা হোক।’
দেয়াঙ পরগণার ইতিহাসের লেখক জামাল উদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, চতুর্দশ শতকের দিকে ব্যবসায়ী চাঁদ সওদাগর এ দিঘি খনন করেন। দিঘিটি থেকে বন্দরে নোঙর করা দেশ-বিদেশের জাহাজে পানি সরবরাহ করা হতো। দিঘির পাশেই দূর্গ ও কারাগার ছিল বলে তিনি জানান।
এমন একটি ঐতিহাসিক দিঘি সংরক্ষণের দাবি স্থানীয় বাসিন্দাদের। এ বিষয়ে কোরিয়া রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার (অব.) মোহাম্মদ হাসান নাসির প্রথম আলোকে বলেন, ‘চাঁদ সওদাগরের দিঘিটি রক্ষণাবেক্ষণে আমরা আন্তরিকভাবে কাজ করছি।’