বকশির হাট। প্রায় সাড়ে চার শ বছরের পুরোনো ব্যবসাকেন্দ্র। কাপড়, প্রসাধন, চুমকি, সুতা, মসলা, পাটি, বিয়েবাড়ি সাজানোর সরঞ্জামসহ বিচিত্র পণ্য মেলে এই জায়গায়। দ্রুত বদলাতে থাকা নগরে বকশির হাট যেন এক বিপণি-বিস্ময়। নতুন ও পুরোনো সময় হাত ধরাধরি করে চলেছে এখানকার অলিগলি ধরে। অনন্য এই বকশির হাট নিয়ে ব্যতিক্রমধর্মী প্রদর্শনী হয়ে গেল শিল্পকলা একাডেমীর গ্যালারির তৃতীয় তলায়।যোগ অলটারনেটিভ আর্ট স্পেসের উদ্যোগে ১৪ জন শিল্পীর আলোকচিত্র নিয়ে তিন দিনের এই প্রদর্শনী শেষ হয় ৭ এপ্রিল। কেন এই প্রদর্শনী? আয়োজকেরা জানান, সম্প্রতি নগরে ডকুমেন্টারি ফটোগ্রাফিবিষয়ক একটি কর্মশালা পরিচালনা করেন তরুণ আলোকচিত্রী কুমার বিশ্বাস। লন্ডন ইউনিভার্সিটি অব ফাইন আর্টসের ফটো জার্নালিজম ও ডকুমেন্টারি ফটোগ্রাফি নিয়ে মাস্টার্স করেছেন তিনি। সে অভিজ্ঞতার আলোকেই বকশির হাটকে ফ্রেমবন্দী করতে চাওয়া। কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের আলোকচিত্রে দেখা গেল অন্য রকম বকশির হাটকে।বকশির হাট শব্দটি উচ্চারণ করা মাত্রই চোখের ওপর ভেসে ওঠে বদর পাতির মাজার, পীতাম্বর শাহের দোকান, আছাদগঞ্জ ও খাতুনগঞ্জের পাইকারি হাটের বারোয়ারি ভিড় কিংবা পাশাপাশি দাঁড়ানো নতুন- পুরোনো দালানকোঠা। এ সবই বিষয় হয়ে এসেছে এই প্রদর্শনীতে। তবে প্রদর্শনীতে অংশ নেওয়া ১৪ আলোকচিত্রীর মধ্যে ১১ জনই রংতুলি নিয়ে কাজ করেন। চারুশিল্পীরা ক্যামেরাকে ব্যবহার করেছেন প্রকাশের মাধ্যম হিসেবে। তাই ডকুমেন্টারি ফটোগ্রফি গৎবাঁধা ফ্রেমে বন্দী থাকেনি, ভিন্ন মাত্রা যোগ হয়েছে প্রতিটি কাজে। পীতাম্বরের মসলার দোকান শিরোনামে করা শায়লা শারমিনের কাজটির কথাই ধরা যাক। শত বছরের পুরোনো এই প্রতিষ্ঠানে ‘বাঘের চোখ’ ছাড়া নাকি সব কিছুই মেলে। এমন জীবন্ত কিংবদন্তিকে স্থাপনা শিল্পের সাহায্যে মূর্ত করে তুলছেন তিনি। ব্যবহার করেছেন চট, আলোকচিত্র ও মসলা। অন্য শিল্পীদের মতো আলোকচিত্রকে ফ্রেমবন্দী করেননি মিশুক এহসান। বকশির হাটের পুরোনো ভবনের বাসিন্দাদের জীবনযাপনকে বায়োস্কোপের মাধ্যমে দেখিয়েছেন তিনি। ব্যস্ত বকশির হাট মাঝে মাঝে কিছু সময়ের জন্য জনশূন্য হয়ে পড়ে। নির্জন নিরিবিলি সেই পথের ছবি তুলেছেন রিয়াদ মাহমুদ।হোসাইন মাহমুদ পুরোনো দালানের দরজা, জানালা, দেয়াল ও প্রাচীরের টুকরো ছবি হাজির করেন। যেখানে লেখা রয়েছে বকশির হাটের শত বছর ধরে জমে থাকা গালগল্প। গীতালি ব্যান্ড পার্টি বকশির হাটের একটি পুরোনো বাদক দল। এই পেশার মানুষদের ফ্রেমবন্দী করেছেন কুমার বিশ্বাস। দর্শককে মুগ্ধ করেছে ওমর ফারুকের ফেইসেস ফ্রম বকশির হাট শিরোনামের কাজটি। নানা পেশার মানুষের পোর্ট্রেট যেন ভিন্ন ভিন্ন গল্প হয়ে ধরা পড়ে দর্শকের কাছে।জিহান করিম ভিডিও আর্টের মাধ্যমে উপস্থাপন করেছেন বকশির হাটের আলোছায়াময় পরিবেশ।মাছবাজারে মাছ কাটেন যামিনী দাস। তাঁকে চেনার কথা নয় দর্শকদের। তাঁর জীবনের গল্প ফ্রেমবন্দী করেছেন রাজু আচার্য।ভালো লেগেছে জাহেদ আলী, সুচয়ন পাল, জুবলী দেওয়ান, ফারহানা প্রিয়া, রূপায়ন বড়ুয়া ও সোহরাব জাহানের কাজ। নানা দিক থেকে বকশির হাটকে তুলে ধরেছেন তাঁরা। অনন্য বকশির হাটের কিছু মুহূর্ত হয়তো এভাবেই জীবন্ত হয়ে থাকল।