গল্পটা পদুয়া জমিদারবাড়ির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩০০ বছর আগের কথা। ১৮ শতকের শুরুর দিকে ময়মনসিংহ থেকে ভাগ্যান্বেষণে লোহাগাড়ার পদুয়া গ্রামে এসেছিলেন হতদরিদ্র ভোলানাথ গুপ্ত। তখন চট্টগ্রাম ছিল আরাকান রাজ্যের অংশ। মগ, চাকমা, মারমাসহ বহু আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ছিল তখন পদুয়ায়। প্রতিকূল পরিবেশে বনজঙ্গলে আচ্ছাদিত এই স্থানেই সমৃদ্ধির হাতছানি দেখেছিলেন ভোলানাথ। এখানে তাই সপরিবারে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন তিনি।ভোলানাথের অনুমান মিথ্যে হয়নি। পদুয়ায় এসে সত্যি ভাগ্য খুলে গিয়েছিল গুপ্ত পরিবারের। আর এই ভাগ্য বদলে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তাঁর বড় ছেলে রামমোহন গুপ্ত। রামমোহন ছিলেন মেধাবী ও সাহসী। তিনি স্থানীয় বাঙালিদের সংঘবদ্ধ করে আদিবাসীদের এলাকা থেকে বিতাড়িত করেন। তাদের ফেলে যাওয়া জায়গা জমি দখল করে গোড়াপত্তন করেন গুপ্ত স্টেটের। পরবর্তী সময় তিনি ব্রিটিশ শাসকদের কাছ থেকে জমিদারের স্বীকৃতি আদায় করেন। এভাবে শুরু হয় নতুন এক অধ্যায়ের। নিঃস্ব থেকে অল্প দিনেই রামমোহন হয়ে ওঠেন প্রচুর বিত্তবৈভবের মালিক। নির্মাণ করেন ১০০ কক্ষবিশিষ্ট অপূর্ব নির্মাণশৈলীর জমিদারবাড়ি। গুপ্ত পরিবারের ক্ষমতা ও প্রতিপত্তির প্রতীক এই বাড়িটি তিনটি শতাব্দী পার করেছে। বর্তমানে বাড়িটি একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালের সাক্ষী এই স্থাপত্য নিদর্শন রক্ষার দাবি জানিয়েছে পদুয়ার জনসাধারণ। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল এই বাড়িটি দুই ভাগে বিভক্ত। একটি বাইরের অংশ, অপরটি ভেতরের। বাইরের অংশে আছে কাচারি ঘর। এখানে জমিদারেরা বৈঠক করতেন, প্রজাদের অভিযোগ শুনতেন, বিচার করতেন। ভেতরের অংশটি হলো অন্দরমহল। বাড়িটির চারদিকে আছে বড় বড় পুকুর, দিঘি ও মন্দির।১৯৪৮ সালে পাকিস্তান-ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার পর জমিদারি প্রথা উচ্ছেদ হলে অবসান হয় ৩০০ বছরের জমিদারির। আর তখন থেকেই এই বাড়ির দুর্দশার শুরু। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় স্থানীয় রাজাকারেরা একটানা ৪০ দিন লুটপাট চালায় এই বাড়িতে। বহু মূল্যবান পুরাকীর্তি তখন লুট হয়। রাজাকারেরা বাড়ির একাংশে আগুনও লাগিয়ে দেয়।কালের সাক্ষী এই বাড়িটি দেখতে এখন অসংখ্য পর্যটক দূর-দূরান্ত থেকে আসে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষক সুনিল কুমার চৌধুরী জানান, এই ঐতিহ্য রক্ষা করলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানবে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা জানান, ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করতে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। তাই এই বাড়িটিও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে শিগগিরই।