গল্পটা ভুল বোঝাবুঝিরও হতে পারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতলি হেসে ফেলল। অথচ আমি ওকে রাগানোর জন্য কথাটা বলেছি। বরাবরই আমি ওর হাসি দেখে মুগ্ধ হই। হাসলে গালে একটা টোল পড়ে। ওপরের সারির দাঁতগুলো বের হয়। ঠোঁট দুটো একটু ফাঁকা হয়ে যায়। মুগ্ধ হওয়ার জন্য আসলে এসব মূল কারণ নয়। মুগ্ধ হতে হয় বলে হই, ব্যাপারটা তা-ও নয়। কিন্তু আমি মুগ্ধ হই! প্রতিদিন সকাল হওয়ার মতো ধ্রুব সত্য, ওর হাসি আমাকে মুগ্ধ করে। তার চেয়েও বড় সত্য, আমি ওকে ভালোবাসি।হাসি থামিয়ে আমার দিকে তাকাল তিতলি। বলল, ‘হ্যাঁ লাগে।’এবার আমার রাগ হলো। তীব্র রাগ নিয়ে ওর দিকে তাকালাম। ও আবারও হাসল।‘তবে একজনের সঙ্গে। তুই জানিস না, এটা তুই। তুই ছাড়া আমার কে আছে কথা বলার?’খুব যখন রেগে যায় তিতলি, তখন ‘তুই’ করে বলে। আমি ওকে নিষেধ করিনি। কারণ মাঝেমধ্যে, খুব আবেগ যখন ভেতরে চলে আসে, তখন আমিও বলি। ওই মুহূর্তটা কিন্তু আলাদা। অবশ্য তিতলির মাঝেমধ্যে আরও একটা জেদ চাপে। আমাকে সে আপনি করে বলবে। হঠাৎ হঠাৎ ফোন করে বলবে, ‘রবি, শোনো, আজ থেকে আমি তোমাকে আপনি করে বলব। বুঝছেন।’ আমি হেসে বলি, ঠিক আছে বোলো। আমিও তাহলে তোমাকে আপনি করে বলব।কিন্তু তা হবে না। শুধু ও-ই বলবে। আমি সম্মতি দেওয়ার পর বলবেও কিছুক্ষণ। তিতলির চলে যাওয়ার সময় হয়েছে। আমার সঙ্গে দেখা করে সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে। আমি ওকে রিকশায় তুলে দিই। বরাবরের মতো ও হাত নাড়ে। রিকশা চলার সময় যথারীতি পেছনের পর্দা সরিয়ে আমার দিকে তাকায়। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আসা একটু আলো পড়ে ওর মুখে। কী যে সুন্দর লাগে! বৃষ্টি নামার আগ মুহূর্তে আকাশ যেমন হয়, সে রকম মুখটা বানিয়ে হাসার চেষ্টা করে। আমি জানি, যেতে যেতে কমপক্ষে চারবার ফোন করবে। হলে পৌঁছে একবার। তারপর একটু পরপর।আজ ওর রিকশাটা চলতে শুরু করার পরই মনে পড়ে, ব্যাপারটা নিয়ে আমার গতকাল থেকে খারাপ লাগছে। যে ব্যাপারটা নিয়ে অনেক রেগে গিয়েও আমি প্রকাশ করিনি, যে ব্যাপারটা নিয়ে আমি কয়েক ঘণ্টা ধরে কয়েক শ বছরের সমান পুড়ছি, সে ব্যাপারটাই ওকে বলা হয়নি। কেন ওর ফোন গতকাল রাতে আমার সঙ্গে কথা বলার পর আবার ‘ওয়েটিং’ ছিল? কেন আমি জানতে চাইলাম না রাত একটার পর আমি ছাড়া ওর কার সঙ্গে কথা বলা জরুরি?তিতলি আর আমার সম্পর্ক চার বছর ১১ মাস। প্রেম ব্যাপারটা বুঝতে শেখার পরপরই ও আমাকে বেছে নিয়েছে। আর আমি প্রেম সম্পর্কে খানিকটা জেনেই ওর সঙ্গে নিজেকে জড়িয়েছি। কীভাবে এ প্রেমটা সম্ভব হলো, সে অন্য গল্প। সব প্রেমিকের মতো আমারও মনে হয়, প্রেমটা যেভাবে শুরু হয়েছে, এটাই পৃথিবীর শ্রেষ্ঠ শুরু হওয়া। এভাবে কেউ কখনোই হয়তো প্রেমে পড়েনি, করেওনি, করবেও না।তিতলির ফোনটা আজও ওয়েটিং। আমার মেজাজও গরম হয়ে গেল যথারীতি। গত বছর যে জ্বর হয়েছিল, সেটাও এত গরম করতে পারেনি আমার শরীর। অপেক্ষা করতে লাগলাম। কখন তার ফোন দেওয়ার সময় হয়। এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট...পাঁচ মিনিট। মিনিটগুলো কী যে দীর্ঘ মনে হচ্ছে। টানা ১০ মিনিট পর ফোন এল। আমি ফোনটা ধরে কিছুই বললাম না। কিছু জানতেও চাইলাম না। মাঝেমধ্যেই আমি এমন করি। খুব যখন রেগে যাই, তখন। শুধু বললাম, তিতলি, আজ আমার খুব ঘুম পাচ্ছে। ঘুমালাম। তিতলি জানে, এই মুহূর্তে কথা বাড়াতে গেলেই চরম রাগারাগি হয়ে যাবে।আমার একটা স্বভাব হলো, খুব রেগে গেলে কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, শুধু ঘুম ছাড়া। মাঝেমধ্যে খুব যখন রেগে যাই, ক্ষোভ জমে যায় তিতলির ওপর, তখন খুব ইচ্ছে করে একেবারে ঘুমিয়ে যাই। নীরব ঘুম, যে ঘুম আর ভাঙবে না।রাগ ভাঙার পর তিতলিকে যখন কথাগুলো বলি, তিতলি আমার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলে, ‘ও রকম ঘুম ঘুমানোর সময় আমাকে সঙ্গে নিয়ো। খবরদার, আমাকে রেখে কখনোই ওই ঘুমে যাবে না। বুঝছ পল্টুর বাপ।’ (তিতলি মাঝেমধ্যে আমাকে পল্টুর বাপ বলে ডাকে। কারণ আগেই কথা হয়েছে, বিয়ের পর ছেলে হলে নাম রাখব পল্টু, মেয়ে হলে তুনতুন।)এভাবে চলে কয়েক দিন। যেদিন রাগটা চরম পর্যায়ে চলে যায়, সেদিন তিতলির মুঠোফোন থেকে ফোন দেন রুনা আপু। আমি ধরে চুপ করে থাকি! তারপর রুনা আপুই বলতে থাকেন। কী ব্যাপার রবি, কথা বলছ না কেন? আমি তোমার রুনা আপু।’ সালাম দেওয়ার পর কথা বলে ওঠেন তিনি। ‘শোনো, কদিন ধরে তুমি তিতলির ফোন ওয়েটিং পাচ্ছ বলে রেগে আছ মনে হয়। আমার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তাই ওর ফোন দিয়ে তোমার হবু দুলাভাইয়ের সঙ্গে রাতে আমি একটু কথা বলছি। আজই আমি নতুন ফোন কিনব। তুমি ওর সঙ্গে রাগারাগি কোরো না ভাই, প্লিজ।’ আমার সব রাগ বরফ হয়ে গলে পড়ে। আমি লাজলজ্জার মাথা খেয়ে বলে উঠি, ‘আপু, তিতলিকে একটু দেওয়া যাবে?’রুবেলপূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা।