গল্পটা স্বপ্নের চেয়ে সুন্দর
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—বাংলাদেশ গণিত উৎসবের সঙ্গে আমার স্বপ্ন দেখা শুরু ২০০৭ সালে। ওই বছরই বিভাগীয় আর জাতীয় পর্যায় পেরিয়ে তৃতীয় বাংলাদেশ গণিত ক্যাম্পে অংশ নেওয়ার সৌভাগ্য হয় আমার। চমৎকার কিছু প্রশিক্ষকের তত্ত্বাবধানে গণিত ক্যাম্পে কাটানো কয়েকটি দিন আমার জীবনের মোড় পাল্টে দিল। তার পরের গল্পটা স্বপ্নের চেয়েও সুন্দর! একে একে ২০০৭, ২০০৮ আর ২০০৯-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ হলো ‘কিং অব অল অলিম্পিয়াডস’ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। মূলত তখনই যুক্তরাষ্ট্রের এমআইটিতে পড়াশোনা করার স্বপ্নটি একটু গা-ঝাড়া দিয়ে জেগে উঠতে লাগল।২০০৯ সালের জুলাই মাসে জার্মানির ব্রেমেনে ৫০তম আইএমওতে ব্রোঞ্জ পদক অর্জনের পর দলনেতা মাহবুব মজুমদার এবং উপ-দলনেতা মুনির হাসানকে জানালাম সেই স্বপ্নের কথা। তাঁদের পরামর্শে দেশে ফিরে শুরু হলো যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার প্রস্তুতি। ‘কমন অ্যাপ্লিকেশন’ এর মাধ্যমে ফরম নামিয়ে সেগুলো পূরণ করতে শুরু করলাম। লিখতে হলো বেশ কয়েকটি রচনা। রচনাগুলোর বিষয়বস্তু হরেক রকম—জীবন পাল্টে দেওয়া কোনো অভিজ্ঞতা, জীবনে যার প্রভাব সবচেয়ে বেশি, পছন্দের কাল্পনিক চরিত্র, প্রিয় উক্তি আর জীবনে এর প্রভাব ইত্যাদি। জীবন পাল্টে দেওয়া অভিজ্ঞতার বর্ণনায় লিখলাম আমাদের প্রাণের উৎসব গণিত অলিম্পিয়াড আর গণিত ক্যাম্পের কথা। লিখলাম মুহম্মদ জাফর ইকবাল স্যারের সেই বিখ্যাত উক্তির কথা, যা দোলা দিয়েছিল প্রতিটি ক্যাম্পারের মনকে, ‘গবেষণার আনন্দের মতো আনন্দ পৃথিবীর আর কোনো কাজেই নেই।’ এ কথা শুনেই আমি স্থির করেছিলাম, এই কাজটা করতেই হবে। আর যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রচুর সুযোগ রয়েছে। সেটা অন্যতম একটা প্রভাবক হিসেবে কাজ করেছে আমার স্বপ্ন-দর্শনে।রচনা লেখা ছাড়াও আমাকে জোগাড় করতে হয়েছে শিক্ষকদের রিকমেন্ডেশন লেটার। চট্টগ্রাম কলেজের তিনজন সম্মানিত শিক্ষক ফরিদ স্যার, দিলীপ স্যার, নাজিম স্যার আর আমার আবৃত্তি দল ‘প্রমা’র প্রধান রাশেদ হাসান ছাড়াও আমার জন্য এই চিঠি লিখেছিলেন বাংলাদেশ গণিত দলের দলনেতা মাহবুব স্যার। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য মুখোমুখি হতে হয়েছিল ইন্টারভিউয়েরও। পুরো প্রক্রিয়াটিতেই আমি পেয়েছি মাহবুব স্যার, মুনির স্যার আর বর্তমানে ক্যালটেকে অধ্যয়নরত ২০০৭ সালের বাংলাদেশ গণিত দলের সদস্য তানভীর ভাইসহ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত অনেকের পরামর্শ, সমর্থন ও উৎসাহ। আমি পাশে পেয়েছিলাম আমার পরিবার, সম্মানিত সব শিক্ষক এবং এমআইটির ছাত্রী দীনি ফাতিহা আপুকেও, যাদের সহায়তা ছাড়া কিছুতেই সম্ভব হতো না আমার এ পথচলা। এ ছাড়া গণিত অলিম্পিয়াডের সঙ্গে সংশ্লিষ্টতা আমার আবেদনপত্রকে অনেক সমৃদ্ধ করেছিল, সন্দেহ নেই।সবশেষে শুরু হলো প্রতীক্ষার পালা। প্রথমেই পেলাম ক্যালটেকের ই-মেইল। দুরু দুরু বুকে আর কাঁপা কাঁপা হাতে ই-মেইল খুলতেই দেখি বড় বড় অক্ষরে লেখা ‘অ্যাকসেপ্টেড’। পরদিন ১৪ মার্চ বিশ্ব পাই দিবসে এমআইটিও জানাল তাদের সিদ্ধান্তের কথা। তারাও আমাকে নেবে। এরপর একে একে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে একই ধরনের চিঠি পেলাম। অবশেষে মে মাসের মাঝামাঝি এমআইটি থেকে ফিন্যান্সিয়াল অ্যাওয়ার্ড চিঠি পেলাম। তারা আমার পড়াশোনা, থাকা-খাওয়ার খরচ পুরোটাই বহন করবে! শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল আমার স্বপ্নই। আমি হলাম এমআইটির ক্লাস অব ২০১৪ এর একজন সদস্য।আমার একটা স্বপ্ন আছে—বলেছিলেন কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়র। আর সেই স্বপ্ন দেখার সাহস আমি পেয়েছি গণিত অলিম্পিয়াড থেকে। জয়তু বাংলাদেশ গণিত অলিম্পিয়াড!