গল্পের মতো উত্থান নাটকীয়পতন
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবন (টুইন টাওয়ার নামে খ্যাত) ও পেন্টাগনে নজিরবিহীন কায়দায় হামলার পর ওসামা বিন লাদেন প্রথম গোটা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেন। ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত ও কয়েক শ আহত হন। মাত্র তিন বছরের ব্যবধানে সৌদি বংশোদ্ভূত ভিন্নমতাবলম্বী ওসামা বিন লাদেন পর্দার অন্তরাল থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। যুক্তরাষ্ট্র তাঁকে ঘোষণা করে শীর্ষ সন্ত্রাসী ও তাদের ১ নম্বর শত্রু বলে। ওসামা বিন লাদেনের জন্ম ১৯৫৭ সালে সৌদি আরবে। কোটিপতি ইয়েমেনি অভিবাসী পিতা মোহাম্মেদ বিন লাদেনের ৫২ সন্তানের মধ্যে ১৭তম। ১৯৬৮ সালে এক বিমান দুর্ঘটনায় পিতার মৃত্যু হয়। জেদ্দার বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় রক্ষণশীল শিক্ষক ও সহপাঠীদের সান্নিধ্যে আসেন তিনি। ১৯৭৯ সালের ডিসেম্বরে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনই মূলত লাদেনের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কমিউনিস্টবিরোধী অবস্থান নিয়ে আফগানিস্তানকে বদলে দেওয়ার লক্ষ্যে সেখানকার মুজাহিদদের সঙ্গে কাঁধ মিলিয়ে যুদ্ধে শামিল হন লাদেন। ইতিহাসের পরিহাস, লাদেনসহ আফগান মুজাহিদদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-ই তখন সক্রিয় ভূমিকা পালন করেছে। ১৯৯১ সালে ইরাকের বিরুদ্ধে উপসাগরীয় যুদ্ধের সময় ওয়াশিংটনের প্রতি নতুন করে ঘৃণা জন্মে লাদেনের। সৌদি আরবে ইসলামের পুণ্যভূমি মক্কা ও মদিনার কাছে মার্কিন সেনার উপস্থিতি ক্ষুব্ধ করেছিল তাঁকে। তিনি মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিনবিরোধী বেশ কয়েকটি গোষ্ঠীর মধ্যে ইসলামি অনুভূতি জাগিয়ে তুলে তাদেরকে পাশ্চাত্যবিরোধী লড়াইয়ে উদ্বুদ্ধ করেন।প্রথম ইরাক যুদ্ধের পর সৌদি আরব লাদেনকে দেশ থেকে বহিষ্কার করে। ১৯৯৪ সালে তিনি সমর্থকদের নিয়ে আফ্রিকার সুদানে পাড়ি জমান। ১৯৯৬ সালের জানুয়ারিতে আফগানিস্তানে ফিরে যান তিনি। নৈরাজ্যে ভরা গৃহযুদ্ধক্লিষ্ট আফগানিস্তান তখন মৌলবাদী তালেবান মিলিশিয়াসহ অনেক কট্টর ইসলামপন্থী গোষ্ঠীর আস্তানা। নয় মাস পরে এই তালেবান মিলিশিয়ারাই রাজধানী কাবুল দখল করে। ১৯৯৮ সালের শেষ দিকে দুটি বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে কেনিয়া ও তাঞ্জানিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস। এতে ২২৪ জন নিহত ও প্রায় পাঁচ হাজার মানুষ আহত হন। এ ঘটনায় ১৬ সহযোগীসহ লাদেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করা হয়। বলা যায়, এক রাতেই তিনি হয়ে ওঠেন আমেরিকার গলার কাঁটা। তাঁর নাম উঠে আসে এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়। লাদেনের মাথার জন্য আড়াই কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়। তাঁকে হত্যা করতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ছয়টি জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রে ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েও ব্যর্থ হয়।লাদেন বলেছিলেন, ‘আমি আমেরিকানদের হত্যা করি, কারণ তাঁরা আমাদের হত্যা করে। আমরা যখন আমেরিকানদের ওপর হামলা করি, তখন অন্যদের ক্ষতি করি না।’তবে টুইন টাওয়ারসহ অনেক হামলাতেই মার্কিনি বা পশ্চিমি ছাড়াও বিশ্বের অনেক দেশের নিরপরাধ মানুষই প্রাণ হারিয়েছেন।অবশেষে আসে সেই ভয়াল দিন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। এদিন যুক্তরাষ্ট্রেরই ভেতরে ছিনতাই করা দুটি বিমান দিয়ে হামলা চালিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ধ্বংস করে দেওয়া হয়। অন্য একটি বিমান মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। চতুর্থ একটি বিমান পেনসিলভানিয়ায় একটি মাঠে বিধ্বস্ত হয়। এ ঘটনার পরই মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে অভিযান শুরু করে। মিত্র বাহিনী ২০০১ সালের শেষের দিকে আফগানিস্তানে যায়। তখন ধারণা করা হয়েছিল, তোরাবোরা পর্বতে প্রচণ্ড লড়াইয়ের সময় লাদেন নিহত হয়েছেন। কিন্তু বাস্তবে তিনি পাকিস্তানে পালিয়ে যান। ২০০৩ সালে আল-জাজিরা টেলিভিশনে লাদেনের কণ্ঠস্বর বলে দাবি করা একটি অডিওবার্তা প্রচার করা হয়। তখন ইরাকে হামলা চালাতে মার্কিন বাহিনীর প্রস্তুতি শেষ পর্যায়ে। বার্তায় বলা হয়, ‘সব মুসলমানের বিশেষত ইরাকের মুসলমানদের একটি পবিত্র যুদ্ধ (জিহাদ) শুরু করা দরকার।’যুক্তরাষ্ট্র স্বীকার করে, অডিওবার্তার ওই কণ্ঠস্বর সত্যিই লাদেনের ছিল।পাকিস্তানে স্থানীয় পশতু জাতির কিছু মানুষ লাদেনকে একপর্যায়ে উষ্ণ আতিথেয়তা এবং আশ্রয় দিয়েছিল। ২০০৩ সালে আল-কায়েদার অভিযান পরিচালনার প্রধান খালিদ শেখ মোহাম্মদকে গ্রেপ্তারের মধ্য দিয়ে লাদেনকে খোঁজার অভিযান নাটকীয় মোড় নেয়। তাঁর খোঁজে পাকিস্তান সেনাবাহিনী ২০০৪ সালের মে থেকে জুলাই মাসে আফগানিস্তানের সীমান্ত এলাকায় বড় ধরনের অভিযান চালায়। কিন্তু ওই অভিযানও ব্যর্থ হয়।বিশ্লেষকেরা বলেছেন, লাদেনকে মেরে ফেলা গেলেও তাঁর চিন্তা ও আদর্শ ধ্বংস করা সহজ হবে না। এ জন্য পশ্চিমা বিশ্বের কথিত অবিচারসহ যেসব কারণ তুলে ধরায় লাদেন জনপ্রিয় হয়েছিলেন তা দূর করার ওপর জোর দিয়েছেন অনেকেই। সাজেদ ফাতেমী