রাস্তায় বেশ রোদ্দুর। আমরা যখন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গল্লামারীর দিকে হাঁটা শুরু করলাম, তখন ঘামের একটা ক্ষীণ ধারা আমাদের শরীর বেয়ে নেমে যাচ্ছে। গল্লামারীর যেখানে গণহত্যা হয়েছিল একাত্তরে, সেই মাঠটায় পৌঁছে যাই আমরা। দেখি, দুই শিশু গাছের ডাল হাতে নিয়ে কোনো এক অ্যাডভেঞ্চারে ব্যস্ত।ওদের সামনে এসে দাঁড়াই। বলি, একটু কথা বলা যাবে?‘যাবে না ক্যান?—বলে যে ছেলেটি সোজা চোখের দিকে তাকাল, তাকেই জিজ্ঞেস করি, ‘তোমার নাম কী?’‘বরকতউল্লাহ।’‘তোমার?’ ‘তোহা। আমার বয়স ১০ বচ্ছর। ওর বয়স সাত।’‘তোমরা কি দুই ভাই?’‘না, বন্ধু।’‘কোথায় পড়ো?’তোহা: আমি মাদ্রাসায় পড়ি।বরকতউল্লাহ: আমিও মাদ্রাসায় পড়ি।‘বাবা-মা কী করেন?’তোহা: বাবা হাটতি পারে না। ভাই দুকান চালায় আর আম্মু কাজ করে।‘আম্মু কোথায় কাজ করেন?’তোহা: বাসায়।‘ভাই কীসের দুকান চালায়?’তোহা: কাপড়ের।‘আর তোমার বাবা?’বরকত: আমার বাবা মারা গেছে। কুরবানির আগের দিন।‘কোন কোরবানির আগের দিন? গত কোরবানির?’বরকত: না। অনেক আগে। আমার জন্মের পরে।‘কী হয়েছিল তোমার বাবার?’বরকত: ইশটোক করিসে।‘স্ট্রোক করেছিল! আর তোমার বাবার পা নষ্ট হলো কী করে?’তোহা: আমার আব্বুর বাম পা নষ্ট হয়ে গেসে। বাম হাত-পা নষ্ট হইয়ে গেসে মানে, হঠাৎ কইরে ইশটোক করিসে আমার আব্বু।‘বয়স তো বেশি না! এই বয়সে স্ট্রোক করল কেন?’তোহা: আমার আব্বুর বয়স ম্যালা।‘তোমার মা কী কাজ করেন?’বরকত: মা সিলাই মিশিঙে (মেশিনে) কাজ করে।‘তোমরা কয় ভাইবোন? ’বরকত: আমরা এক ভাই, এক বুন।‘তোমরা?’তোহা: দুই ভাই, তিন বুন।‘আচ্ছা, তোমরা কী খেয়েছ সকালে?’তোহা: আমি সকালে ভাত খালাম চিংড়ি মাছ ভত্তা দিয়ে।‘তুমি?’বরকত: আমি প্রতিদিন ডাইল আর আলু ভত্তা খাই।‘তুমি কারে বেশি ভালোবাসো?’বরকত: মারে।তোহা: ভাইরে আর মারে।তোমরা এইখানে কী কত্তিসিলে?বরকত: কদম ফুল পাত্তিসিলাম।‘কদম গাছ তো অনেক লম্বা।’দুজন একসঙ্গে বলে ওঠে, লাঠি দিয়ে পাত্তিসিলাম। ‘তোমরা থাকো কোথায়?’তোহা: গল্লামারী। ও থাহে মদিনা সড়কে।‘তাহলে বন্ধুত্ব হলো কী করে?’তোহা: আমাদের একজন থাহি রাস্তার মাথায়, অন্যজন রাস্তার পিছনে।‘আচ্ছা, তোমাদের পিছনে এইটা কি, বলতে পারো?’তোহা ও বরকত: শহীদ মিনার।‘এই শহীদ মিনার কে বানাল, কেন বানাল, তা তোমরা জানো?’—স্মৃতিসৌধকে শহীদ মিনার বলছে বলে ওদের একটুও দোষ দিই না আমরা। এখানে মানুষদের হত্যা করা হয়েছিল, সেটা বোঝে কি না, সেটাই জানতে চাই।‘শহীদ মিনার তো বুঝলাম। শহীদ মানে বোঝ?’তোহা দুদিকে মাথা নাড়ে, বরকত মাথা নেড়ে বোঝায়, সে জানে শহীদের মানে। ব্যাখ্যা করে বলে, ‘যারা গুলি লাইগে মরিসে!’‘কোন সময়, তা জানো?’বরকত: যুদ্ধের সময়। একাত্তুর সালে।‘অনেক মানুষকে এখানে এনে মেরে ফেলেছিল পাকিস্তানিরা আর আল বদর, রাজাকাররা। সেটা জান?’ওরা মাথা নাড়ে। জানে। ওরা জানে এ কথা জেনে আমাদেরও শান্তি হয়। এই শিশুরা বড় হবে, ওরা জানবে, দাম দিয়ে কেনা হয়েছে বাংলা, কারও দানে পাওয়া নয়।