গহন বনে সবুজ আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ইমপ্যাক্ট জার্নালিজম ডে
ইমপ্যাক্ট জার্নালিজম ডে
যে উদ্যোগ বদলে দিতে পারে পৃথিবী
আজ ইমপ্যাক্ট জার্নালিজম ডে। বিশ্বের সামনের সারির ৫৫টি সংবাদপত্র একযোগে পরিবর্তনের কারিগরদের কথা বলছে এই দিনে। এবারও এই উদ্যোগের সঙ্গে আছে প্রথম আলো। পৃথিবী বদলে দিতে পারে এমন অনন্য কিছু উদ্যোগের গল্প নিয়ে আমাদের এই আয়োজন। সারা বিশ্ব থেকে বেছে নেওয়া নানামুখী উদ্যোগের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি উদ্যোগও। আপনি এবং বিশ্বের ১২ কোটি পাঠক একযোগে জানতে পারছেন এই সব অনন্য উদ্যোগের গল্প।

পেরুর গহিন বনে ছোট আর খুব সাধারণ এক আদিবাসী জনপদ নুয়েবো সাপোসোয়া। সেখানে নিত্যদিনের জীবন বয়ে চলে প্রকৃতির ছন্দে। পেরুর একেবারে পূর্ব প্রান্তে উকাজালি অঞ্চলের শহর পুকালপা। সেখান থেকে শুধু নৌকায় করেই যাওয়া যায় নুয়েবো সাপোসোয়ায়। উকাজালি নদী দিয়ে নৌকায় যেতে লাগে ঝাড়া পাঁচ ঘণ্টা।
শিপিবো-কনিবো জাতিগোষ্ঠীর ১৭৩ জন সদস্যের বাস নুয়েবো সাপোসোয়ায়। শিপিবো-কনিবো পেরুর সবচেয়ে বড় জাতিগত গোষ্ঠীগুলোর একটি। কিন্তু বড় হলে কী হবে, দেশের সবচেয়ে অবহেলিত গোষ্ঠীরও একটি শিপিবো-কনিবোরা।

দুই ঘণ্টা পর্যন্ত আলো দিতে পারে একটি বৃক্ষবাতি। ছবি: সান্তিয়াগো বারকো
দুই ঘণ্টা পর্যন্ত আলো দিতে পারে একটি বৃক্ষবাতি। ছবি: সান্তিয়াগো বারকো

নুয়েবো সাপোসোয়ায় জীবন আবর্তিত হয় চারপাশের প্রকৃতিকে ঘিরেই। গাছগাছালি থেকেই আসে শিপিবো-কনিবোদের খাবার আর ওষুধ। উর্বর মাটিতে সহজেই ফলে কাসাভা আর ভুট্টার মতো কিছু ফসল। নদীতে আছে হরেক জাতের প্রচুর মাছ। তবে নদীটা সমস্যাও হয়ে ওঠে মাঝে মাঝে। ২০১৫ সালের মার্চে আন্দিজ পর্বতমালায় খুব বেশি বৃষ্টি হয়েছিল। সেবার এই নদীকুল উপচে বিশাল এলাকাজুড়ে সবকিছু ডুবিয়ে দেয়। এলাকার জরাজীর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়। বানের পানি ভাসিয়ে নেয় সঞ্চালনের তার। যে অল্পস্বল্প বিদ্যুৎ নুয়েবো সাপোসোয়া পেত তাও বন্ধ হয়ে যায়। গহন গভীর আমাজন বনের মধ্যিখানে একটা গ্রাম ডুবে থাকে অন্ধকারে। বাইরের কারও চোখে এটা তেমন কোনো কিছু মনে না–ও হতে পারে। কিন্তু প্রত্যন্ত একটা গ্রামে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হওয়া মানুষদের কাছে ব্যাপারটা গুরুতর। তাদের দৈনন্দিন জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলে এ সমস্যা। প্রতিকারের জন্য তাৎক্ষণিকভাবে কিছু করার চেষ্টায় হিমশিম খাচ্ছিল সরকার। সুতরাং স্বল্প মেয়াদে জ্বালানি সমস্যা মোকাবিলায় কিছু বিকল্প বের করাই ছিল একমাত্র উপায়।

নুয়েবো সাপোসোয়া গ্রামের সব বয়সী মানুষ শিখছেন এই বিশেষ পদ্ধতি
নুয়েবো সাপোসোয়া গ্রামের সব বয়সী মানুষ শিখছেন এই বিশেষ পদ্ধতি

এলাকার প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সমস্যাটা তত গুরুতর ছিল না। বিদ্যুৎ না থাকলে কীভাবে মানিয়ে নিতে হবে, সে বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে। যেমন দিনের বেলা খেতখামারের কাজ সেরে ফেলা। তা ছাড়া অনেকেরই একেবারে বিদ্যুৎহীন জীবনযাপনের অভিজ্ঞতাও আছে। উকাজালি অঞ্চলে এ পর্যন্ত বিদ্যুৎ–সংযোগই তো পেয়েছে মাত্র ৩৫ শতাংশ বাসিন্দা। আসল সমস্যাটা হলো স্কুলপড়ুয়া ছোট শিশুদের নিয়ে। রাতে তাদের স্কুলের দেওয়া ‘বাড়ির কাজ’ করতে হয়। তারপর আবার ঘরের নিত্যদিনের কাজে মা-বাবাকে সাহায্য করার ব্যাপার আছে। এলাকার নার্স হাকেজ বললেন, ‘ওরা রাতে কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়তে পারে বটে, তবে ওই কম আলো চোখের জন্য খুব ভালো নয়। আর কেরোসিনের বাতির ধোঁয়াও ফুসফুসের জন্য ক্ষতিকর।’
গাছ থেকে শক্তি
প্রকৃতি এ সমস্যার সৃষ্টি করেছে, তাই প্রকৃতিকেই এর সমাধান দিতে হবে।
না, নুয়েবো সাপোসোয়ার বাসিন্দারা এমনটা ভাবেনি। চিন্তাটা মাথায় এসেছিল পেরুর ‘উনিভারসিদাদ দে ইনহেনেরিয়াই তকনোলকিয়া’র (প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) একদল গবেষক ও শিক্ষার্থীর। পেরুর রাজধানী লিমার এ বিশ্ববিদ্যালয়ের এক লেকচার হলে এ ধারণাটির জন্ম। ঠিক হলো, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এর কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে। নুয়েবো সাপোসোয়ায় সরেজমিন সফর করে মাটি ও পানির নমুনা সংগ্রহ করা হলো। চালানো হলো গোটা কয়েক পরীক্ষাও। প্রকল্পটার নাম দেওয়া হলো ‘প্লান্টালামপারাস’—বাংলায় হয়তো বলা যায় বৃক্ষবাতি।