গহিন রাতে চলত পরিদের জলকেলি!
‘আসকার দি’র পুক পারদ্দি আঁর ছোড ঘর/মরিচ হলুদ ম-মসলা বাড়ি হোটেলত...।’ খ্যাতিমান গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিনের লেখা এই গান গেয়েছিলেন চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষ। আসকার দীঘি নিয়ে শুধু গান নয়, আছে অনেক কিংবদন্তি।প্রায় সাড়ে ৩০০ বছরের ইতিহাস এই দীঘির। রহমতগঞ্জ মৌজার জামাল খান এলাকায় আসকার দীঘির অবস্থান। এই দীঘির নামেই এলাকাটি পরিচিত। চট্টগ্রামের দ্বিতীয় মোগল শাসনকর্তা নবাব আস্কর খাঁ এই দীঘি খনন করান। শহর চট্টগ্রামের ডবলমুরিং মৌজার আস্কারাবাদ মৌজা তাঁর নামের স্মারকরূপে স্থাপিত। আস্কর খাঁর আসল নাম ছিল আবদুল্লাহ বেগ। আর পূর্ণ নাম ছিল নবাব আস্কর খাঁ বজমে সানি।চট্টল গবেষক আবদুল হকের লেখা বন্দর শহর চট্টগ্রাম বইতে উল্লেখ আছে, সপ্তম-অষ্টম শতাব্দীতে তাম্রলিপ্ত বন্ধ হয়ে যাওয়ার পর চট্টগ্রামের যাত্রা শুরু। সুলতানি আমলে ২৪টি টাকশাল ছিল, যার একটি হলো চট্টগ্রাম। প্রত্নবাংলায় একে বলা হতো চাটিগাঁ। প্রচলিত জনশ্রুতি থেকে জানা গেছে, প্রাচীনকালে চট্টগ্রাম ছিল জিন-পরি-অধ্যুষিত দেশ। পীর বদর শাহ এসে অলৌকিক চাটির (মাটির প্রদীপ) আলোর তেজের সাহায্যে জিন-পরি তাড়ান। সেই থেকে এই জনপদের নাম হয় চাটিগাঁ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর ও প্রত্নতত্ত্ব গবেষক শামসুল হোসাইন জানান, ১৩৪০ সালে ফখরুদ্দিন মোবারক শাহ প্রথম চট্টগ্রাম দখল করেন। আর ১৬৬৬ সালের ২৭ জানুয়ারি মোগলেরা আরাকানদের পরাজিত করে চাটিগাঁ দুর্গ দখল করেন। মোগলদের অনেক ফৌজদার ছিল। প্রথম ফৌজদার হলেন বুজুর্গ উমেদ খাঁ। তিনি এই দুর্গের নতুন নামকরণ করেন আন্দরকিল্লা। আর মোগলদের দ্বিতীয় ফৌজদার হলেন আস্কর খাঁ। ১৬৬৯-১৬৭১ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিন বছর তিনি চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন। মোগল শাসনামলে এই দুর্গে ১০ হাজার সৈন্য বা ফৌজ থাকত। ফৌজদের জন্য পানি সরবরাহের সুবিধার্থে নবাব আস্কর খাঁ এই দীঘি খনন করান।এই ‘দীঘি’ নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। আসকার দীঘি নিয়েও দুটি কিংবদন্তির কথা বললেন স্থানীয় লোকজন। বর্তমান আদালত ভবন তখন থেকেই পরির পাহাড় নামে পরিচিত ছিল। ইংরেজ রাজত্বকালে এটি ‘ফেয়ারি হিল’ নামে পরিচিত হয়। কথিত আছে, এখানে জিন-পরিরা বাস করত। গভীর রাতে এই পরিরা নেমে আসত আসকার দীঘিতে। গভীর রাতে চলত তাদের জলকেলি।দীঘির পশ্চিম পাড়ের বাসিন্দা সুনীল কান্তি দেসহ অনেকে বলেন, ‘ঠাকুরমার মুখে শুনেছি, কোনো বিয়ের অনুষ্ঠানে কিংবা অন্য কোনো প্রয়োজনে রুপার থালা-বাটিসহ প্রয়োজনীয় জিনিসের কথা চিঠিতে লিখে দীঘির পাড়ে রেখে দিলে দীঘি থেকে সেগুলো উঠে আসত। প্রয়োজনে ব্যবহারের পর ওই সব পাত্র আবার দীঘির পাড়ে রেখে দেওয়া হতো এবং তা দীঘিতে ডুবে যেত। ওসব নাকি জলপরিদের সম্পদ ছিল। অবশ্য আমরা বড় হয়ে এসবের কিছুই দেখিনি।’