গা ছমছমে ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বন্ধুটির নাম ছিল সাব্বির। ক্লাস টুতে পড়ি তখন। আমরা যে গলিতে থাকতাম, তার একদম শেষের বাড়িটা ওদের ছিল। ওদের বাড়ি নিয়ে অনেক কানাঘুষা শুনেছি আমরা। বাড়িটা নাকি ভুতুড়ে। সাব্বিরের মা-ও নাকি রহস্যময়ী নারী। সব সময় সাদা শাড়ি পরে থাকে। মাথায় ধবধবে সাদা চুল। কখনো বাড়ি থেকে বের হন না। কেমন একটা ড্রাকুলা ড্রাকুলা গন্ধ ছিল এসব গুজবে। সত্য–মিথ্যা জানতাম না। তবে এটা সত্য, আমিও কখনো সাব্বিরের মাকে দেখিনি। ওদের বাড়ির প্রতি আমারও একটু ভয় কাজ করত। সাব্বিরকে এ নিয়ে জিজ্ঞেস করলে সাব্বির হেসেই খুন হয়ে যায়! আমাদের ভয় কাটত না তাতে। অনেকবার ওদের বাড়ির সামনে গিয়েও আমরা ভেতরে ঢুকিনি। 

সেবার ঈদে যখন সেজে গুঁজে, পাঞ্জাবি পরে ঘুরতে বেরিয়েছি, রাস্তায় হেঁটে হেঁটে বন্ধুদের খুঁজছি, তখন হঠাৎ করে আবিষ্কার করলাম, সাব্বিরদের বাড়ির সামনে চলে এসেছি। বুকের ভেতর ধক করে উঠল। চলে আসব ভাবছি, তখন মনে হলো সাব্বির দেরি করে ঘুম থেকে ওঠে প্রতিদিন। ঈদের দিনও হয়তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। তাই সাহস করে গেট পেরিয়ে বাসার সামনে দাঁড়ালাম, কলিং বেল টিপলাম কাঁপা হাতে। কেউ খুলল না।

আমি ভয়ে ভয়ে চারদিকে তাকালাম। বাড়িটা বেশ পুরোনো। একটা নাম না–জানা ফুলের গাছ রয়েছে পাঁচিলের ভেতর। সাদা রঙের বাড়ি। সাদা রঙের বাড়িতে সাদা শাড়ি পরে এক রহস্যময়ী বৃদ্ধ নারী থাকেন, এই ব্যাপারটার ভেতর কেমন গা ছমছমে একটা ভাব ছিল!

দ্বিতীয়বার কলিং বেল টিপতেই এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দিলেন। তাকে দেখে অবাক হলাম। সুন্দর-শান্ত চেহারার এক নারী, সাব্বিরের সঙ্গে চেহারায় অনেক মিল। ভাবলাম, সাব্বিরের বোন হবে বোধ হয়। পরক্ষণেই মনে হলো ওর তো কোনো বোন নেই। বইতে পড়েছিলাম, কিছু পেত্নী নাকি সুন্দরী নারীর বেশে অচেনা আগন্তুককে ঘরে নিয়ে যায় এবং পরে বৃদ্ধার চেহারা নিয়ে ভয় দেখায়। সেটা মনে পড়তেই ভয়টা আরও বেড়ে গেল।

ওই নারী হাসিমুখে আমাকে জিজ্ঞেস করলেন, ‘কী চাই?’
আমি বললাম, ‘সাব্বির আছে বাসায়?’
‘ও, তুমি সাব্বিরের বন্ধু? এসো, ভেতরে এসো।’
আমি তার পিছু পিছু ভেতরে ঢুকতে বললাম, ‘সাব্বির ঘরে নেই?’
‘নাহ, ও তো সকাল সকাল বেরিয়ে পড়েছে আজকে।’
‘আ...আপনি কি ওর বোন?’
ওই নারী কেমন অবাক হয়ে তাকালেন আমার দিকে। বললেন, ‘না, আমি ওর মা। তুমি আগে কখনো আমাদের বাসায় আসোনি?’
‘ন...নাহ। আমি তাহলে আজ যাই। সাব্বিরের সঙ্গে পরে আসব।’
‘ঈদের দিন ঘরে এসেছ, কিছু খেয়ে যাও!’

সে আমাকে বসিয়ে সেমাই, নুডলস, পায়েস এসব খাওয়াল। আমার ভয়টা একদম কেটে গেল তখন। কোথায় এক ভুতুড়ে বৃদ্ধা নারীকে কল্পনা করেছিলাম, সে জায়গায় দেখি এক আধুনিকা বন্ধুসুলভ মানুষ। বুঝতে পেরেছিলাম, এই নারী মোটেও রহস্যময়ী নন, একটু ইনট্রোভার্ট বলে বাইরে কম বেরোতেন। তাই বাচ্চাকাচ্চা মনমতো গুজব রটিয়েছে।

আমরা সে এলাকা ছেড়ে চলে আসি কিছুদিন পর। সাব্বিরের বাড়িতে আর যাওয়া হয়নি কখনো। সত্যি বলতে, যখন ভূতের ভয় ছিল, তখন ভয় পেলেও যেতে ইচ্ছে হতো। একবার রহস্য ভেদ হওয়ার পর আর ইচ্ছে হয়নি।