গা ঢাকা দিয়েছে সন্ত্রাসীরা
বছরের পর বছর ধরে মহেশখালীর পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসা বিবদমান দুটি পক্ষের লোকজন পুলিশি অভিযানের মুখে গা ঢাকা দিয়েছে। গত বুধবার সন্ত্রাসীদের গুলিতে মহেশখালী থানার উপপরিদর্শক (এএসআই) পরেশ কার্বারি (৫০) নিহত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে ঘটনাস্থল কালাগাজিরপাড়াসহ আশপাশের চারটি গ্রামের পুরুষেরা আত্মগোপন করেছেন। তবে, এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবদুল মোতালেব (২৬), মোহাম্মদ রুবেল (২৪) ও মোহাম্মদ হাসেম (৩৫) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া উদ্ধার করা হয়েছে পুলিশ কর্মকর্তা খুনের ঘটনায় ব্যবহূত দুটি আগ্নেয়াস্ত্র। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঁঠালতলীপাড়ার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) জোনাব আলী ও জালাল আহমদের অনুসারীদের মধ্যে জায়গাজমি ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গত বছরের ১০ ডিসেম্বর জোনাব আলীর ছেলে আবুল শমাকে প্রতিপক্ষ জালাল আহমদের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এই হামলার প্রতিশোধ নিতে গত ২৭ ডিসেম্বর জোনাব আলীর পক্ষের লোকজন জালাল আহমদ ও তাঁর আত্মীয়স্বজনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন। উভয় পক্ষের মধ্যে এ সময় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জোনাব আলীর লোকজনের গুলিতে কালা খাতুন নামের এক নারী নিহত হন। এ হত্যাকাণ্ডের পর নিহতের স্বামী নুরুল হকের ছোট ভাই মৌলভী জালাল উদ্দিন বাদী হয়ে জোনাব আলীকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১৮ জানুয়ারি বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা পরেশ কারবারি আসামি ধরার জন্য উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়ায় অবস্থিত কাঁঠালতলীর পাহাড়ি এলাকায় যান। এ সময় জোনাব আলীর লাকজনের গুলিতে নিহত হন তিনি। এ হত্যাকাণ্ডের পর পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম বাদী হয়ে জোনাব আলী গ্রুপের অন্যতম সদস্য মোহাম্মদ আয়ুব আলী ও দেলোয়ার হোসেনসহ ৪৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ওই মামলার মূল আসামিদের এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থল কালাগাজিরপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ প্রসঙ্গে হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী বলেন, আধিপত্য বিস্তার ও পানের বরজ দখল-বেদখলকে কেন্দ্র করে এই দুই সন্ত্রাসী গ্রুপ অস্থিতিশীলতা তৈরি করছে। এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, এই দুটি সন্ত্রাসী গ্রুপের লোকজনের বিরুদ্ধে এ পর্যন্ত ২০টির মতো মামলা হয়েছে। পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর গ্রেপ্তার এড়াতে দুটি সন্ত্রাসী গ্রুপের লোকজনই এলাকা ছেড়েছে।