গাইড বলল ‘পথ হারিয়েছি’
জেরার মুখে নিরুপায় হয়ে শেরপা গাইড আঙ-কামি বলল, ‘হ্যাঁ, পথ হারিয়েছি’। বরফের ওপর ট্রেকিং করে আমার হাত-পা আগেই অবশ ছিল, এবার রক্ত হিম হয়ে এল। এক ব্যর্থ অভিযান শেষে হিমালয়ের গহিন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। অক্সিজেন স্বল্পতায় আর তুষারঝড়ে সাত দিন কাটিয়ে আমার শরীর প্রায় অচল। ব্যর্থতার ভারে মনের শক্তিও চিঁড়ে-চ্যাপ্টা। সকালে ‘কোঠে’ থেকে রওনা হয়ে সারা দিন ধুঁকে ধুঁকে চলছি। সাড়ে পাঁচটা বাজে। দিন শেষ, বরফ ঢাকা পর্বতের শেষ নেই। পশ্চিমে কালো হিমালয়ে কুসুম-কাঙরু শিখরের আড়ালে অকাল-সূর্যাস্ত হয়েছে। উত্তরে গগনভেদী মাকালু শৃঙ্গ গনগনে লাল। রাতে ঠাঁই নেওয়ার জন্যে আমরা ‘ছেত্রা-লা’ শেরপা-লজ খুঁজছি-পাহাড়ের গহিনে লুকানো উপত্যকায় কাঠের দুটি ঘর, অকিঞ্চিত্কর এক সরাইখানা। অভিযানে যাওয়ার পথে এটাই ছিল আমাদের দ্বিতীয় রাতের নিবাস। পথ জানা না থাকলে কার সাধ্য নিরালা সে লগ-কেবিন খুঁজে বের করে! ‘মেরা’ পর্বত অভিযানে পথ হারানোর ভয় থাকে পদে পদেই। পথের চিহ্ন ঢেকে দিতে রোজ দুপুরে ধেয়ে আসে তুষারঝড়। বরফ-ঢাকা পর্বতে পথ খুঁজে নিতে পারে শুধু শেরপা গাইড, যারা এ পথের নিয়মিত পথিক। হিমালয়ে দুটি জিনিস হারালে তুমি শেষ, এক—যদি তোমার মুখের হাসি হারায়, দুই, যদি তোমার গাইড পথ হারায়। উঁচু পর্বতে আরোহণের বড় ঝুঁকি হল অলটিট্যুড-সিকনেস, অর্থাত্ উচ্চতা-পীড়া। অক্সিজেন স্বল্পতায় আরোহীর শরীর মানিয়ে চলতে না পারলেই এটা ঘটে। তার পা মাতালের মতো টালমাটাল হয়, ঘাড় ঝুঁকে যায় আর থুতনি ঝুলে পড়ে বলে জোর করেও মুখে হাসি ফোটে না। উঁচু পাহাড় থেকে দ্রুত নেমে না এলে অল্প সময়ের মধ্যে সে মারা যায়। গাইড পথ হারালেও একই পরিণতি হতে পারে; দ্রুত পথ খুঁজে না পেলে পর্বত প্রায়ই ক্ষমাহীন। অভিযানের শুরুতে ছেত্রা-লা থেকে কোঠে যেতে আমার সাত ঘণ্টা লেগেছিল। ফেরার পথে ১০ ঘণ্টার বেশি হেঁটেছি, এখনো ছেত্রা-লা দেখা দেয়নি। দুর্বল শরীর আর ম্রিয়মাণ মনের অ্যাকাউন্টে দু ঘণ্টা ডেবিট করলেও ঘণ্টা খানেক আগেই সরাইখানায় বসে আমার গরম সুপ খাবার কথা। আঙ-কামি ভালো গাইড; এভারেস্ট বেসক্যাম্প ও ইমজােস ট্রেইলে সেই আমার গাইড ছিল। তবু সন্দেহ করতে বাধ্য হলাম, এ ট্রেইলে সে পথ হারিয়েছে। পথ হারানোর কথা স্বীকার করা আর তেতো ওষুধ গেলা শেরপা-প্রবরের কাছে সমান অপ্রিয়। কিন্তু এক সময় সেটা সে গিলল; প্রস্তাব দিল, সে পাহাড়ের চূড়ায় উঠে সরাইয়ের চিমনির ধোঁয়া দেখার চেষ্টা করবে আর আমি এখানে বিশ্রাম করব। আমি ভাবলাম, আম-ছালা দুই-ই যাবে, পথ তো হারিয়েছি, এবার গাইড হারাব। বললাম, ‘চূড়া থেকে নেমে অন্ধকারে তুমি আমার কাছে আসবে কী করে’। আঙ-কামি কাঁচা ছেলে না। সে বলল, ‘একটু পরে তুমি টর্চ অন করে রেখো’।আঙ-কামি অদৃশ্য হলো। আমি বোল্ডারের পাশে কুণ্ডলী পাকিয়ে বসলাম আর টর্চ-লাইটটা জ্বেলে দিলাম; ঘুমিয়ে পড়লে পরে টর্চ কে অন করবে বাবা! ঘুম আসার আগেই হু হু বাতাসে ভেসে এল একদল মেয়ের উচ্ছ্বসিত হাসি: হিহিহি...হুহুহু...হিহিহি...। মনে পড়ল, অভিযানে যাওয়ার পথে ছেত্রা-লা সরাইখানায় দেখা পেয়েছিলাম সুহাসিনী তিন রাঁধুনির। এ পর্বতের ৩০ কিলোমিটারের মধ্যে মানুষের বসতি নেই এবং ভূত-প্রেতে আমার অবিশ্বাস আছে বলে ধরে নিলাম ছেত্রা-লা শেরপা-লজ হতেই ওই হাসি ভেসে এসেছে। কাছেই আছে সরাইখানাটি। আঙ-কামি ফিরে এসে হাসিমুখে জানাল সরাইখানার ধোঁয়া দেখা গেছে। আমি বললাম, ‘সরাইখানার হাসি শোনা গেছে, বিশ্বাস না হলে আমার পিছে হাঁটো, আমি জানি কোন দিকে যেতে হবে’। ‘শেরপা কি কারও পিছে হাঁটে’ বলে লাফ দিয়ে বোল্ডার ডিঙিয়ে সে সামনে এগিয়ে গেল।