গাইতে পারেন প্রাণ খুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছা হলেই এখন বাদ্যযন্ত্রের তালে তালে গান গাইতে পারবেন যে কেউ। এ জন্য শিল্পী হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন নেই হারমোনিয়াম বা গিটারে পারদর্শী হওয়ার। এমন কী গানের কথা মুখস্থ না থাকলেও চলবে। এসব ছাড়াই গান গাওয়ার সুযোগ করে দিচ্ছে ‘কারাওকে’ নামের মজার প্রযুক্তি।পাশ্চাত্য দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা কারাওকে এখন নগরেও সহজলভ্য। চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় সুযোগ রয়েছে কারাওকের মাধ্যমে গান করার।নগরের আগ্রাবাদ, দেওয়ানহাট, কাজির দেউড়ি ও চকবাজারে রয়েছে প্রাণ খুলে গান গাওয়ার এমন ব্যবস্থা। যে কেউ এখানে এসে বিনোদন পেতে পারেন, আর সেই সঙ্গে ঝালিয়ে নিতে পারেন নিজের সংগীত-প্রতিভা।জাপানি শব্দ কারাওকের অর্থ হলো, অর্কেস্ট্রা বা বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় গান গাওয়া। কারাওকে যন্ত্রে সংরক্ষণ করা থাকে নির্দিষ্ট কিছু গানের সুর ও কথা। কারওকের তালিকায় থাকা গান গাইতে শুরু করলে বাজতে থাকবে গানের আবহ সংগীত। পাশাপাশি মনিটরে ভেসে উঠবে গানের কথা। একেকটি কারাওকেতে সর্বনিম্ন ২৫০ থেকে সর্বোচ্চ এক হাজার ৮০০ গান থাকে। লোকগীতি, রবীন্দ্রসংগীত, আধুনিক, হিন্দি, ইংরেজিসহ সব ধরনের গান দিয়েই সাজানো হয়েছে কারাওকের সম্ভার। নগরের আগ্রাবাদে অবস্থিত কর্ণফুলী শিশু পার্কের পাশে রয়েছে আড্ডা কর্নার, ডমেইন মিউজিক ক্যাফে, মিউজিক ক্যাফে ও গানের আড্ডা নামের বেশ কয়েকটি কারাওকে প্রতিষ্ঠান। দেওয়ানহাট মোড়ে আছে গানের আড্ডা, স্টার মিউজিক ক্যাফে ও কারাওকে গানের আড্ডা। কাজির দেউড়ির ভিআইপি টাওয়ারের তৃতীয় তলায় রয়েছে গানে গানে আড্ডা মিউজিক্যাল সেন্টার। এ ছাড়া চকবাজারের মতি কমপ্লেক্সের তৃতীয় তলায় আছে গানে গানে মিউজিক কনসার্ট। সবগুলো প্রতিষ্ঠানই সকাল থেকে রাত অবধি খোলা থাকে।কারাওকেতে একটি গান করতে খরচ পড়বে এলাকাভেদে ১০ থেকে ১৫ টাকা। চাইলে কারাওকে যন্ত্র এক ঘণ্টার জন্য বুকিংও দেওয়া যায়। এ জন্য গুনতে হবে ১০০ থেকে ৩০০ টাকা। গান গাওয়ার সঙ্গে সঙ্গে যে কেউ কারাওকের মাধ্যমে নিজের গাওয়া গান রেকর্ডও করতে পারবেন। আর এর জন্য দিতে হবে আরও ১০০ টাকা। আর নিজে কেমন গাইলেন তা দেখার জন্য রয়েছে স্কোর। যা দিয়ে অনেকেই গান গাওয়ার অনুপ্রেরণা পাবেন। দোকানিরা জানালেন এই ব্যবসায় দৈনিক ৫০০ থেকে দুই হাজার টাকা লাভ হয়।কীভাবে এই ব্যবসার শুরু জানতে চাইলে গানের আড্ডার স্বত্বাধিকারী মো. আরিফুর রহমান বলেন, ‘শখের বসে কারাওকে যন্ত্র কিনি। হঠাৎ মনে হলো এটা দিয়ে ব্যবসা শুরু করা যেতে পারে। সেই থেকে শুরু।’ ঘরের বাইরেও কারাওকে ব্যবহার করে অনুষ্ঠান করা সম্ভব। যেকোনো সাউন্ড সিস্টেমের সঙ্গেই সংযুক্ত করা যায় এ যন্ত্রটিকে, জানালেন গানে গানে মিউজিক কনসার্টের কর্ণধার হাজেরাতুন্নেসা। অনুষ্ঠানভেদে কারাওকে যন্ত্র ভাড়া দেওয়া হয় এক হাজার ৫০০ থেকে চার হাজার টাকায়।