গাইবান্ধার গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যাম্পাসের চারপাশে কৃষ্ণচূড়া, জারুল আর সোলাল ফুলের যেন আগুন লেপে যায় বসন্তের সময়। আমাদের কলেজে এলে মুগ্ধ হতেই হবে আপনাকে।’ গাইবান্ধা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নুসরাত নাজনীন জানান মুগ্ধতা নিয়ে।‘১৯৪৬ সালে স্থাপিত এ কলেজ শুরু থেকেই অনেক জনপ্রিয়। গাইবান্ধা ছাড়াও আশপাশের অনেক জেলা থেকে এখানে লেখাপড়া করতে আসতেন শিক্ষার্থীরা। কারণ, বৃহত্তর রংপুরে ওই সময়ে শুধু গাইবান্ধা সরকারি কলেজেই ব্যবসায় শিক্ষা পড়ানো হতো। প্রথম অবস্থায় উচ্চমাধ্যমিক ও ডিগ্রি চালু থাকলেও ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে সম্মান কোর্স চালু হয় ১০টি বিভাগ নিয়ে।’ বলেন গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও উপাধ্যক্ষ সুলতানা সেলিনা।এ ছাড়া ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আবু সাঈদ মণ্ডল বলেন, ‘শিক্ষাবর্ষের শুরু থেকেই আমরা নিয়মিত ক্লাস নিয়ে থাকি। পাসের হার প্রায় শতভাগ। তৃতীয় শ্রেণী নেই বললেই চলে। বর্তমানে ১৪টি বিভাগে প্রায় আট হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে।’উদ্ভিদবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানজিনা হক সব সময় আড্ডার মধ্যমণি। অকপটে বলেন, ‘লেখাপড়ার সঙ্গে সঙ্গে আড্ডা দিতেও আমাদের জুড়ি নেই। আমাদের ক্যাম্পাসে পরিবেশ নিরাপদ হওয়ায় আড্ডা দিতে কোনো সমস্যা হয় না। ক্লাস না থাকলেও কলেজে আসা চাই।’কথার মধ্যে বাধা দিয়ে শিশির রুহুল আমিন বলেন, ‘আমাদের ক্যানটিন যদি পুনরায় চালু হতো, তাহলে এক কাপ চা খাওয়ার জন্য আমাদের ক্যাম্পাসের বাইরে যেতে হতো না।’‘ক্যাম্পাসে বিজয় দাদার চানাচুর মাখা খেলে ভুলতে পারবেন না। আমার বড় আপু যখন এ কলেজে পড়তেন, তখনো বিজয় দাদা যেমন ছিলেন, আমার লেখাপড়া শেষের পর্যায়ে এসেও দেখি বিজয় দাদা সে রকমই আছেন।’ সহজ স্বীকারোক্তি গুলশান আরার।ব্যবস্থাপনা বিভাগের আরেক শিক্ষার্থী জাফরুল ইসলাম বলেন, ‘আমাদের কলেজে প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আন্তরিকতার অভাব নেই। যেকোনো সমস্যায় শিক্ষার্থীরা শিক্ষকদের সাহায্য পেয়ে থাকেন।’আর একটা কথা না বললেই নয়, বর্ষার নতুন সাজে সেজে ওঠে ক্যাম্পাস। ঘোর বর্ষায় বৃষ্টির সময় বিশাল মাঠটা যখন পানিতে ভরে যায়, তখন চোখ ফেরানো যায় না। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটার মাঝে কলেজের পুকুরে যখন গাছের ছায়া পড়ে, ভাবা যায় না... বর্ষার কথা ভেবে শ্রাবণী দোলা মুগ্ধতা চোখে-মুখে।