গাছ চেনার এক সকাল

‘আমার সম্পর্কে কিছুই বলবে না’ মাইক হাতে নিয়েই তিনি বললেন। তবে প্রকৃতিপ্রেমী অধ্যাপক দ্বিজেন শর্মাকে সবাই হতাশ করলেন! যাঁর হাতেই মাইক গেল তিনিই বলে গেলেন বৃক্ষসখা দ্বিজেন শর্মা সম্পর্কে। নিসর্গপ্রেমীরা তাঁকে বাদ দিয়ে কি কিছু বলতে পারেন?
২৯ মে ছিল দ্বিজেন শর্মার জন্মদিন। আয়োজনটা ছিল তার তিন দিন আগে, ২৬ মে। অনুষ্ঠানের পোশাকি নাম ছিল ‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তরুপল্লবের ২৫তম গাছ দেখা, গাছ চেনা অনুষ্ঠান’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সে আয়োজন শুরু হয়েছিল দ্বিজেন শর্মাকে ৮৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। শুরুতে দ্বিজেন শর্মা স্মৃতিচারণা করলেন তাঁর শ্যামলী নিসর্গ বই লেখার নেপথ্যের গল্প। কথা বললেন দ্বিজেন শর্মার সহধর্মিণী দেবী শর্মা, কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া, চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্য, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারসহ সংগঠনটির আরও কয়েকজন সদস্য।
চারপাশে সকালের কড়া রোদে চারুকলা চত্বর কিছুটা স্তিমিত। বৃক্ষশোভিত চত্বর বিছিয়ে নিয়েছে ছায়ায় চাদর। গাছে গাছে পাখি ডাকছে। নগর ঢাকায় এমন আবহে বইপ্রেমীদের আয়োজনটি তাই হয়ে উঠল বহুমাত্রিক। কথা পর্ব শেষে চারুকলা চত্বরে মাধবী ও নীলমণি লতার দুটি চারা লাগানো হলো। এরপর শুরু হয় গাছ চেনানোর অনুষ্ঠান।

গাছ দেখা, গাছ চেনা
দল বেঁধে সবাই গিয়ে দাঁড়ালেন একটি গাছের নিচে। গাছটির নাম নাগলিঙ্গম। তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন সবিস্তারে বর্ণনা করলেন সে গাছ সম্পর্কে। দেশীয় নাম, বৈজ্ঞানিক নাম, জাত, বৈশিষ্ট্য—কিছুই বাদ যায় না তাঁর বর্ণনায়। একে একে কনকচূড়া, রাধাচূড়া, জংলি বাদাম, বহেড়া, বিলম্বু, জ্যাকারান্ডা, উদয়পদ্ম, গোলাপজাম, কনকচাঁপাসহ এমন অনেক গাছ চেনানো হলো। কোনো কোনো গাছের তলে থেমে গিয়ে জানানো হলো বাংলার রূপবৈচিত্র্যে, মানুষের দৈনন্দিন ব্যবহারে কিংবা সাহিত্যে এই বৃক্ষগুলোর প্রভাব। অশ্বত্থতলায় দাঁড়িয়ে যেমনটা বিপ্রদাশ বড়ুয়া ফিরে গেলেন জীবনানন্দের কবিতায়। কথা পর্বের শুরুতেই গাছ চেনানোর আয়োজনের শুরুর কথা মনে করিয়ে দিয়েছিলেন মোকারম হোসেন, ‘তরুপল্লব বৃক্ষপ্রেমিকদের সংগঠন। যে সংগঠনের অনেক উদ্দেশ্যের মধ্যে অন্যতম হলো উৎসাহী মানুষকে গাছ চেনানো। গাছ চেনানোর এই অনুষ্ঠান রমনা পার্কে শুরু হয়েছিল ২০০৮ সালের ৫ ডিসেম্বর।’
সবুজ তরুপল্লব
প্রকৃতির খুব কাছাকাছি না গেলে ভালোভাবে চেনা যায় না ফুল, পাখি বা প্রকৃতি। এমনটাই মনে করেন তরুপল্লবের সদস্যরা। তরুপল্লবের পথচলা ‘সবুজে শ্যামলে বাঁচুক প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে। মোকারম হোসেন বলেন, শহরে বেড়ে ওঠা প্রজন্ম পাখি চেনে না, গাছ চেনে না, ফুল চেনে না। কয়েকজন প্রকৃতিপ্রেমিক লেখক ও গবেষক তাই তরুপল্লব প্রতিষ্ঠায় উদ্যোগী হলেন। নতুন প্রজন্মকে নিবিড়ভাবে প্রকৃতির সান্নিধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই সংগঠন।
তবে শুধু গাছ চেনানোই নয়, প্রতিষ্ঠার পর থেকে আরও কিছু সেবামূলক কর্মসূচি পরিচালনা করছে তরুপল্লব। বিভিন্ন নার্সারিতে যাঁরা গাছের চারা তৈরি করেন এমন উদ্যানকর্মীদের নিয়ে কর্মশালা করে থাকে। বাংলাদেশে যেসব গাছ বিপন্ন এবং দুর্লভ, তরুপল্লব সেসব গাছ সংগ্রহ করে নিরাপদ স্থানে রোপণের ব্যবস্থা করে থাকে।
রঙিন উদ্যান তৈরির কাজও করেছে প্রকৃতিপ্রেমীদের এ সংগঠন। রঙিন উদ্যানের তিন বৃক্ষ জারুল, সোনালু ও কৃষ্ণচূড়া। জারুলের রং বেগুনি, সোনালু ফুল হলুদ-সোনালি রঙের আর কৃষ্ণচূড়ার রং লাল। ফুল ফোটে গ্রীষ্মে। এ তিন রঙের বর্ণবৈচিত্র্য কাজে লাগিয়েই আইডিএলসির অর্থায়ন এবং গ্রিন ক্যাম্পাসের সহযোগিতায় ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়কে তৈরি করা হচ্ছে একটি ‘কালার গার্ডেন’। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে শিক্ষামূলক কার্যক্রমে নানা ধরনের কর্মসূচি রয়েছে তাদের। এ ছাড়া প্রকাশ করে থাকে তরুপল্লবের মুখপত্র প্রকৃতিপত্র। ত্রৈমাসিক প্রকাশনাটির এ পর্যন্ত ১২টি সংখ্যা বেরিয়েছে। প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে তরুপল্লব পেয়েছে নানা পুরস্কার ও সম্মাননা। °প্রকৃতিপ্রেমী মানুষ চাইলে যুক্ত হতে পারেন তরুপল্লবের (www.tarupallab.org) কাজের সঙ্গে।