গাছ চেনার একদিন
কমবেশি প্রত্যেক মানুষই অন্তরে অন্তরে প্রকৃতিপ্রেমী। সেই প্রেমের টানেই কি এই হরেক বয়সী মানুষেরা জড়ো হয়েছেন রমনার বটমূলে এই বৃষ্টি-বিঘ্নিত সকালবেলায়? বিষয়টি নিশ্চিত হতে পা বাড়াই জটলার দিকে। ততক্ষণে তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন বলতে শুরু করেছেন, ‘আজ (১৬ সেপ্টেম্বর) তরুপল্লবের আয়োজনে “গাছ দেখা গাছ চেনা” কর্মসূচির নবম অনুষ্ঠান। আজ আমরা বেশ কিছু বিদেশি গাছ চিনব, যে গাছগুলো আমাদের জল-হাওয়ায় নিজেকে মানিয়ে নিয়ে যথারীতি দেশি গাছ হয়ে উঠেছে...।’ তাহলে আর কাল ক্ষেপণ কেন, দ্রুত শরিক বনে যাই এই বৃক্ষপ্রেমী দলের সঙ্গে, বিনা মূল্যে গাছ চেনার আয়োজনে। প্রথমেই চেনা হলো কনকচূড়া। সংসদ ভবন চত্বরে রয়েছে এই গাছের বিশাল লন। এই গাছকে আমরা অনেকেই বলি রাধাচূড়া। নিসর্গপ্রেমী বিপ্রদাস বড়ুয়া বললেন, ‘না, এটি রাধাচূড়া নয়। রাধাচূড়া গুল্মজাতীয় গাছ। আমরা সড়ক বিভাজকে কৃষ্ণচূড়ার মতো লাল ফুলের যে ছোট ছোট গাছ দেখি, মূলত সেগুলোই রাধাচূড়া।’গাছ দেখার ফাঁকে ফাঁকে কথা হয় বৃক্ষসখা এই দলের অনেকের সঙ্গেই। তাদেরই দুজন শিশির ও শুভ্র। পড়ছে যথাক্রমে স্ট্যান্ডার্ড টু ও স্ট্যান্ডার্ড ওয়ান। এসেছে সিদ্ধেশ্বরী থেকে বাবার সঙ্গে। ব্যাংক কর্মকর্তা বাবা ইমাম হোসেন বললেন, ‘নিজে বড় হয়েছি গ্রামে, একেবারে প্রকৃতির কোলে। তাই অনেক গাছই চিনি। কিন্তু বাচ্চারা কিছুই চেনে না। তারা বইয়ের পাতায় একেকটা গাছের নাম পড়ে আর জিজ্ঞেস করে, “বাবা, গাছটা দেখতে কেমন?” তাই ওদের নিয়ে এসেছি গাছ চেনাতে। ওরা গাছ চিনুক, গাছের প্রতি ওদের মমতা তৈরি হোক।’সাত বছর বয়সী খুশবুও এসেছে বাবার হাত ধরে। সঙ্গে এনেছে খাতা-কলম। নিসর্গবিদ দ্বিজেন শর্মা ও বিপ্রদাস বড়ুয়ার প্রতিটি কথাই টুকে নিচ্ছে নোটবুকে। তবু যেন সব কৌতূহল মিটছে না তার। মাঝেমধ্যে বাবাকে প্রশ্ন করছে, ‘গাবগাছের নাম কেন “গাব” হলো, বাবা? ফলটাই বা লাল কেন...?’কৌতূহল কম নেই বড়দের মধ্যেও। সুদূর দিনাজপুর থেকে ছুটে আসতে হয়েছে ডা. কান্তা রিমি রায়কে, মূলত এই কৌতূহলী মনের বায়না মেটাতেই। ‘ছোটবেলা থেকেই গাছগাছালির প্রতি আমার অসম্ভব কৌতূহল। তাই যখন যেখানে গাছপালাবিষয়ক যা পাই, তা-ই পড়ি। আর দর্শন করতে ছুটে বেড়াই এখানে-সেখানে।’ বলছিলেন দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের এই সহযোগী অধ্যাপক।গল্প-কথায় এগিয়ে চলা দলটি একে একে চিনে ফেলে প্রাকৃতিক রঙের গাছ দৈব, গগন শিরীষ, গুস্তাভা, মাধবীলতা, রুপেলিয়া গ্লাডা ও বিউমনটিয়া গ্যান্ডফ্লোরা। আবশেষে এসে দাঁড়ায় ‘ফলসা’গাছের তলায়। প্রবীণেরা নস্টালজিক হয়ে পড়েন ছেলেবেলায় এ গাছের ফল খেয়েছেন বলে। নবীন আমরাও কিছুটা স্মৃতিকাতর বিভূতি-শরতের উপন্যাসে এ ফলের বিবরণ পড়েছি বলে। কিন্তু শিশির, শুভ্র, খুশবু, ঐক্য ও প্রিয়র চোখে যে কেবলই বিহ্বলতা! তারা এই প্রথম শুনছে ফলসাগাছের নাম।পাখিবিশারদ শরীফ খান ফলসার সঙ্গে পাখির সম্পর্ক বর্ণনা করেন। আমরা নিবিড় হয়ে শুনি। বাস্তুতন্ত্রের ঘোরপ্যাঁচ বুঝতে না পারা অনেকেই তবু এটুকু বুঝতে পারি, প্রকৃতির বন্ধন শুধুই পারস্পরিক। একে ছাড়া অন্য অচল। আরও বুঝতে পারি, এই ফুল পাখি পাহাড় নদী ভালো থাকলে ভালো থাকব আমরাও। তাই প্রকৃতির প্রতি মনে মনে দায়বদ্ধ হয়ে পড়ি। আর এ দায়বদ্ধতা জাগাতে তরু পল্লব কাজ করছে জেনে তাঁকেও মনে মনে একটা ‘ধন্যবাদ’ জানিয়েই তবে ঘরে ফিরি।