গাছ কি শুধু ফলে চেনা যায়? কিন্তু যার ফল হয় না, সেই গাছ চেনা যাবে কীভাবে? এ রকম বৃক্ষসংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেল প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন ‘তরু পল্লব’-এর ‘গাছ দেখা গাছ চেনা’র আয়োজনে। গাছের শাখায় বাঁদর ঝুলতে পছন্দ করে বলে নামকরণ করা হয়েছিল ‘বাঁদর ঝোলা’। সেই নাম এখন বদলে হয়েছে ‘বাঁদর ভোলা’। ঢাকার জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) এ রকম অনেক বিচিত্র গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা, বিপ্রদাশ বড়ুয়া, শামসুল হক ও মোকারম হোসেন। এ ছাড়া দর্শনার্থীদের কুম্ভী, রক্তন, উদাল, গর্জন, কইনার, তমাল, তুঁত, করমচা, অশোক, রক্তকম্বল, খয়ের প্রভৃতি গাছের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়। গত ২৯ মার্চ প্রকৃতিপ্রেমীদের অংশগ্রহণে তরু পল্লবের এ আয়োজন শুরু হয় প্রয়াত নিসর্গী শেখর রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। ১৪তম বারের মতো হলো সংগঠনটির গাছ দেখা গাছ চেনার এ অনুষ্ঠান।সংগঠনের সভাপতি দ্বিজেন শর্মা বলেন, ‘আমরা প্রকৃতির ভাষা বুঝি না, বোঝার চেষ্টাও করিনি। নিজেদের বেঁচে থাকার স্বার্থেই আজ প্রকৃতির সঙ্গে মানুষের সংলাপ হওয়া প্রয়োজন।’সংগঠনের সাধারণ সম্পাদক মোকারম হোসেনের স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন সংগঠক শাহজাহান মৃধা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, উদ্ভিদবিদ শামসুল হক, কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া প্রমুখ।