গাছ পাচারকারীদের পোষা হাতির উৎপাতে অতিষ্ঠ লামাবাসী
পোষা হাতির উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে লামা উপজেলার তিনটি মৌজার বনাঞ্চলের আশপাশে বসবাসকারী মানুষজনের জীবন ।
সিলেটসহ বিভিন্ন স্থান থেকে একটি চক্র হাতি পোষার লাইসেন্স সংগ্রহ করে লামার বনাঞ্চলে এসব হাতি ছেড়ে দিয়েছে। চক্রটি দুর্গম বনাঞ্চলের গাছ কেটে সেসব বহনের কাজে হাতি ব্যবহার করছে। হাতিগুলো স্থানীয় বাসিন্দাদের ফসলের খেত ও ঘরবাড়িতে হামলা চালালেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাতি পোষার লাইসেন্সের কথা বলে পাচারকারীরা অবৈধভাবে বনাঞ্চলের আশপাশের লোকালয়ে হাতি ছেড়ে দিয়েছে। নির্দিষ্ট ঘেরের মধ্যে হাতি পোষার কথা থাকলেও তারা তা মানছে না। পাশাপাশি এসব হাতি দিয়ে বনের গাছ পাচার করা হচ্ছে।
উপজেলার সরই এলাকার কেয়াজুপাড়া বাজারে পুলিশ ও বন বিভাগের চেকপোস্টে চাঁদা দিয়ে পাচারকারীরা প্রতিনিয়ত হাতি দিয়ে অবৈধ গাছ পাচার করছে বলেও তাঁরা অভিযোগ করেন।
লুলাইন মৌজার হেডম্যান সিংপাত ম্রো ও আমতলিপাড়ার আব্দুস সবুর বলেন, লেমুপালং, লুলাইন ও ডলুছড়ি মৌজার এমন কোনো মানুষ নেই যিনি হাতির উৎপাতে ক্ষতিগ্রস্ত হননি। ম্রো আদিবাসী অধ্যুষিত এসব এলাকার বাসিন্দাদের জুম খেত ও বসতঘরে হামলা চালাচ্ছে হাতি। হাতির আক্রমণে বাগান ও খামার নষ্ট হচ্ছে। গত ২১ জুন চম্পাঝিরি এলাকার লুংথই ম্রোপাড়ায় ছাত্রাবাসে হাতি আক্রমণ করে। এতে পাঁচজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আহত হয়। এ ব্যাপারে প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে এলাকাবাসী ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
ডলুছড়ি মৌজার হেডম্যান যোহন ত্রিপুরা ও লুথই কার্বারি (পাড়া প্রধান) বলেন, ১২ থেকে ১৫টি হাতির সঙ্গে তিন মৌজার মানুষ অস্তিত্বের লড়াইয়ে লিপ্ত। প্রশাসন, পুলিশ ও বন বিভাগের কাছে এ পর্যন্ত বহুবার অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। এখন টিকে থাকার জন্য এলাকাবাসী নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হবে।
সরই ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম বলেন, ‘দীর্ঘ আট-দশ বছর ধরে বহিরাগত লোকজন লেমুপালং, লুলাইন ও ডলুছড়ি মৌজার প্রাকৃতিক বনাঞ্চলকে তাদের পোষা হাতির চারণভূমি হিসেবে ব্যবহার করছে। এ হাতিগুলো দিয়ে কাঠ পাচারকারীরা গাছ বহন করছে। এতে একদিকে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাচারকারীরা কেয়াজুপাড়া চেকপোস্টে পুলিশ ও বন বিভাগকে চাঁদা দেয় বলে শুনেছি। এ জন্য অবৈধভাবে রাখা হাতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
বন বিভাগের ডলুছড়ি রেঞ্জের কেয়াজুপাড়া বিট কর্মকর্তা আক্তার উদ্দিন বলেন, চাঁদা নেওয়ার প্রশ্নই ওঠে না। বন বিভাগ ও পুলিশের বিরুদ্ধে মিথ্যে বলা এক ধরনের নিয়মে পরিণত হয়েছে।
এ ব্যাপারে লামা বিভাগীয় বন কর্মকর্তা শাহেদ আলী বলেন, হাতির মালিক ও মাহুতদের পাওয়া যাচ্ছে না। তাই হাতিগুলোও আটক করা সম্ভব হচ্ছে না।
লামার বেশ কিছু হাতির মালিক সিলেটের বাসিন্দা আব্দুল মালেক। হাতি পোষার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ এলাকায় আমার সাতটি হাতি আছে। সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়েই আমি হাতি পালন করছি। বাংলাদেশের যেকোনো এলাকায় হাতি পালনের অনুমতি আছে আমার।’