গাছ-মা এবং
একটা আপেলগাছের নিচে খেলা করে ছোট্ট ছেলে। গাছের ডালে দোল খায়। গাছের ছায়ায় ঘুমোয়। লুকোচুরি খেলে। পরম যত্নে গাছ তাকে আপেল খেতে দেয়। দুজন দুজনকে গভীর ভালোবাসে...দিন যায়, বছর যায়। ছেলেটার বন্ধু হয়। মেয়েবন্ধু। গাছের আড়ালে দুজন গল্প করে। গাছ ঠিকই ছায়া দিয়ে ঢেকে রাখে। অতঃপর ছেলেটা লোক হয়ে যায়। গাছের কাছে আসার আর সময় নাই। অনেক দিন পর এল। গাছ খুশি হয়ে বলে, এসো, আমার সঙ্গে খেলো। ছেলের উত্তর—‘না, খেলার সময় নেই। আমার টাকার দরকার।’ গাছ বলে, ‘বাছা আমার, কী দেব তোকে? আমার আপেলগুলো পেড়ে শহরে নিয়ে বিক্রি কর। টাকা পাবি।’ ‘বাধ্য’ ছেলেটা তা-ই করে। ছেলের বাড়ি তৈরির প্রয়োজন হয়; এবার গাছ তার ডালগুলো কেটে নিতে বলে। তা-ই হলো। আবার একদিন এল। ছেলের নৌকা বানানোর দরকার। যেতে হবে বহুদূর। গাছের পরামর্শে এবার কাণ্ডটাই কেটে নিল ছেলেটা। গাছ তবু খুশি। ছেলেটার জন্য কিছু তো করা হলো।দিন যায়, বছর যায়। ছেলে এখন বুড়ো। গাছের কাছে এল একদিন। গাছের আছে শুধুই গুঁড়িটা। বলল, ‘বাছা আমার, কী দরকার? আমার যে দেওয়ার মতো কিছুই নেই!’ বুড়ো ছেলেটা বলল, ‘কিছুই চাই না, একটু জিরিয়ে নিতে চাই।’ ক্লান্ত দেহে বুড়ো ছেলে গাছের গুঁড়িতে বসল। এবং গাছ খুশি। শেল সিলবারস্টেইনের লেখা বাচ্চাদের বইটির নাম গিভিং ট্রি। হ্যাঁ, গাছটা যেন মায়ের মতো শুধু দিয়েই গেল। কী আশ্চর্য! সাদা-কালোয় ড্রয়িং আর লেখায় শেষ পৃষ্ঠায় যখন গেলাম, চোখ ঝাপসা হয়ে এল। গাছটাকে মা মনে হলো। সন্তান সন্তানই। বড় হলেও সন্তান। তারকা হলেও সন্তান। মা দিবস উপলক্ষে ছুটির দিনেতে থাকল সাত মায়ের কথা। এই মায়েদের সন্তানেরা নিজ নিজ ক্ষেত্রে সফল, খ্যাতিমান এবং গুণী। তাঁরা সবাই আমাদের চেনামুখ। তাঁদের অনেক গল্পও আমাদের জানা। কিন্তু মা নিজেই যখন বলেন তাঁর আদরের সন্তান সম্পর্কে—তার জন্ম, বেড়ে ওঠা, আর তার তারকা হয়ে ওঠার গল্প—সেই গল্প নিশ্চয়ই অন্য যেকোনো গল্পের চেয়ে বেশি আকর্ষণীয়।— সুমনা শারমীন