গাছ মাড়িয়ে সেতু পারাপার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলার মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের জয়সেনপাড়ায় সেতু নির্মিত হলেও উভয় পাশেই মাটি ভরাট করা হয়নি। ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন l প্রথম আলো
খাগড়াছড়ি জেলার মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের জয়সেনপাড়ায় সেতু নির্মিত হলেও উভয় পাশেই মাটি ভরাট করা হয়নি। ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন l প্রথম আলো

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে মানিকছড়ি-পাইন্দাপাড়া গ্রামীণ সড়কে দুটি সেতুর নির্মাণের কাজ শেষ হলেও উভয় পাশে মাটি ভরাট করা হয়নি। একটি সেতুর কাজ গত বছর এবং অন্যটির কাজ এ বছর জুনে শেষ হয়। তবে রাস্তা থেকে বিচ্ছিন্ন সেতু দুটি পারাপারের উপায় বের করেছেন পথচারীরাই। সেতুর গোড়ায় গাছ বিছিয়ে চলছে পারাপার।
মাইসছড়ি ইউনিয়নের জয়সেনপাড়ার বাসিন্দারা জানান, মানিকছড়ি-পাইন্দাপাড়া সড়কে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্থায়নে গত দুই অর্থবছরে দুটি সেতু নির্মাণ করা হয়। কাগজ–কলমে একটি সেতুর নির্মাণকাজ গত বছর এবং অপরটির কাজ এ বছরের জুনে শেষ হলেও বাস্তবে সেগুলো চলাচলের উপযোগী করা হয়নি। এ জন্য সেতুর গোড়ায় মাটি ফেলার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারেরা তা করেননি। শেষে উপায় না দেখে গাছ ফেলে চলাচলের উপায় বের করেছেন গ্রামের বাসিন্দারা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সরু কাঁচা রাস্তাটি দিয়ে চলাফেরা করছেন গ্রামের বাসিন্দারা। এই রাস্তার ওপর নির্মিত সেতু দুটির গোড়ায় পর পর গাছ ফেলে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
জয়সেনপাড়ার বাসিন্দা নালন্দা চাকমা (৪৭) জানান, মাটি ভরাটের বিষয়ে জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো কাজ হয়নি। এখন এলাকাবাসী সেতু দুটির দুই পাশে গাছ ফেলে চলাচল করছেন।
মাইসছড়ি ইউনিয়নের চেয়ারম্যান শান্তশীল চাকমা বলেন, সেতু দুটির উভয় পাশে মাটি ভরাট করা হয়নি। তাই এলাকার মানুষ সেতুর পরিপূর্ণ সুবিধা ভোগ করতে পারছেন না। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে।
মহালছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক জানান, সেতুর উভয় পাশে অবশ্যই মাটি ভরাট করতে হবে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। তিনি আরও বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের কিছু টাকা এখনো কার্যালয়ে জমা আছে। মাটি ভরাট করার পরই সেই টাকা দেওয়া হবে।