গাছতলায় পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রে​িণকক্ষে জায়গা নেই। তাই গাছতলায় পড়ছে ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম আলো
শ্রে​িণকক্ষে জায়গা নেই। তাই গাছতলায় পড়ছে ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম আলো

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় গাছতলায় পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা। এতে দুই বছর আগে অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়া এই বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ বাড়ানো না হলে বর্ষায় পাঠদান বন্ধ হয়ে যাবে বলে শিক্ষকদের আশঙ্কা।
বিদ্যালয়ের একটি বাঁশের বেড়া দিয়ে নির্মিত ও একটি পাকা ভবনে সব মিলিয়ে কক্ষ আছে মোটে পাঁচটি। এর মধ্যে একটি কক্ষ শিক্ষক মিলনায়তন ও চারটি কক্ষ ব্যবহৃত হয় শ্রেণিকক্ষ হিসেবে। ৯ মার্চ ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চারটি শ্রেণিকক্ষের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের গাছতলায়ও চলছিল পাঠদান।
শিক্ষকেরা জানান, শিশুশ্রেণি থেকে অষ্টম শ্রেণি—এই নয়টি শ্রেণির পাঠদান চলে দুই পালায়। এর পরও শ্রেণিকক্ষের অভাব রয়ে যায়। গাছতলায় পাঠদান করার পরও কিছু শিক্ষার্থীকে বাইরে বসে থাকতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীতি রঞ্জন বড়ুয়া বলেন, দুই পালায় মোট নয়টি শ্রেণির পাঠদান চলে। কিন্তু এ জন্য চারটি শ্রেণিকক্ষ পর্যাপ্ত নয়। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছতলায় পাঠদান করা হয়। ভবণ নির্মাণ অথবা সম্প্রসারণ না করলে বর্ষায় পাঠদান কঠিন হয়ে দাঁড়াবে।
সহকারী শিক্ষক মিজানুর রহমান জানান, ২০১৩ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা এবার অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ে মোট ৩০৯ জন শিক্ষার্থীর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম—এই তিন শ্রেণিতে রয়েছে ৭৮ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের অবকাঠামো সংকট তো আছেই, মেলে না সরকারি সুযোগ–সুবিধা। িবদ্যালয়ের শিক্ষার্থীরা পায় না উপবৃত্তির টাকা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আলম জানান, প্রথম দফয় জেলায় ছয়টি উপজেলায় ছয়টি প্রাথমিক বিদ্যালয় এবার অষ্টম শ্রেণিতে উন্নীত হয়েছে।
দ্বিতীয় দফায় আরও পাঁচটিকে এবারে ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। রোয়াংছড়ির ছা্ইঙ্গ্যা প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, সাত কক্ষবিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ অবিলম্বে শুরু হবে । উপবৃত্তি নিয়ে মাধ্যমিক শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।