‘গাছপাগল’ একজন কামাল
সকাল ১০টা তখন। ঘর থেকে বেরোনোর আগে ফোনটা বেজে উঠল। মুঠোফোন কানে তুলতেই ওপাশ থেকে একজন কুশল জানতে চাইলেন, তারপর আহ্বানের সুরে বলে গেলেন, ‘আজ পরিবেশ দিবস ভাই, আসুন একটি গাছ লাগাই।’
গত ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। দিনের শুরুতে মুঠোফোনে যিনি বৃক্ষরোপণের আহ্বান জানালেন, তাঁর নাম কামাল হোসেন। ৫৩ বছর বয়সী কামাল হোসেনের বাড়ি পাবনা জেলা সদরের আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামারা গ্রামে। স্নাতক পর্যন্ত পড়েছেন তিনি। এরপর কৃষিকাজকেই পেশা হিসেবে নিয়েছেন। পেশা যা–ই হোক, বৃক্ষরোপণ তাঁর ধ্যান-জ্ঞান-স্বপ্ন। ২০ বছর ধরে গাছ নিয়ে আছেন বলে অনেকে ‘গাছপাগল’ মানুষও বলে তাঁকে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে কামাল ১০টি নিমগাছ নিয়ে বাড়ি থেকে বের হন। নিজের গ্রামে একটি গাছ রোপণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর জেলা প্রশাসকের বাসভবনে একটি গাছ রোপণ করতে শহরে আসেন। মুঠোফোনে পাবনা সদর আসনের সাংসদ থেকে শুরু করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বহু মানুষকে গাছ লাগানোর আমন্ত্রণ জানান।
কামাল হোসেন জানালেন, করোনাভাইরাসের কারণে অনেকেই বিশ্ব পরিবেশ দিবসের কথা ভুলে যেতে পারেন, তাই দিবসের কথা স্মরণ করিয়ে দিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশবাসীকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে তিনি নানা পেশার মানুষকে ফোন করেছেন।
কামাল হোসেনের জন্ম ১৯৬৮ সালে। আট ভাই দুই বোনের মধ্যে তিনি বড়। ১৯৮৬ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। স্নাতক প্রথম বর্ষে ভর্তি হন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে। ১৯৮৯ সালে চূড়ান্ত পরীক্ষার আগেই তাঁর বাবা মারা যান। ছোট ভাইবোনের দায়িত্ব পড়ে তাঁর ঘাড়ে। পরীক্ষা না দিয়ে হাল ধরেন সংসারের। বাবার রেখে যাওয়া ১৫ বিঘা জমিতে চাষাবাদ শুরু করেন।
দক্ষ হাতে সংসারের দায়িত্ব পালন করা কামাল হোসেনের একদিন মনে হয়, পরিবারের জন্য তো অনেক করলেন এবার দেশের জন্য কিছু করতে হবে। ফাঁকা এক গাছের নিচে বসে এ ভাবনার সময় কানে আসে পাখির কিচিরমিচির শব্দ। মনটা ভরে ওঠে তাঁর। তখন থেকেই পাখিদের বাসস্থান ও দেশকে সবুজ করতে গাছ লাগানোর পরিকল্পনা শুরু করেন।
২০০১ সালে নিজের তিন বিঘা জমিতে গড়তে শুরু করেন নার্সারি। সেখান থেকে গাছ বিক্রির পাশাপাশি ফাঁকা জায়গা পেলেই গাছ রোপণ শুরু। প্রথমে নিজের গ্রাম গাছে গাছে সবুজ করে তোলেন। এরপর পাশের গ্রামগুলো। বর্তমানে তিনি পুরো জেলায় ঘুরে ঘুরে বৃক্ষরোপণ করছেন। ২০ বছরে ঔষধি, ফলদ, বনজসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক গাছ রোপণ করেছেন কামাল হোসেন।
গাছের প্রতি ভালোবাসার স্বীকৃতিও পেয়েছেন। ২০১৭ সালে জেলা পুলিশ ও ২০১৮ সালে জেলা প্রশাসক, বন বিভাগ ও কৃষি বিভাগ তাঁকে ‘সবুজ প্রত্যয়নপত্র’ প্রদান করেছে। বর্তমানে তিনি জেলা প্রশাসনের সবুজায়ন প্রকল্পের স্বেচ্ছাসেবক হিসেবে বিনা মূল্যে গাছ রোপণ করে যাচ্ছেন।
কামাল হোসেন বলেন, ‘এত দিন ফলদ ও বনজ বৃক্ষ বেশি রোপণ করেছি। বর্তমানে পাখিদের জন্য উপযুক্ত বট, পাকুড়, কৃষ্ণচূড়া, সোনালু ও জারুলগাছ রোপণ করছি। এসব গাছ যেমন প্রকৃতিকে সবুজময় করে, ছায়া দেয়, তেমনই ফুলে ফুলে নান্দনিক পরিবেশ তৈরি করে।’
তাঁর এই কাজে তাঁর ছোট ছেলে সহযোগিতা করছেন। অন্যদিকে নিজের নার্সারি দেখাশোনার জন্য পাঁচজন কর্মচারী নিয়োগ দিয়েছেন।
কামাল হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও পৃথিবীকে শীতল রাখতে গাছের কোনো বিকল্প নেই। মানুষ প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতি মানুষকে ভালোবাসবে। যত দিন বাঁচব গাছ লাগাব।’