গাছবাড়িয়া সরকারি কলেজে ১৮ শিক্ষকের পদ খালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের ৪২ জন শিক্ষকের মধ্যে ১৮ জনের পদই খালি। দীর্ঘদিন ধরে শিক্ষক-সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।এ ছাড়া কলেজে মিলনায়তন নেই, নেই শহীদ মিনার। পানির অভাবেও শিক্ষার্থীদের প্রায় সময় দুর্ভোগ পোহাতে হয়। কলেজ সূত্রে জানা যায়, কলেজে বর্তমানে বিভিন্ন বিভাগে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছেন। শিক্ষকের পদ রয়েছে ৪২টি। এর মধ্যে ১৮ শিক্ষকের পদই দীর্ঘদিন ধরে শূন্য। শূন্য পদগুলো হচ্ছে—বাংলা বিভাগে দুজন, ইংরেজিতে দুজন, ইসলামের ইতিহাসে তিনজন, দর্শনে তিনজন, রাষ্ট্রবিজ্ঞানে তিনজন, অর্থনীতিতে দুজন, রসায়ন বিভাগে দুজন ও শরীরচর্চায় একজন। এ ছাড়া একজন গ্রন্থাগারিক ও চারজন প্রদর্শকের পদও খালি। দীর্ঘদিন ধরে এসব পদ খালি থাকায় সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। অন্য শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তাঁরা বাড়তি চাপ নিয়ে সুষ্ঠুভাবে পাঠদান করতে পারছেন না বলে সংশ্লিষ্ট একাধিক শিক্ষক জানিয়েছেন। এদিকে কলেজে শিক্ষক ও পানিসংকটসহ নানা সমস্যার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফ আহমদ ও মোহাম্মদ রোকন চৌধুরী বলেন, ‘সরকারি কলেজে ভর্তি হয়েছি পড়াশোনার মানোন্নয়নের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক না থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ কলেজের অধ্যক্ষ আবদুস সোবহান শিক্ষক, মিলনায়তন ও পানিসংকটের কথা স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানিসংকট নিরসন ও কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।