গাছের গায়ে পল্লী বিদ্যুতের কোপ

কোনো গাছের মাথা থেকে, আবার কোনোটির মাঝের অংশ থেকে কাটা হয়েছে। সড়কের ধারে সারি সারি মেহগনি, শিলকড়ই, শিশু, একাশিয়াসহ নানা জাতের গাছের ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চেয়ারম্যান ঘাটায় গিয়ে এই দৃশ্য চোখে পড়ে। গাছের ওপর এমন দায়ের কোপ চালাচ্ছে আনোয়ারার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সম্প্রতি স্থাপিত একটি উপকেন্দ্রের জন্য ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন তার টানতে গিয়েই কাটা হচ্ছে গাছগাছালির মাথা। আর এ জন্য এই সড়কের আড়াই কিলোমিটার এলাকার প্রায় ৫০০ গাছের ওপর পড়ছে দায়ের আঘাত। পল্লী বিদ্যুতের খুঁটিগুলোর অবস্থান সড়ক ঘেঁষে হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় একটি উপকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ জন্য পটিয়া-আনোয়ারার-বাঁশখালী (পিএবি) সড়কের কালা বিবির দিঘি এলাকা থেকে বরুমচড়া রাস্তার মাথা পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়। বর্তমানে এসব খুঁটিতে বিদ্যুৎ সঞ্চালন তার টানার জন্য সড়কের পাশের গাছের মাথা কাটা হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সড়কের ১০-১২ ফুট দূরে বিদ্যুতের খুঁটি স্থাপন করলে সঞ্চালন তারের জন্য গাছের মাথা কাটতে হতো না।
সওজ সূত্র জানায়, ২০০৬ সালে তৈলার দ্বীপ সেতু নির্মাণের পর কালাবিবি দিঘি থেকে শঙ্খ নদ পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করে সওজ। ওই সময় সড়কের উভয় পাশে লাগানো বিভিন্ন প্রজাতির গাছের চারা এখন বৃক্ষে পরিণত হয়েছে। এসব গাছের ওপরই পল্লী বিদ্যুতের দায়ের কোপ পড়েছে।
গত সোমবার চোখে পড়ে, পিএবি সড়কের চেয়ারম্যান ঘাটা, মাজারগেট ও ধানপুরা রাস্তার মাথা এলাকার গাছের মাথা কাটা হয়েছে। ধানপুরা রাস্তার মাথা থেকে কালা বিবির দিঘি পর্যন্ত এলাকায় তার টানা হয়নি এখনো। ওই এলাকায় তাই গাছ কাটাও শুরু হয়নি। তবে তার টানা শুরু হলে এই এলাকার গাছও কাটা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ বিভাগ।
এ ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর আওতাধীন আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল মতিন বলেন, বিদ্যুৎ সঞ্চালন তার টানার জন্য প্রতি কিলোমিটারে ১৫-২০টি খুঁটি বসানো হয়েছে। সে হিসেবে আড়াই কিলোমিটারে ৩৫ থেকে ৪০টির মতো খুঁটি স্থাপিত হয়েছে।
আনোয়ারা পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক আবুল বাসার বলেন, ‘বিদ্যুৎ খুঁটির জন্য গাছ কাটার বিষয়টি আসলেই ভালো হচ্ছে না। বিষয়টি নিয়ে আমি মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলব।’
জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া প্রথম আলোকে বলেন, পল্লী বিদ্যুতের খুঁটিগুলো সড়ক ঘেঁষে স্থাপন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অথচ সড়কের ১০ থেকে ১২ ফুট দূরে খুঁটি স্থাপন করলে গাছ কাটতে হতো না। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎকে বলার পরও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের মহাব্যবস্থাপক মোবারক উল্লাহ প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।