গাছের নিচে আতঙ্কের বসবাস
ঘরের ছাদের কিনারে ভেঙে পড়ো পড়ো সেগুনগাছ। কোনো কোনোটির শেকড়ের মাটি আলগা হয়ে কাত হয়ে আছে। তবু কাটার উপায় নেই। জাতীয় উদ্যানের আইন অনুযায়ী বনের গাছ ভেঙে পড়লেও কাটা যাবে না। আতঙ্কে বাসিন্দাদের ঘুম হারাম হলেও বন বিভাগ নিশ্চুপ। সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগও নেই।
কাপ্তাই জাতীয় উদ্যানের ভেতর অবস্থিত ঢাকাইয়া কলোনির বেশ কিছু বাসিন্দা এখন মৃত্যুভয় সঙ্গী করেই দিন পার করছেন। তাঁদের বাড়ির ধার ঘেঁষে বিপজ্জনকভাবে হেলে আছে মৃত সেগুনগাছ। তবে বন বিভাগ বলছে, আদতে ঢাকাইয়া কলোনিই অবৈধ বসতি। তা ছাড়া জাতীয় উদ্যানের গাছ কেন, গাছের ডালও কাটা যাবে না। তবে এলাকার জনপ্রতিনিধিরা বলছেন, জাতীয় উদ্যান ঘোষিত হওয়ার আগে স্বাধীনতার পর ঢাকাইয়া কলোনিতে বসতি গড়ে উঠেছে। গত ৪৪ বছরে বন বিভাগ বাসিন্দাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেয়নি। এখন গাছ চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি তাঁদের।
রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজারের কাছে কর্ণফুলী নদীর তীরে জাতীয় উদ্যানের ভেতরে ঢাকাইয়া কলোনির অবস্থান। বনের জায়গায় গড়ে ওঠা এই বসতিতে প্রায় দেড় হাজার পরিবারের বসবাস। বাসিন্দাদের প্রায় সবাই কাপ্তাইয়ের বাইরে থেকে কাজ করতে আসা শ্রমিক। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কয়েক ফুট মাটি কেটে চলাচলের রাস্তা তৈরি হয়েছে। এতে কিছু গাছের শেকড় কাটা পড়েছে। শেকড় আলগা হয়ে পড়া গাছগুলোর চারপাশে ঘন হয়ে গড়ে উঠেছে কাঁচা ঘর। কলোনিতে এমন ১৫-২০টি ঝুঁকিপূর্ণ গাছ দেখা গেছে।
কলোনির উত্তর পাশে একটি মরা গাছের নিচেই থাকেন মো. মানিক মিঞা। তাঁর স্ত্রী রুমি আক্তার বলেন, গাছটি দু-তিন বছর এভাবে পড়ে আছে। বন বিভাগের লোকজন দেখে যাওয়ার পরও ব্যবস্থা নেননি।
১৫-২০ ফুট দূরে মো. নুরুজ্জামানের বাড়ির বাসিন্দারও আতঙ্কে বসবাস করছেন। তাঁর স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘বৃষ্টিতে মাটি নরম হয়ে যাচ্ছে। গাছটি আমাদের বাড়িসহ উপড়ে পড়তে পারে। ভয়ে আমরা রাতে ঘুমাতে পারি না।’
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৮৮২ সালে পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইয়ে প্রথম সংরক্ষিত বন ঘোষিত হয়। পরে ১৯৯৯ সালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন সেই সংরক্ষিত বনের ৫ হাজার ৪৬৪ হেক্টর এলাকাকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। ঢাকাইয়া কলোনি জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত এলাকায় পড়েছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শাহজাহান বলেন, এ গাছগুলো দুই দফায় ১৯৩৩ এবং ১৯৫৮ সালে লাগানো হয়। এসব গাছ কাটার নিয়ম নেই। ঝুঁকিপূর্ণ মনে হলে লোকজনকে সেখান থেকে সরে যেতে হবে।
তবে বন বিভাগের দর্শকের ভূমিকা মানতে পারছেন না এলাকার জনপ্রতিনিধিরা। এ ব্যাপারে কাপ্তাই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সজীবুর রহমান জানান, স্বাধীনতার পর এই বস্তি গড়ে উঠেছে। বন বিভাগ তখন বাধা দেয়নি। এখন কয়েক প্রজন্ম ধরে লোকজন এখানে বসবাস করছে। মানবিক দিক থেকে তাদের জীবনের ঝুঁকি দূর করা বন বিভাগের দায়িত্ব।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলম বলেন, ঢাকাইয়া কলোনির ঝুঁকিপূর্ণ গাছ নিয়ে জেলা আইনশৃঙ্খলা সভায় অনেকবার বলেছি। পদক্ষেপ না নিলে গাছ ভেঙে মৃত্যুর ঘটনা ঘটবে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সালাহ উদ্দিন বলেন, জাতীয় উদ্যানের গাছ কাটতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রয়োজন। আইন অনুযায়ী জাতীয় উদ্যানের গাছের ডাল ভেঙে পড়লে সেই অবস্থায় থাকবে, কাটা যাবে না।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ‘বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়নি। গাছ কাটার বিষয়ে আমরা বিস্তারিত লিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তারপর সিদ্ধান্ত হবে।’