
‘সেতুটি এমনিতে সরু। একসঙ্গে দুই পাশের গাড়ি চলতে পারে না। এখন সেতুর সঙ্গে সড়কের সংযোগস্থলে বিছানো পাটাতন ভেঙে যাচ্ছে। গাড়ি উঠলে সেতু কাঁপে। আল্লাহ আল্লাহ করে সেতুটি পার হই।’ কথাগুলো বলছিলেন রামগড়-করেরহাট সড়কের মিনিবাসচালক মো. আজম উদ্দিন (৩৪)।
এই সেতুর অবস্থান রামগড়-করেরহাট সড়কের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের বাগান বাজার উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকায়। মেয়াদোত্তীর্ণ সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সেতুর গোড়ায় ‘ঝুঁকিপূর্ণ সরু সেতু’ নির্দেশনা ফলক লাগিয়ে দায় সেরেছে। আর কোনো ব্যবস্থা নেয়নি।
সরেজমিনে দেখা গেছে, সেতুর সঙ্গে সড়কের সংযোগস্থলে পাটাতন ভেঙে গেছে। দেবে গেছে পূর্ব পাশের কিছু অংশ। গাড়ি উঠলে সেতুটি কাঁপে। এ ছাড়া গাড়ি চলাচল করছে এক পাশ দিয়ে। এ সময় অন্য পাশের গাড়ি আটকে সৃষ্টি হচ্ছে যানজট।
ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার জানান, ওই সেতুতে গত মাসেই দুটি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গত ৩১ আগস্ট একটি যাত্রীবাহী অটোরিকশা আরেকটি গাড়িকে জায়গা দিতে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে এক ব্যক্তি নিহত অপর তিন যাত্রী আহত হন। এ ছাড়া গত ১২ আগস্ট সেতুর অভিমুখে একটি মিনিবাস পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মিনিবাসের ১৩ যাত্রী আহত হন। তঁাদের রামগড় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
থানা সূত্র জানায়, সড়কটি দিয়ে প্রতিদিন দূরপাল্লার অন্তত পাঁচ হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে। বৃহত্তর চট্টগ্রামের খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের সঙ্গে যোগাযোগের এটিই অন্যতম সড়ক।
ওই সড়কে চলাচলকারী হেয়াঁকো বাজারের ব্যবসায়ী মুহাম্মদ ইয়াছিন মাহমুদ (২৩) বলেন, সরু সেতুটি দ্রুত সংস্কার করে আরেকটি নতুন সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লেয়াকত আলী বলেন, এখানে একটি বিকল্প সেতু নির্মাণ করা দরকার। এই সেতুটি নড়বড়ে হয়ে গেছে। এটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।
এ ব্যাপারে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী মো. রাশেদুল আলম বলেন, বাগান বাজার এলাকার সেতুটি মেয়াদোত্তীর্ণ। এখানে নতুন সেতু নির্মাণ করা হবে। তিনি আরও জানান, রামগড়-করেরহাট ৩৭ কিলোমিটার সড়কের সবকটি সেতু জাপানের অর্থ সহায়তাকারী সংস্থা—জাইকার অর্থায়নে নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তার আগেই সংস্কারের প্রয়োজন হলে সেতুটির সংস্কার করা হবে। আপাতত দুর্ঘটনা এড়াতে ‘ঝুঁকিপূর্ণ সরু সেতু’ লেখা নির্দেশনা ফলক লাগানো হয়েছে।