গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন শুরু হয়ে গেছে বিসিএস ৩৫তম লিখিত পরীক্ষার প্রস্তুতি। আর এই প্রস্তুতির নানা দিক নিয়ে ধারাবাহিকভাবে পরামর্শ দিচ্ছেন ৩০তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী সুশান্ত পাল। এ পর্বে প্রকাশিত হলো গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা নিয়ে।

গাণিতিক যুক্তি: ১২টি প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো ১০টির উত্তর দিতে হবে। যেকোনো তিনটি গাইড বই কিনে ফেলুন। প্রতি রাতে কিছু না কিছু অঙ্ক অনুশীলন না করে ঘুমাবেন না। শর্টকাটে অঙ্ক করবেন না, প্রতিটি স্টেপ বিস্তারিতভাবে দেখাবেন। কোনো সাইড নোট, প্রাসঙ্গিক তথ্য যেন কিছুতেই বাদ না যায়। ছোটখাটো কিছু বিষয়ের দিকে খেয়াল রাখবেন। এই যেমন সাইড নোট লেখার সময় তৃতীয় বন্ধনীর আগে একটা সেমিকোলন দেওয়া। অঙ্কের প্রস্তুতি ঠিকমতো নিলে এ বিষয়ে ৫০-এর মধ্যে ৪৯ পাওয়া খুব কঠিন নয়। আপনি যদি ১ নম্বর কম পান, তবে আপনি হবেন বিরলতম পরীক্ষার্থীদের একজন। একটু বুঝেশুনে পড়লে অঙ্কে পুরো নম্বর পেতে সায়েন্সের স্টুডেন্ট হতে হয় না।
সরল: আগের বছরের প্রশ্ন, গাইড বই। সরলের সমাধান করবেন সবার শেষে।
বীজগাণিতিক সমস্যা, পরিমিতি, ত্রিকোণমিতি: আগের বছরের প্রশ্ন, গাইড বই। চাইলে নবম-দশম শ্রেণির সাধারণ গণিতের সংশ্লিষ্ট অধ্যায়টি সমাধান করে নিতে পারেন।
ঐকিক নিয়ম, গড়, শতকরা, সুদকষা, লসাগু, গসাগু, অনুপাত ও সমানুপাত, লাভ-ক্ষতি, রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্তসংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, অনুসিদ্ধান্তসমূহ: আগের বছরের প্রশ্ন, গাইড বই
সূচক ও লগারিদম, সমান্তর ও জ্যামিতিক প্রগমন, স্থানাঙ্ক জ্যামিতি, সেটতত্ত্ব, ভেনচিত্র, সংখ্যাতত্ত্ব: গাইড বই এবং নবম-দশম শ্রেণির সাধারণ গণিতের সংশ্লিষ্ট অধ্যায়
বিন্যাস ও সমাবেশ: গাইড বই, একাদশ শ্রেণির বীজগণিতের সংশ্লিষ্ট অধ্যায়
সম্ভাবনা: গাইড বই, দ্বাদশ শ্রেণির বিচ্ছিন্ন গণিতের সংশ্লিষ্ট অধ্যায়
মানসিক দক্ষতা: এ অংশের প্রশ্নগুলো একটু ট্রিকি হওয়ারই কথা। মাথা ঠান্ডা রেখে, ভালোভাবে প্রশ্ন পড়ে, পূর্ণ মনোযোগ দিয়ে উত্তর করতে হবে। এ অংশের প্রশ্ন হবে সহজ, এতটাই সহজ যে কঠিনের চেয়েও কঠিন। তিন-চার সেট গাইড বই কিনুন, সঙ্গে তিন-চারটা আইকিউ টেস্টের বই। এ অংশে ফুল মার্কস পাবেন না, এটা মাথায় রেখে প্রস্তুতি নিন।
ভারবাল রিজনিং: কিছু ঘোরানো কথাবার্তা দিয়ে একটা প্রশ্ন দেওয়া থাকবে। ইতিহাস, ভূগোল, সাহিত্য, বিজ্ঞান কিংবা অন্য যেকোনো বিষয়সম্পর্কিত একটা স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে, যেটা পড়ে বের করতে হবে ওই স্টেটমেন্টের কোন অংশটা মিসিং। এ ক্ষেত্রে কমনসেন্স, গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ স্কিল কাজে লাগবে।
অ্যাবস্ট্রাক্ট রিজনিং: কিছু ডায়াগ্রাম দেওয়া থাকবে যেখানে কোনো অবজেক্ট কিংবা আইডিয়ার বদলে যাওয়ার ধরনটা ভালোভাবে খেয়াল করে ওই অবজেক্ট কিংবা আইডিয়ার পরবর্তী অবস্থানটা দেখাতে বলা হবে।
স্পেস রিলেশনস: একটা অবজেক্ট বিভিন্ন দিকে সরে গেলে কিংবা অবস্থান বদলালে সেটির মাঝামাঝি কিংবা শেষ অবস্থানসম্পর্কিত কিংবা বিভিন্ন উদাহরণ দিয়ে সেগুলোতে লেটার কিংবা নাম্বারের অবস্থানসম্পর্কিত কোয়ালিটেটিভ কিংবা কোয়ানটিটেটিভ প্রশ্ন হতে পারে।
নিউমারিক্যাল অ্যাবিলিটি: এটি মূলত ম্যাথস, তবে একটু ভিন্ন ধাঁচের। এতে কোনো সিরিজে/ ছকে/ ডায়াগ্রামে মিসিং নাম্বার বের করতে হবে। এটি করার জন্য কিছু সিম্পল ম্যাথস আর কমনসেন্স কাজে লাগবে।
মেকানিক্যাল রিজনিং: কিছু ছবি কিংবা ডায়াগ্রাম দেওয়া থাকবে। সেগুলো সম্পর্কিত কিছু কথা লিখে প্রশ্ন করা হবে। প্রশ্ন দুধরনের হতে পারে: মাথায় করা যায় এ রকম সিম্পল ম্যাথস কিংবা ডায়াগ্রামগুলোর বিভিন্ন অবস্থান কল্পনা করে উত্তর দেওয়া যায় এ রকম।
গাইড বই, আইকিউ টেস্টের বই, আর গুগলে ইংরেজিতে ‘ভারবাল/ অ্যাবস্ট্রাক্ট/ মেকানিক্যাল রিজনিং/ স্পেস রিলেশনস/ নিউমারিক্যাল অ্যাবিলিটি প্র্যাকটিস’ কিংবা ‘ভারবাল/ অ্যাবস্ট্রাক্ট/ মেকানিক্যাল রিজনিং/ স্পেস রিলেশনস/ নিউমারিক্যাল অ্যাবিলিটি টেস্ট’ লিখে সার্চ করে বিভিন্ন সাইটে ঢুকে নিয়মিত সমাধান করুন। এ অংশে প্রশ্ন ‘কমন’ আসার কথা নয়, তাই ভালো করতে হলে অনেক বেশি প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই।
স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ: ভুল বানানে, ভুল ব্যাকরণে, ভুল যতিচিহ্নে কিছু শব্দ কিংবা বাক্য দেওয়া থাকবে। সেগুলোকে ঠিক করতে হবে। কিংবা কিছু এলোমেলো বর্ণ কিংবা শব্দ ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ কিংবা বাক্য গঠন করতে হবে। ইংলিশ গ্রামারের প্রস্তুতি এখানেও কাজে লাগবে। গাইড বই, আইকিউ টেস্টের বই এবং অনলাইনে বিভিন্ন টেস্ট নিয়মিত দিলে কাজে লাগবে।