গাদ্দাফি ও তাঁর লিবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৪২ বছর ধরে লিবিয়ার ক্ষমতায় রয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। আরব বিশ্ব ও গোটা আফ্রিকাতেই তিনি এখন সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা নেতা। ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর রক্তপাতহীন এক অভ্যুত্থানে রাজা প্রথম ইদ্রিসকে উৎখাত করে ক্ষমতায় আসেন ২৭ বছর বয়সী গাদ্দাফি। ব্যক্তিগত নানা বিষয়ের পাশাপাশি তাঁর রাজনৈতিক দক্ষতার বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচিত। কুশলী রাজনৈতিক তৎপরতার মাধ্যমেই দেশকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্ত করতে পেরেছেন তিনি। তবে পর্যবেক্ষকদের অনেকে এর জন্য অনেকখানি কৃতিত্ব দেন তাঁর ‘উদারপন্থী’ ছেলে সাইফ আল ইসলামকে। কয়েক মাস চেষ্টার পর নাকি তিনি বাবাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে পাশ্চাত্যের সঙ্গে বিবাদ জিইয়ে রেখে ক্ষতি ছাড়া লাভ নেই। লিবিয়া বিশেষজ্ঞ সা’দ দিয়েবারের মতে, ‘গাদ্দাফি কৌশল, আচরণ ও চালচলনের দিক থেকে একেবারেই অনন্য।’ ১৯৪২ সালে সারতের কাছে মরুভূমিতে জন্ম গাদ্দাফির। তারুণ্যে তিনি মিসরে আরব জাতীয়তাবাদী নেতা গামাল আবদুল নাসেরের ভক্ত ছিলেন। ১৯৫৬ সালের সুয়েজ সংকটের সময় গাদ্দাফি ইসরায়েলবিরোধী মিছিল-সমাবেশে যোগ দেন। সামরিক একাডেমিতে পড়ার সময় প্রথম রাজাকে উৎখাতের পরিকল্পনা করেন তিনি। পরে ব্রিটেনে সামরিক প্রশিক্ষণ নেন। ক্ষমতায় আসার পর ১৯৭৭ সালে ‘জামাহিরিয়া’ বা ‘জনগণের রাষ্ট্র’ নামে এক পদ্ধতি চালু করেন গাদ্দাফি। এর অর্থ হচ্ছে দেশজুড়ে গঠিত হাজার হাজার ‘জনগণের কমিটি’র কাছেই থাকবে দেশের ক্ষমতা। কাগজে-কলমে গাদ্দাফির নিজের কোনো পদ নেই। তিনি পরিচয় দেন ‘বিপ্লবের নেতা’ হিসেবে। সত্তরের দশকে তাঁর লেখা ‘সবুজ বই’তে সমাজতন্ত্র ও পুঁজিবাদ উভয়ের বিকল্প হিসেবে স্বদেশী এক তত্ত্বের কথা প্রচার করেন গাদ্দাফি। এর মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি আছে ইসলামের কিছু দিক। প্রাসাদের চেয়ে তাঁবু বা সেনা ব্যারাকে থাকতেই স্বচ্ছন্দ বোধ করেন গাদ্দাফি। ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্র তাঁকে হত্যা করতে ত্রিপোলির বাব আল আজিজা ব্যারাকে বিমান হামলা করেছিল। সে বছরই এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাঁকে আখ্যা দিয়েছিলেন ‘মধ্যপ্রাচ্যের পাগলা কুত্তা’।গণমাধ্যমের ওপর কড়া বিধিনিষেধের কারণে দেশটির প্রকৃত চিত্র কখনোই বহির্বিশ্বে সেভাবে প্রকাশ পায় না। উন্নতমানের খনিজ তেলসমৃদ্ধ লিবিয়ার জনগণের একটি অংশের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে বেশ ভালো। কিন্তু তেলের টাকার সুফল দেশের সব মানুষের কাছে পৌঁছেনি বলে এখনো এক-তৃতীয়াংশ লিবীয় দরিদ্র। আর্থিক সমস্যার সঙ্গে রাজনৈতিক অধিকারহীনতা দিনে দিনে জনমনে অসন্তোষ ধূমায়িত করেছে। বিনা মূল্যের উন্নত স্বাস্থ্যসেবাসহ কিছু সরকারি সেবার জন্য মানুষ কুলিয়ে উঠতে পারছে। কম বেতনের জন্য অনেক লিবীয়কেই দুটি চাকরি করতে হয় সংসার চালানোর জন্য।