গাদ্দাফির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করতে চাইছে লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে। আইসিসির প্রধান কৌঁসুলি লুইস মোরেনো-ওকামপাওয়ের এ ঘোষণা দিয়েছেন অতিসম্প্রতি। ঘোষণাটি এল খুবই তাৎপর্যপূর্ণ একসময়ে।লুইস মোরেনো-ওকামপাওয়ের এমন সময় কথাটি বললেন যখন গাদ্দাফিকে কাবু করতে দুই মাস ধরে ন্যাটোর বোমা হামলার পরও সেখানে বিরাজ করছে এক অস্বস্তিকর অচলাবস্থা। কিন্তু আইসিসির এই আইনি পদক্ষেপ এ অচলাবস্থার অবসান ঘটাতে সহায়তা করবে—এ নিয়ে আশাবাদ সামান্যই।আইসিসির ঘোষণার পর এ অভিযোগ উঠেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বেছে বেছে বিচার করছে। সমালোচকদের প্রশ্ন—আইসিসি কেন সিরিয়া, বাহরাইন ও ইয়েমেনের ক্ষেত্রেও একই ধরনের তদন্ত করছে না। সেখানকার সরকারি বাহিনীও বিক্ষোভকারীদের দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।আইসিসির আর্জেন্টাইন কৌঁসুলি লুইস মোরেনো-ওকামপাওয়ের বলেছেন, কর্নেল গাদ্দাফি ব্যক্তিগতভাবে নিরস্ত্র বেসামরিক জনগণের ওপর হামলার নির্দেশ দিয়েছেন—এ সম্পর্কে তাঁদের কাছে প্রত্যক্ষদর্শীদের দেওয়া প্রমাণ ও নথিপত্র রয়েছে।একই অভিযোগে গাদ্দাফির গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ সানুসির গ্রেপ্তারও চেয়েছেন কৌঁসুলিরা।এই মামলার রাজনৈতিক প্রভাব খুব গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।পশ্চিমা সরকার ও লিবিয়ার বিদ্রোহী নেতারা আশা করছেন, গ্রেপ্তারের আশঙ্কা গাদ্দাফিকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। আইসিসির পরোয়ানার তালিকায় নিজেদের নাম ওঠার আগে কর্নেল গাদ্দাফির অনেক সমর্থক স্বপক্ষ ত্যাগ করবেন বলেও তাঁরা আশা করছেন।দি হেগ-ভিত্তিক এই আদালতের তিন বিচারক যদি কর্নেল গাদ্দাফির বিরুদ্ধে শেষ পর্যন্ত সত্যিই গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করেন, তবে তা হবে দ্বিতীয় কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দারফুর গণহত্যার অভিযোগে তিন বছর আগে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করেছিল আইসিসি।তবে এই আদালতের কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই। পরোয়ানা জারির পরও ওমর আল-বশির আফ্রিকার বেশ কয়েকটি দেশ সফর করেছেন যে দেশগুলো তখনো আইসিসিকে স্বীকৃতি দেয়নি। বিশ্লেষকেরা মনে করছেন, একই ঘটনা ঘটতে পারে গাদ্দাফির ক্ষেত্রেও।লিবিয়ার কর্মকর্তারা অবশ্য এই আদালতকে নাকচ করে দিয়েছেন। এমনকি আইসিসির কৌঁসুলির ঘোষণার আগেই তাঁরা এই আদালতকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়েছেন।লিবিয়ার কর্মকর্তারা ‘ইউরোপীয়দের সৃষ্টি’ হিসাবে বর্ণনা করে এই আদালতকে উপহাস করছেন। তাঁদের বক্তব্য, আইসিসি শুধু আফ্রিকার নেতা ও কর্মকর্তাদের পিছু লেগে আছে।আইসিসি আগেও এ ধরনের সমালোচনার মুখোমুখি হয়েছে। আদালতটির ওয়েবসাইট ঘাঁটলেও দেখা যাবে, বর্তমানে এটি যেসব মামলা নিয়ে কাজ করছে, তার সবই আফ্রিকার বিভিন্ন দেশ-সম্পর্কিত।৪০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা গাদ্দাফিকে গ্রেপ্তারের অনুরোধকে স্বাগত জানালেও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দ্বিমুখী নীতি অনুসরণ হচ্ছে কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের অন্য স্থানেও ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।গাদ্দাফির বাহিনীর হাত থেকে সে দেশের বিরোধীদের রক্ষার ঘোষিত উদ্দেশ্য নিয়ে লিবিয়ায় বোমা হামলা শুরু করেছিল পশ্চিমী বাহিনী। তবে এ নিয়ে ক্রমশই প্রশ্নের মুখে পড়ছে এখন নেতৃত্ব দেওয়া ন্যাটো। বিমান হামলায় বিচ্ছিন্ন কিছু ক্ষয়ক্ষতি দেখা গেলেও তা গাদ্দাফির বড় কোনো ক্ষতি করতে পেরেছে বলে মনে হচ্ছে না। এই অবস্থায় অনেক পশ্চিমা কর্মকর্তার আশা, এ ক্ষেত্রে আইসিসির সংশ্লিষ্টতা অচলাবস্থা কাটাতে সহায়তা করতে পারে।আদালতের কৌঁসুলিদের কার্যালয় থেকে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক লিবীয় কর্মকর্তারা তাঁদের ফোন করে তদন্তের জন্য প্রমাণাদি দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। নিজেদের বিরুদ্ধে তদন্ত এড়ানো কিংবা পক্ষ ত্যাগের প্রস্তুতি হিসেবে সম্ভবত এই কাজ করছেন তাঁরা। তবে আদালত বিষয়টিকে জটিল করে তুলতে পারেন বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। দাউদ ইসলাম, বিবিসি থেকে