ওদুম্বে প্রতিদিন সকালে পিঠের ওপর পানির ট্যাংক চাপিয়ে তার মনিবের সঙ্গে নাইরোবি শহরে যায়। ওদুম্বের মনিব ওনগাটা কেনিয়ার রোংগাইয়ের বাসিন্দা। তাঁর কাজ হলো রাজধানী নাইরোবির লোকদের ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া। ওদুম্বে নাইরোবি পৌঁছে পানির ভারটা পিঠ থেকে নামিয়ে একটু জিরোয়, তারপর মনিবের সঙ্গে রাস্তার পাশে বসে কিছুক্ষণ ক্রিকেট খেলা দেখে। মনিবের মতো সে-ও ক্রিকেটপাগল। ওর এই পাগলামি বুঝতে পেরে মনিব কেনিয়ার বিখ্যাত খেলোয়াড় মরিস ওদুম্বের নামে তাঁর নাম রেখেছিলেন।
মনিব তাঁর কাজকর্মে ব্যস্ত হয়ে গেলে ওদুম্বে উদাস হয়ে ঘুরে বেড়ায় রাজধানীর পথে পথে। তারপর বিকেলে মনিব ওর পিঠে নাইরোবি থেকে বাজার করা আনাজপাতি চাপিয়ে দুলকি চালে ঘরে ফিরে আসে। এ সময় কান্দিসি নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদুম্বে মনের সুখে গান ধরে। ওর মনিবের কানে সেই গানের শব্দ বজ্রপাতের মতো মনে হয়। মনিব কানে হাত চাপা দিয়ে মনে মনে বলে, ‘ব্যাটা গাধা, গাধাই থেকে যাবি সারা জীবন! নাইরোবির মেট্রোপলিটন এলাকার বাইরে এই কষ্টকর ট্রেইল ধরে হেঁটে চলার সময় চিত্কার করা একমাত্র তোর মতো গাধার পক্ষেই সম্ভব!’
ওদুম্বে প্রতিদিন সকালে মনিবের সঙ্গে বের হওয়ার আগে ফেসবুকে খানিকক্ষণ সময় কাটায়। সেদিন হঠাৎ ইনবক্সে একটা মেসেজ আসার শব্দে চমকে ওঠে ওদুম্বে। সে একটা নিরীহ গাধা, কে তাকে নক করল?
ওদুম্বে অবাক হয়ে খেয়াল করল, তার মতোই দেখতে একটা গাধা ইনবক্সে ‘হাই’ বলেছে। খানিকক্ষণ স্থির হয়ে বসে থাকল সে। তারপর সেই অচেনা গাধার প্রোফাইলে ঢুকে দেখল, গাধাটা সুদূর এশিয়ার বাংলাদেশে থাকে। ওদুম্বে বিস্ময়ে বাক্রুদ্ধ হয়ে গেল।
ওদুম্বের হঠাৎ মনে পড়ল, ওর দাদু একবার গল্পচ্ছলে বলেছিলেন, তাদের বংশের এক জ্ঞানী পূর্বপুরুষ ভাস্কো দা গামার সঙ্গে জাহাজে চড়ে আটলান্টিক পাড়ি দিয়েছিল। তারপর ভাস্কো দা গামার পিছু পিছু ভারতীয় উপমহাদেশে পা রেখে উজ্জ্বল করেছিল বংশের নাম। আফ্রিকা থেকে এশিয়া মহাদেশে চলে যাওয়ার মতো রোমাঞ্চকর একটা কাজ করায় কেনিয়ায় তাদের বংশকে অত্যন্ত তমিজের সঙ্গে দেখা হয়।
সেই পূর্বপুরুষের মতো ওদুম্বের মধ্যেও খানিকটা জ্ঞানী ভাব আছে। সে ইনবক্সে এশিয়ার গাধাটার কাছে জানতে চায়, ‘তুমি এখন কোথায় অবস্থান করছ?’
এশিয়ার গাধাটা সঙ্গে সঙ্গে জবাব দেয়, ‘আমি ভূরুঙ্গামারীতে আছি।’
ওদুম্বে ভূরুঙ্গামারীর গাধাটার প্রোফাইল ছবি পুঙ্খানুপুঙ্খরূপে পরখ করে নিশ্চিত হয়, এটা তার জ্ঞাতি ভাই। অনেক বছর আগে যার পূর্বপুরুষ ভাস্কো দা গামার সফরসঙ্গী হয়েছিল।
ওদুম্বে তখনই ভূরুঙ্গামারীর গাধাকে তার বন্ধুতালিকায় যুক্ত করে নেয়। তারপর অত্যন্ত আগ্রহ নিয়ে নতুন বন্ধুর প্রোফাইল ঘাঁটতে থাকে। একসময় আবিষ্কার করে, এশিয়া মহাদেশে অবস্থান করা তার বন্ধুটি কী সুখেই না দিন কাটাচ্ছে! সে মাত্র কিছুক্ষণ আগেই তার একটি প্রমাণ সাইজের ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লিখেছে, ‘বন্দুদের সাথে গুরতে গিয়ে একটি সেলপি।’ তার আগের দিন রাতে সে লোভনীয় সব খাবারের ছবি সামনে রেখে ছবি তুলে পোস্ট করেছে, আর ক্যাপশন লিখেছে, ‘বন্দুদের সাথে লাঞ্চ করতে গিয়ে সেলপি।’
ওদুম্বে যত দেখে তত বিস্মিত হয়। সে কাঠফাটা গরমের মধ্যে নাইরোবির রাস্তায় রাস্তায় পানির ট্যাংক নিয়ে ঘুরে বেড়ায়। কখনো কখনো মনিবের খুব দরকার পড়লে তাঁকে মরুভূমি পর্যন্ত পাড়ি দিতে হয়। এমনকি একবার তাকে সুউচ্চ কিলিমানজারোতে পর্যন্ত উঠতে হয়েছিল। তা ছাড়া আফ্রিকার শক্ত ট্রেইলগুলো তো আছেই। এসব রাস্তায় হাঁটতে হাঁটতে তার পায়ের অবস্থা দফারফা হওয়ার জোগাড়। অন্যদিকে পৃথিবীর অপর প্রান্তে তার এক জাতভাই কী সুখে খেয়েদেয়ে কলকলাচ্ছে!
সে সামনের বাঁ পা দিয়ে বুক চেপে ধরে ইনবক্সে জিজ্ঞেস করে, ‘তোমাদের ওদিকে দিনকাল কেমন কাটছে?’
সঙ্গে সঙ্গে জবাব আসে, ‘কুব বালো বন্দু। আমরা কুব বালো আছি। এখানে মানুষ আমাদের সাথে অত্যন্ত আদব করে কথা বলে। এমনকি সুন্দরী মেয়েরা পর্যন্ত তাদের প্রেমিককে আদর করে বলে, “তুমি একটা আস্ত গাধা!”’
কথাটা শুনে ওদুম্বের আর সহ্য হলো না। সে বুক চেপে ধরে রাস্তায় উল্টে পড়ল। তারপর গোঁ গোঁ করতে করতে স্থির হয়ে গেল। কিছুক্ষণ পর মনিব হন্তদন্ত হয়ে এসে দেখেন, তাঁর গাধা চিত্পটাং হয়ে মরে পড়ে আছে। মনিব কপাল চাপড়ে রাস্তায় বসে পড়েন। এই গাধা তাঁর ব্যবসার সর্বনাশ করে গেছে।
পরদিন যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা দ্য ডাংকি স্যাংকচুয়ারি তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পাতায় জানায়, ‘গতকাল আফ্রিকার দেশ কেনিয়াতে ওদুম্বে নামক আরও একটি গাধার অকালমৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর। সর্বশেষ পাওয়া তথ্যমতে, তার হৃৎপিণ্ডের কোনো অসুখ ছিল না!’