দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় গত শুক্রবার সন্ধ্যায় নগরের রাস্তাঘাট ছিল কার্যত ফাঁকা। ভয় ও শঙ্কায় ঘর থেকেই বের হননি সাধারণ মানুষ। কিন্তু থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দেখা গেল মুদ্রার অন্য পিঠ। উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দেকে উৎসর্গ করে ‘সুর ঝরা সন্ধ্যা’ শিরোনামে আয়োজিত সংগীতানুষ্ঠানে মিলনায়তনজুড়ে তার রেশ মাত্র নেই। দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ আয়োজনে শ্রোতাদের এককভাবে সুর সাগরে ভাসিয়ে নিয়ে যান শেখ মোরশেদ আহমেদ। শুরুতেই রবীন্দ্রসংগীত। ‘আগুনের পরশমণি’ গেয়ে সুরের জাল ছড়িয়ে দেন শিল্পী। এরপর মান্না দের সেই বিখ্যাত গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ গেয়ে মাতিয়ে তোলেন মঞ্চ। দুটি গানের পর কথামালা। মঞ্চে আসেন সংগঠক এ কিউ এম সিরাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহাবউদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ও কবি অরুণ দাশগুপ্ত। তাঁরা সবাই মান্না দেকে স্মরণ করে বলেন, ‘মান্না দে তাঁর সৃষ্টিকর্মের জন্যই অমর হয়ে থাকবেন। তিনি শুধু সুরেই গান করতেন না। কোন শব্দটা কীভাবে উচ্চারণ করলে দর্শকের হূদয় ছুঁয়ে যাবে সেটিও বুঝতেন। আর তাই তাঁর গানগুলো আমাদের সহজবোধ্য মনে হয়।’ এবার আবার গান। শেখ মোরশেদ একে একে পরিবেশন করেন ‘আমি ফুল না হয়ে’, ‘সবাই তো সুখী হতে চায়’, ‘এই তো সেদিন তুমি’ ও ‘সে আমার ছোট বোন’ শিরোনামের গানগুলো। এরপর আবার কথামালার আয়োজন। মঞ্চে আসেন ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম, চিকিৎসক রওশন মোর্শেদ ও অ্যাডভোকেট কামাল উদ্দিন। আলোচনা শেষে আবার গান ধরেন শিল্পী। এবার পরিবেশন করেন আধুনিক, নজরুলসংগীত, গজল ও ভজন। গেয়ে শোনান ‘মুছে যাওয়া দিনগুলি’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘হূদয় ছিঁড়ে যদি দেখানো যেত’, ‘মুজে তুম নজরসে’, ‘রাফতা রাফতা’, ‘জিন্দেগি মে তো সবি’, ‘আহেস্তা’ আহেস্তা’, ‘আমায় নহে গো’, ‘গৃহত্যাগী’ শিরোনামের গানগুলো। সবশেষে ‘ও লাল মেরি’ গানটি পরিবেশনের মাধ্যমে শেষ হয় সুর ঝরা সন্ধ্যার এ আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিলি চৌধুরী।