গান আর কবিতায় বিজয়ের চার দশক উদ্যাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে ২১ ডিসেম্বর বন্ধুসভা আয়োজন করে বিজয় উৎসবের। দেশাত্মবোধক গান ও কবিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, ‘কথা কম বলে কাজ বেশি করে ইতিবাচক ও গঠনমূলক কাজের মধ্য দিয়ে নিজেদের পরিবর্তন করতে হবে।’ উৎসবে মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন ও এ বি এম নুরুল আমিন চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। যুদ্ধদিনের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন। শিক্ষার্থীদের শোনান সহযোদ্ধাকে হারানোর সেই দিনের কথা। নাচ, গান ও অভিনয়ে জমজমাট ছিল বিজয় উৎসবের মঞ্চ। ‘নোঙর তোল তোল’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘মাতৃভূমি মাগো তুমি’ প্রভৃতি গান মাতিয়ে রাখে শিক্ষার্থীদের। এদিকে বিজয় উৎসব উপলক্ষে আয়োজন করা হয় গান, কবিতা ও রচনা প্রতিযোগিতার। এতে অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি আদনান মান্নান বলেন, ‘দেশপ্রেম নিয়ে দেশের সংস্কৃতিকে পালন করা তরুণদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আর এখান থেকেই নিতে হবে দেশ গড়ার শপথ।’