
শুরুতে ভাষা আন্দোলনের প্রেরণাদায়ী সেই গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এরপর একে একে শিল্পীদের কণ্ঠে দেশের জয়গান, ভাষাশহীদদের আত্মত্যাগের স্মরণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয় এই সংগীতানুষ্ঠানের।
গত শনিবার সন্ধ্যায় ২১তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা একুশ’ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘বাংলা আমার-আমি বাংলার’।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘ভাষাশহীদদের আত্মদানের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলার অধিকার ফিরে পেয়েছি। ভাষাশহীদদের এ আত্মত্যাগ ভোলার নয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ভাষাশহীদদের স্মরণে এমন আয়োজন প্রশংসনীয়। এ ধরনের আয়োজন আমাদের ইতিহাসের বীরদের সম্পর্কে জানতে ও তাঁদের শ্রদ্ধা করতে শেখায়।’
২১তম ব্যাচের শিক্ষার্থী রিশিকেশ শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভাষাবিজ্ঞানী মাহবুবুল হক।
কথামালার পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে দেশাত্মবোধক গানের পাশাপাশি ছিল পঞ্চকবির গানও। গীত পরিবেশন করেন ২১ ব্যাচের শিক্ষার্থী লাকী দাশ, অরুনিমা ইসলাম, মন্দিরা চৌধুরী প্রমুখ। আধুনিক গান করেন শাহরিয়ার খালেদ। লোকগীতি ও লালনের গানে কণ্ঠ দেন সিলেটের বাউল সারওয়ার। এ ছাড়া লোকগীতি করেন প্রাক্তন শিক্ষার্থী ইকবাল হায়দার। অমর একুশের আহ্বায়ক জহিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অগ্রজ ও অনুজদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং ভাষাশহীদদের সম্মান জানাতে এ আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক পরিমণ্ডলে আমাদের একুশের করণীয় নির্ধারণ করা হবে। সবাইকে একসূত্রে গাঁথার অনুঘটক হিসেবে কাজ করে এ ধরনের আয়োজন।’