গান ও কবিতায় তিন কবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্র–নজরুল ও সুকান্ত স্মরণে উদীচীর সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন শিল্পীরা
রবীন্দ্র–নজরুল ও সুকান্ত স্মরণে উদীচীর সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন শিল্পীরা

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য—তাঁদের লেখা গান ও কবিতা বাঙালির প্রেরণার উৎস। এই তিন কবিকে গান ও কবিতায় স্মরণ করল উদীচী শিল্পগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ। ৮ আগস্ট নগরের থিয়েটার ইনস্টিটিউটের সেমিনার মিলনায়তনে আয়োজন করা স্মরণানুষ্ঠানের। সন্ধ্যা সাতটায় কথামালার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল ধর। এরপর আলোচনা করেন ওস্তাদ মিহির নন্দী। তিনি বলেন, ‘বাংলা গান আজকের দিনে যতটুকু সমৃদ্ধ, এর পেছনে এই তিনজনের অবদান। তাঁদের লেখনী শুধু বাংলা গানকে নয়, সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকেও।’
কথামালার পর সাংস্কৃতিক আয়োজন। শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে সমবেত সংগীত ‘শাওন গগনে’। এরপর ঊর্মিলা বড়ুয়া পরিবেশন করেন ‘যদি তোর ভাবনা থাকে’ গানটি। ঊর্মির গানের পর ‘আবার এসেছে আষাঢ়’ সমবেত সংগীত বর্ষার প্রতিচ্ছবি নিয়ে আসে মিলনায়তনে। ‘সোনার তরী’ কবিতাটি আবৃত্তি করেন জয়তী ঘোষ। অপর্ণা চৌধুরী গেয়ে শোনান ‘তুমি কোন কাননের ফুল’। ‘বিপুল তরঙ্গ রে’ সমবেত গানের মাধ্যমে শেষ হয় রবীন্দ্রপর্ব।
‘দোলন–চঁাপার বনে’ সমবেত সংগীতের মাধ্যমে শুরু হয় নজরুলপর্ব। ইমা বড়ুয়া পরিবেশন করেন ‘বেল ফুল এনে দাও’ গানটি। এরপর সমবেত সংগীতে ছিল ‘অম্বরে মেঘে’। অন্তরা দে পরিবেশন করেন ‘মোর ঘুম ঘোরে’ গানটি। ‘আপন পিয়াসী’ কবিতা আবৃত্তি নিয়ে আসেন সুজন ধর। ‘আমি যুগে যুগে আসি’ সমবেত সংগীতের পরিবেশনার মাধ্যমে শেষ হয় নজরুলপর্ব।
সুকান্তপর্বের আসরের শুরুতে সমবেত সংগীতে ছিল ‘বেজে উঠল কি সময়ের ঘড়ি’। রশ্মি বড়ুয়া ‘বিক্ষোভ’ কবিতাটি আবৃত্তি করেন। এরপর জয় সেন গেয়ে শোনান ‘মহামানব’ গানটি। ‘হিমালয় থেকে সুন্দরবন’—সমবেত গানের পরিবেশনায় শেষ হয় আয়োজন।