
‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ দেশাত্মবোধক এই গান স্রোতাদের সব সময় নিয়ে যায় মাটির কাছে। ৭ ডিসেম্বর সন্ধ্যায় কথা, গান ও কবিতার অর্ঘ্যে স্মরণ করা হয় এ গানের রচয়িতা পঞ্চগীতিকবির অন্যতম নক্ষত্র কবি দ্বিজেন্দ্রলাল রায়কে।
নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই স্মরণসন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চট্টগ্রাম। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
দুই পর্বে বিভক্ত এ আয়োজনের শুরুতে ছিল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চট্টগ্রামের সভাপতি অরুণ দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন ও ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।
সৈয়দ শামসুল হক বলেন, দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন বহুমাত্রিক লেখক। তবে তিনি মানুষের মনে স্থান করে নিয়েছেন হয়েছেন স্বদেশপ্রেমের গান ও নাটক রচনার মাধ্যমে।
আলোচনা সভার পর মিলি চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে ‘জননী বঙ্গভাষা’, ‘আবার তোরা মানুষ হ’, ‘বিক্রমাদিত্য সংবাদ’ শিরোনামের বেশ কয়েকটি বৃন্দ কবিতা পাঠ করেন প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের বিভিন্ন কালজয়ী গান নিয়ে মঞ্চে আসেন রক্তকরবীর সদস্যরা।
শুরুতে ছিল ‘ধনধান্য পুষ্পভরা’ ও ‘প্রলয় বাতাসে ভেসে যাব’ শিরোনামের দুটি গানের বৃন্দ পরিবেশনা। এরপর একক কণ্ঠে শিল্পীরা পরিবেশন করেন ‘সে কেন দেখা দিল রে’, ‘আমরা এমনি এসে ভেসে যাই’সহ বেশ কয়েকটি গান। সবশেষে ‘বঙ্গ আমার জননী আমার’ শিরোনামের গানটির দলীয় পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের।