গান কথা কবিতায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে গান করেন সাত্ত্বিকের শিল্পীরা
মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে গান করেন সাত্ত্বিকের শিল্পীরা

একাত্তরের ১৬ ডিসেম্বর। বাঙালির মুক্তির দিন। বীর বাঙালি ছিনিয়ে আনল স্বাধীনতা। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে লড়লেন শত্রুর বিরুদ্ধে। কেউ প্রাণ দিলেন, কেউ ফিরলেন স্বাধীন স্বদেশে। যুদ্ধকালীন সেই সময়কার ২০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানাতে ১৭ ডিসেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন সাত্ত্বিক আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠান।
বিকেল পাঁচটায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর ছিল আলোচনা সভা। ডা. আবু ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ডা. মাহফুজুর রহমান, অধ্যাপক মো. মঈনুদ্দিন, অনুপম সেন ও সরোজ কান্তি সিংহ হাজারী। আলোচনা সভা শেষে ২০ জন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন মো. নুরুল আলম, মো. জসিম উদ্দিন, মো. আলী, মুক্তারুল আলম, মো. হোসাইন, নুরুল আলম, কাজী জহুর আহমেদ, খায়রুল বাশার, আব্দুল সাত্তার, মোজাহেরুল ইসলাম, মো. ইসমাইল, ফয়েজ আহমেদ, মো. মঈনুদ্দিন, সেকান্দার মিয়া, আব্দুল সবুর, মোহাম্মদ নুরুল আলম, শেখ নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, আবুল বাশার ও শফিউল আলম। সম্মাননাপর্ব শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। শুরুতেই ‘আমি বাংলার গান গাই’ গানের সঙ্গে মঞ্চে নৃত্য পরিবেশন করেন মোহাম্মদ রাহাত। নাসরিন আক্তার আবৃত্তি করেন ‘স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হল’ কবিতাটি। এরপর শাকেরা শিমুর কণ্ঠে দেশের গান ‘এক নদী রক্ত পেরিয়ে’ মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়।
এ ছাড়া গান ও আবৃত্তি করেন নাজিফা তাজনুর, সায়মা আক্তার, ফাহিম উদ্দিন, উৎপল মল্লিক ও নুসরাত জাহান। সবশেষে সমবেত পরিবেশনা—‘পূর্ব দিগন্তে, সূর্য উঠেছে’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্জয় বিশ্বাস ও নাসরিন তমা।